সন্দীপ সরকার, কলকাতা: শুক্রবার সকালে যখন বাড়ি থেকে বেরিয়ে সাইকেলের প্যাডলে চাপ দিচ্ছিলেন অঙ্কন আইচ, তখনও কল্পনা করতে পারেননি যে, দিনের শেষে তিনি রূপকথার নায়কদের সঙ্গে একাসনে বসে পড়বেন।

হাবড়ার ২০ বছরের তরুণ কলকাতা ময়দানে আলোড়ন ফেলে দিলেন। সিএবি-র দ্বিতীয় ডিভিশন ওয়ান ডে টুর্নামেন্টে অঙ্কন খেলছেন মোহনলাল ক্লাবের হয়ে। শুক্রবার ইডেন গার্ডেন্সের ঠিক উল্টোদিকের কাস্টমস মাঠে সাউথ সুবার্বান ক্লাবের বিরুদ্ধে ইনিংস ওপেন করতে নেমে ১৩২ বলে ২৩৬ রানে অপরাজিত রইলেন অঙ্কন। স্ট্রাইক রেট ১৭৮.৭৯। ১৩টি চার ও ২৫টি ছক্কা মেরেছেন ডানহাতি ব্যাটার। যার মধ্যে ইনিংসের শেষ ওভারে ডানহাতি পেসার সোমুজিৎ সেনের এক ওভারে ৬ ছক্কা মারেন। একটি নো বল হওয়ায় ৭ বলের ওভার হয়। শেষ বলে শুধু রান হয়নি। মোহনলাল ক্লাব প্রথমে ব্যাট করে নির্ধারিত ৪৫ ওভারে তুলেছিল ৪৭৪/২। আর এক ওপেনার আয়াজ উদ্দিন সিদ্দিক ১২৯ বলে ২০৪ রান করেন। দুই ওপেনার ৩৭.২ ওভারে ৩২৮ রান যোগ করেন। জবাবে ১৭০ রানে অল আউট হয়ে যায় সাউথ সুবার্বান ক্লাব। ৩০৪ রানের বিশাল ব্য়বধানে ম্যাচ জিতেছে মোহনলাল ক্লাব।

ম্যাচের সেরা হয়েছেন অঙ্কন। কাস্টমস মাঠে দাঁড়িয়ে এবিপি লাইভ বাংলাকে তিনি বললেন, ‘আমরা তিনভাই। আমি ও অর্পণ যমজ। আর আমাদের দাদা রয়েছে। আমি ও অর্পণ দুজনই ক্রিকেট খেলি। আমি মোহনলাল ক্লাবে আর অর্পণ কলকাতা পুলিশ ক্লাবে। দাদার হাত ধরেই হাবড়ার ডিডিএমসি অ্যাকাডেমিতে ভর্তি হই দুই ভাই। কার্তিক দে স্যরের কাছে ডিউস বলে প্রশিক্ষণ নিই। তখন আমার মাত্র সাড়ে চার বছর বয়স।’

২০২০ সালে আড়িয়াদহের হয়ে ক্লাব ক্রিকেটে হাতেখড়ি। তারপর স্টার স্পোর্টিং, অবসর হয়ে গত মরশুম থেকে মোহনলালে খেলছেন অঙ্কন।  মাঝে ২০২২ সালে বাংলার অনূর্ধ্ব ১৬ প্রাথমিক দলে ছিলেন। তবে মূল দলে সুযোগ পাননি। লেগস্পিন বোলিং করতেন। ক্রিকেটের শুরুটাও স্পিনার হিসাবে। তবে বোলিংয়ে সেভাবে সাফল্য না পাওয়ায় ব্যাটিংয়ে মনোনিবেশ করেছেন। ইনিংস ওপেন করতে পছন্দ করেন। প্রিয় ক্রিকেটার? অঙ্কন বলছেন, ‘বিরাট কোহলি। আমি ও ভাই একটা ঘরেই থাকি। ঘরের দেওয়ালে কোহলির ছবি টাঙানো রয়েছে।’

 

দুই ডাবল সেঞ্চুরি করা ক্রিকেটার অঙ্কন (ডানদিকে) ও আয়াজ উদ্দিনের সঙ্গে মোহনলাল ক্লাবের কর্তা সৈকত গোস্বামী। - সন্দীপ সরকার
দুই ডাবল সেঞ্চুরি করা ক্রিকেটার অঙ্কন (ডানদিকে) ও আয়াজ উদ্দিনের সঙ্গে মোহনলাল ক্লাবের কর্তা সৈকত গোস্বামী। – সন্দীপ সরকার

বাবার ইস্পাতের রড বিক্রির দোকান। মা গৃহবধূ। দাদা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ক্রিকেট খেলায় সব সময় বাড়ির উৎসাহ, সাহায্য পেয়েছেন অঙ্কন ও অর্পণ। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে দুই ভাই-ই ফিলোজফি নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করছেন। অঙ্কন বলছিলেন, ‘কলকাতা ময়দানে খেলা থাকলে সকাল সোয়া ছটা নাগাদ বাড়ি থেকে বেরোই। কিটব্যাগ নিয়ে সাইকেল চালিয়ে হাবড়া স্টেশনে পৌঁছে সাড়ে ছটার লোকাল ট্রেন ধরেন। ট্রেনে করে দমদমে পৌঁছে মেট্রো ধরে মাঠে আসি। বা শিয়ালদহ থেকে বাসে। সব মিলিয়ে আড়াই ঘণ্টা সময় লাগে।’ দিনের শেষে ফের আড়াই ঘণ্টা পথ পেরিয়ে বাড়ি ফেরা।

স্যর গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী, হার্শেল গিবস, যুবরাজ সিংহদের মতো হাতে গোনা কয়েকজনের এক ওভারে ছয় ছক্কা মারার নজির রয়েছে। স্থানীয় ক্রিকেটে এর আগে দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায়ের মতো কেউ কেউ এই কীর্তি গড়েছেন। কখন মনে হল যে এক ওভারে ছয় ছক্কা মারবেন? অঙ্কন সরল গলায় বলল, ‘আমার ডাবল সেঞ্চুরির পর যখন শেষ ওভার ব্যাটিং করতে গেলাম, আমার ব্যাটিং পার্টনার অর্ণব ভট্টাচার্যকে বলেই দিয়েছিলাম যে, এই ওভারে ছয় বলে ছয় ছক্কা মারব। আসলে দুশো করে ফেলার পর আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলাম। সেই লক্ষ্যপূরণ করতে পেরেছি।’

আপাতত বাংলার অনূর্ধ্ব ২৩ দল ও তারপর সিনিয়র দলে জায়গা করে নিতে চান অঙ্কন। স্বপ্ন দেখেন, একদিন টিম ইন্ডিয়ার জার্সি উঠছে গায়ে। আর একের পর এক বল গ্যালারিতে উড়িয়ে চলেছেন তিনি, হাবড়ার অঙ্কন আইচ…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *