বৃন্দাবন গেলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর অনন্ত আম্বানি। শুক্রবার সেখানে গিয়ে গোবর্ধন পর্বত (গিরিরাজ ধরন নামেও পরিচিত) সম্পূর্ণ পরিক্রমা করেন তিনি। এই সফরে তিনি শ্রী গিরিরাজ জি মুখারবিন্দ মন্দিরে প্রার্থনা করেন। সেখানে তাঁকে স্বাগত জানাতে ভক্ত ও স্থানীয় বাসিন্দারা সমবেত হয়েছিলেন। ধর্মীয় এই যাত্রা শুরু করার আগে, মন্দিরে প্রভু গিরিরাজের প্রার্থনা করেন অনন্ত আম্বানি। উত্তরপ্রদেশের ব্রজ অঞ্চলে তীর্থযাত্রার একটি গুরুত্বপূর্ণ রীতি হিসেবে পবিত্র পাহাড়টিকে প্রথাগতভাবে প্রদক্ষিণ করার সময়, যাত্রাপথে ভক্তরা তাঁকে স্বাগত জানান।
দাদু-ঠাকুমার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অনন্ত আম্বানি
এই সফরের তাৎপর্য সম্পর্কে কথা বলতে গিয়ে অনন্ত জানান যে, তাঁকে এই পবিত্র তীর্থস্থানে নিয়ে আসার ক্ষেত্রে তাঁর দাদু-ঠাকুমার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি ব্রজ অঞ্চলের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান যে, তিনি তাঁর পরিবারের পক্ষ থেকেই এই তীর্থযাত্রা করছেন। অনন্ত বলেন, “আমি গিরিরাজ ধরন-এর সম্পূর্ণ পরিক্রমা করছি। প্রভু গিরিরাজ ধরন-এর চরণে উপস্থিত হতে পারাটা অত্যন্ত আনন্দের বিষয়। ব্রজভূমির মানুষের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। আমরা সবাই আজ গিরিরাজ ধরন-এর চরণে সমবেত হয়েছি। আমার দাদু-ঠাকুমার কারণেই আমি আজ এখানে আসতে পেরেছি। তাঁদের আশীর্বাদ, স্নেহ এবং দিকনির্দেশনাই আমাকে এখানে নিয়ে এসেছে। আমি যখন তাঁদের জানিয়েছিলাম যে আমি এখানে সম্পূর্ণ পরিক্রমা করতে আসছি, তখন তাঁরা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন, তাই তাঁদের পক্ষ থেকেও আমি এখানে শ্রদ্ধা নিবেদন করছি।” তাঁর মন্তব্য এই তীর্থযাত্রার নেপথ্যে থাকা পারিবারিক যোগসূত্রকে তুলে ধরেছে। অনন্ত আম্বানি তাঁর আধ্যাত্মিক যাত্রাকে রূপ দেওয়ার ক্ষেত্রে তাঁর দাদু-ঠাকুমার প্রভাব ও তাঁদের আশীর্বাদের কথা স্বীকার করেন।
পরিক্রমা পথে কৃষ্ণলীলা পরিবেশনা
পরিক্রমা পথে ব্রজ অঞ্চলের ঐতিহ্যের সঙ্গে যুক্ত বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনাও ছিল। স্থানীয় শিল্পীরা কৃষ্ণলীলার বিভিন্ন অংশ তুলে ধরেন, যেখানে ভগবান কৃষ্ণের জীবন ও লীলাখেলা ফুটিয়ে তোলা হয়। অনন্ত তাঁর পরিদর্শনের সময় এই পরিবেশনা দেখেন। এই উপস্থাপনা অঞ্চলের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন উপাদানকে তুলে ধরে। গোবর্ধন পরিক্রমা একটি সুপ্রতিষ্ঠিত ধর্মীয় ঐতিহ্য, যা পালন করেন ভক্তরা। তাঁরা ভগবান কৃষ্ণের প্রতি ভক্তির নিদর্শন হিসেবে গোবর্ধন পর্বত প্রদক্ষিণ করেন। এই তীর্থযাত্রা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের আকৃষ্ট করে।
ভারতের মঙ্গল-কামনায় প্রার্থনা অনন্তর…
তীর্থস্থানে নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অনন্ত সেখানকার আধ্যাত্মিক পরিবেশের উল্লেখ করেন এবং জানান যে, তিনি সারা দেশের মানুষের কল্যাণে প্রার্থনা করেছেন। তিনি বলেন, “এখানে আমি যা অনুভব করেছি, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এখানে ভক্তি ও আধ্যাত্মিকতার এক অনন্য পরিবেশ রয়েছে। আমি ঈশ্বরের কাছে সকলের মঙ্গল প্রার্থনা করি, আর বিশেষ করে আমাদের দেশ ভারতের বৃহত্তর কল্যাণের জন্য প্রার্থনা জানাই।” মন্দিরে তাঁর পরিদর্শন এবং সম্পূর্ণ পরিক্রমায় অংশগ্রহণ ছিল ওই অঞ্চলে তাঁর ধর্মীয় কর্মসূচির মূল অংশ।
গিরিরাজ জির সঙ্গে আম্বানি পরিবারের সম্পর্কের কথা জানালেন মন্দিরের পুরোহিত
মন্দিরের পুরোহিত গণেশও এই তীর্থস্থানের সঙ্গে আম্বানি পরিবারের সম্পর্কের কথা বলেছেন। তিনি জানান, দীর্ঘ বছর ধরে গিরিরাজ জির সঙ্গে এই পরিবারের সংযোগ বজায় রয়েছে। পুরোহিত বলেন, “অনন্ত আম্বানির গিরিরাজ দর্শন অত্যন্ত আনন্দের সঞ্চার করেছে। তাঁর বাবা-মা এবং দাদু-ঠাকুমা-সকলেরই গিরিরাজ জির সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে। তাঁরা নিয়মিতভাবে বিভিন্ন মন্দিরে পুজো-অর্চনা ও দান-ধ্যান করে থাকেন। তাঁর পরিবার উত্তরোত্তর খ্যাতি ও সমৃদ্ধি লাভ করুক-এই কামনাই করি।” পুরোহিতের এই মন্তব্যে মন্দিরের সঙ্গে আম্বানি পরিবারের দীর্ঘদিনের সম্পর্কের প্রতিফলন ঘটেছে। অনন্ত আম্বানির এই সফর তাঁর ব্যক্তিগত বিশ্বাস, পারিবারিক ঐতিহ্য এবং ব্রজ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থ-প্রথার এক মেলবন্ধন হয়ে উঠেছে।
Pradip Das | অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আসানসোলে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস
