ক্রাইস্টচার্চ: প্রথম টেস্টে ভাল পারফর্ম করেও জয় অধরাই রয়ে গিয়েছিল। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শুরুতে ১১০ রানে নিউজ়িল্যান্ডের (NZ vs IND) শেষ পাঁচ উইকেট ফেলে ভারত ভাল কামব্যাক করলেও, দিন শেষ হতে হতে বিরাট চাপে টিম ইন্ডিয়া। ব্যাটে নেমে দিনের শেষে ১১৬ রানেই ছয় উইকেট হারিয়ে ফেলেছে ভারত। ফিরে গিয়েছেন ছয় টপ অর্ডার ব্য়াটার। তবে তা সত্ত্বেও ভারতীয় স্পিন বোলিং কোচ সাইরাজ বাহুতুলে (Sairaj Bahutule) আশাবাদী যে দল ম্যাচে কামব্যাক করতে পারবে।

বাহুতুলের দাবি ম্যাচের শেষ বল পর্যন্ত কোনও ফলাফল নির্ধারিত হয় না, তবে হ্যাঁ দিনটা ভারতের জন্য বেশ হতাশাজনকই ছিল। দিনের খেলাশেষে সাংবাদিক সম্মেলনে তাঁকে বলতে শোনা যায়, ‘ম্যাচের শেষ বল হওয়ার আগে অবধি ম্যাচ নাগালের বাইরে চলে গিয়েছে বলে নির্ধারিত করা যায় না। তবে হ্যাঁ, দিনটা আমাদের জন্য হতাশাজনকই ছিল। আমরা পার্টনারশিপ তৈরি করতে পারিনি। ব্যাটারা শুরুটা করেছিল, কিন্তু তারপরে তারা কেউই সেটাকে বড় রানে রূপান্তরিত করতে পারেনি।  এই পিচে পার্টনারশিপ গড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় এবং সেই জায়গাতেই আমরা আরও ভাল করতাম। শট নির্বাচনের ক্ষেত্রে বলব  পিচের দিকে তাকিয়ে সকলেই নিজেদের মতো পরিকল্পনা করেছিল। তবে হ্যাঁ, কিছু ভুলভ্রান্তি তো হয়েইছে।’        

আরও পড়ুন:- ভারতের ব্যাটিং বিপর্যয়ের দিনেও ক্রাইস্টচার্চে সর্বকালীন ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

এই গোটা সিরিজ়েই যশপ্রীত বুমরার উপরে সকলের নজর রয়েছে। তিনিই ভারতের তুরুপের তাস। তবে প্রথম ম্যাচে প্রথম ইনিংসের পর থেকে বুমরা বোলিং নিয়েও প্রশ্ন উঠছে। এই টেস্টে তো তাঁর বোলিংয়ের গতি থেকে বোলিং অ্যাকশনে বদল, সবকিছু নিয়েই চর্চা হয়েছে। তবে উইকেট পাওয়া অধরাই রয়ে গিয়েছে। বাহুতুলে এক্ষেত্রেও বুমরার সমর্থনে দাঁড়িয়ে দাবি করেন তাঁর উইকেট না পাওয়াটা তাঁর বোলিং স্পেলের গুণমানের বিচার করে না। 

‘ও একজন অভিজ্ঞ বোলার  এবং ভারতের হয়ে ও প্রচুর ম্যাচ জিতিয়েছে। ও তো ভাল ছন্দেই বোলিংও করছে’, দাবি বাহুতুলের। পাশাপাশি তাঁর মতে বুমরা উইকেট না পেলেও, তাঁর মতো সিনিয়র ক্রিকেটারের উপস্থিতিও দলের জুনিয়রদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবার দেখার ভারতীয় দল রবিবার ক্রাইস্টচার্চে ম্যাচে কামব্যাক ঘটাতে পারে কি না। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *