ক্রাইস্টচার্চ: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান বৃত্তে তিনিই ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি। অথচ অজ্ঞাত কারণে দিনের পর দিন ভারতের একাদশে রাখা হচ্ছে না মহম্মদ সিরাজ়কে। যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দুই টেস্টেই খেলানো হয়নি হায়দরাবাদের পেসারকে। সুনীল গাওস্কর থেকে শুরু করে কপিল দেব, কিংবদন্তিরাও যে সিদ্ধান্তে অখুশি। 

তবে ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে রবিবার যা হল, তা বিতর্ক থামানোর পরিবর্তে ঘৃতাহুতি দিয়েছে। কনকাশন সাব হিসাবেও যেখানে সিরাজ়ের কথা ভাবা হল না। বরং নামিয়ে দেওয়া হল প্রথম টেস্টে নজর কাড়তে না পারা প্রসিদ্ধ কৃষ্ণকে।

আকাশ দীপের কনকাশন পরিবর্ত (Concussion Substitute) হিসেবে মহম্মদ সিরাজ়ের পরিবর্তে প্রসিদ্ধ কৃষ্ণকে বেছে নেওয়ার ভারতের সিদ্ধান্ত ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন সুনীল গাওস্করের মতো কিংবদন্তি। দ্বিতীয় ইনিংসে একটি উইকেট নিয়েছেন কৃষ্ণ। 

কাইল জেমিসন চার উইকেট নিয়ে ভারতের প্রথম ইনিংস ২৪৬ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা নেন। ধ্রুব জুড়েলের লড়াকু ৮৮ রান সত্ত্বেও ভারতকে অল আউট করে ১১০ রানের মহার্ঘ লিড পায় নিউজ়িল্যান্ড। তবে ভারতের ইনিংস শেষ হতেই বিবৃতি দিয়ে ভারতীয় বোর্ড জানায় যে, এই টেস্টে আর খেলতে পারবেন না আকাশ দীপ। রবিবার সকালে ব্যাটিং করার সময় হেলমেটে অন্তত দুটি বাউন্সারের আঘাত পান ডানহাতি পেসার। তার মধ্যেই নিউজ়িল্যান্ডের সাড়ে ছ ফুট উচ্চতার পেসার কাইল জেমিসনের বাউন্সার আকাশের হেলমেটে জোরালভাবে আছড়ে পড়ে। তাতেই চোখে ঘোলা দেখছেন আকাশ। কনকাশন টেস্ট হয় তাঁর। সেখানে সমস্যা ধরা পড়ে। আর ঝুঁকি নেয়নি ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাঁর কনকাশন সাব হিসাবে ডানহাতি পেসার প্রসিদ্ধকে দলে অন্তর্ভুক্ত করা হয়।

সিরাজ়ের কথা ভাবা হল না পরিবর্ত হিসাবেও। লম্বা স্পেলে বোলিং করা হোক, বোলারদের কঠিন পরিস্থিতিতেও প্রতিপক্ষের উপর চাপ বজায় রাখা হোক কিংবা কোনওভাবে ম্যাচে প্রভাব বিস্তার করার চেষ্টা – কোনও দায়িত্ব থেকেই সাধারণত পিছিয়ে আসেননি ৩২ বছর বয়সি এই পেসার। তা সত্ত্বেও তাঁকে উপেক্ষার শিকার হতে হচ্ছে। বারবার দল থেকে বাদ পড়ার ঘটনা ভারতের টিম ম্যআনেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

সিরাজের বাদ পড়ার বিষয়টি যে বিতর্কিত, তা পরিসংখ্যানই বলে দিচ্ছে। ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বৃত্তে ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি সিরাজ। ১১টি ম্যাচে তাঁর ঝুলিতে রয়েছে ৪৩টি উইকেট। গত বছর ইংল্যান্ডে ভারতের আগের সফরেও পাঁচটি টেস্টে ২৩টি উইকেট নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন: ৫ উইকেট পাওয়ার ম্যাচেই বিপর্যয় আকাশ দীপের, ছিটকে গেলেন টেস্ট থেকে, উদ্বিগ্ন ড্রেসিংরুম

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *