ক্রাইস্টচার্চ: ভারতের প্রথম ইনিংসে ব্যাট হাতে দুরন্ত লড়াই করল ধ্রুব জুড়েল ও গুরনূর ব্রার জুটি । নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে চলতি দ্বিতীয় টেস্টে ২৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে এই জুটি । ভারতের প্রথম ইনিংসে জুড়েল ও ব্রার ৯ম উইকেটে ১২৩ বলে ৬৪ রানের জুটি গড়েন । এই জুটির সৌজন্যে টিম ইন্ডিয়া দুশোর রানের গণ্ডি পেরিয়ে যায় । টিম ইন্ডিয়া ৮৬ ।১ ওভারে ২৪৬ রানে অল আউট হয় । ৯ম উইকেটের এই জুটি ২৭ বছর পুরনো রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও বেঙ্কটেশ প্রসাদের (Venkatesh Prasad) রেকর্ড চুরমার করে দেয় ।
জুড়েল ৭ নম্বরে ব্যাট করতে নেমে ৮৮ রান করেন । তাঁর ইনিংসে ছিল ১৪টি চার । অন্যদিকে ব্রারও দারুণভাবে তাঁর সঙ্গ দেন । ব্রার ৪৬ বলে ১টি চারের সাহায্যে ১০ রান করেন । এভাবে দু’জনের অবদানে দল মোটামুটি ভদ্রস্থ স্কোরে পৌঁছে যায় ।
ভেঙে গেল রাহুল দ্রাবিড় ও বেঙ্কটেশ প্রসাদের রেকর্ড
২৭ বছর আগে, অর্থাৎ ১৯৯৯ সালে নিউজ়িল্যান্ডের মাটিতে খেলা টেস্টে ভারতের রাহুল দ্রাবিড় ও বেঙ্কটেশ প্রসাদ ৯ম উইকেটে ৬১ রানের জুটি গড়েছিলেন । জুড়েল ও ব্রার তাঁদের ছাপিয়ে গিয়েছেন । নিউজ়িল্যান্ডের মাটিতে ভারতের হয়ে ৯ম বা ১০ম উইকেটের জন্য এটি তৃতীয় সর্বোচ্চ জুটি । তালিকায় শীর্ষে রয়েছেন সৈয়দ কিরমানি (Syed Kirmani) ও শিবলাল যাদব (Shivalal Yadav) । যাঁরা ১৯৮১ সালে ১০৫ রানের পার্টনারশিপ করেছিলেন ।
জুড়েলের নামে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড
ভারত-নিউজ়িল্যান্ড টেস্টে ৭ নম্বর বা তার নিচে নেমে ব্যাট করতে গিয়ে জুড়েল দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড নিজের নামে করে নিয়েছেন । তিনি কিরমানিকে পিছনে ফেলেছেন, যিনি ১৯৮১ সালে ৭৮ রান করেছিলেন । এই তালিকায় অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane) ১১৮ রানের ইনিংস নিয়ে শীর্ষে রয়েছেন ।
ম্যাচের পরিস্থিতি
তিন দিন শেষ হওয়ার পর নিউজ়িল্যান্ডের কাছে ২৪৩ রানের লিড রয়েছে । কিউই দল তৃতীয় দিনের সমাপ্তিতে ১৩৩/৩ রান করেছে । এর ফলে তাদের লিড দাঁড়িয়েছে ২৪৩ রানের । রাচিন রবীন্দ্র (Rachin Ravindra) ৪৬ রানে এবং ডারিল মিচেল (Daryl Mitchell) ৫ রানে অপরাজিত থেকে প্যাভিলিয়নে ফিরেছেন ।
আরও পড়ুন: ৫ উইকেট পাওয়ার ম্যাচেই বিপর্যয় আকাশ দীপের, ছিটকে গেলেন টেস্ট থেকে, উদ্বিগ্ন ড্রেসিংরুম




