নয়াদিল্লি: সীমানা পুনর্বিন্যাস বিল বা ডিলিমিটেশন বিল নিয়ে রাজনৈতিক টানাপোড়েন চরমে। বছরের গোড়ায় সংসদে বিলটি আটকে গেলেও, বছর শেষ হতে হতে হাসি চওড়া হচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের। শুধুমাত্র NDA শিবিরই নয়, বিভিন্ন আঞ্চলিক দল, এমনকি I.N.D.I.A শিবিরের বর্তমান এবং একদা শরিকরাও বিল সমর্থনের কথা জানিয়েছে। তবে এই ডিলিমিটেশন বিল নিয়ে উদ্বেগ বাড়ছে। এই বিলের মাধ্যমে চিরকাল বিজেপি-কে ক্ষমতায় রেখে দেওয়ার বন্দোবস্ত হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের। ডিলিমিটেশন কমিশনের মাথায় যাঁদের বসানোর কথা বলা হচ্ছে, তা নিয়েও উদ্বিগ্ন সকলে। কোনও রকম রাখঢাক না করেই বিজেপি এবং নরেন্দ্র মোদি সরকারকে আক্রমণ করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। ডিলিমিটেশন বিল নিয়ে যা হচ্ছ, তা Gerrymandering (জেরিম্যান্ডারিং) বলে মন্তব্য করেছেন তিনি। (Delimitation Bill Row)

ডিলিমিটেশন বিলের আওতায় সব রাজ্যের লোকসভা আসন ৫০ শতাংশ বৃদ্ধি করার কথা জানিয়েছে কেন্দ্র, যাতে মহিলা জনপ্রতিনিধিদের সংরক্ষণ বাস্তবায়িত করা যায়। তিন বছর আগেই মহিলা সংরক্ষণ বিল সর্বসম্মতিতে পাস হয়ে গিয়েছিল সংসদে। এতদিন পর মহিলা সংরক্ষণের নামে কেন্দ্র ঘুরপথে ডিলিমিটেশন কার্যকর করছে বলে অভিযোগ বিরোধীদের। পাশাপাশি, দেশের নির্বাচনী মানচিত্র এবং রাজনীতির ভারসাম্য বদলে দেওয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ। আর তাতেই Gerrymandering-এর তত্ত্ব সামনে আসছে। (What is Gerrymandering)

Gerrymandering কী?

আমেরিকার নির্বাচনী রাজনীতিতে Gerrymandering একটি সুপরিচিত শব্দ। এর অর্থ হল ইচ্ছাকৃত ভাবে নির্বাচনী মানচিত্রের সীমানা বদল, যাতে একটি দল বা একটি গোষ্ঠী লাভবান হয়। প্রতিপক্ষের তুলনায় নির্বাচনী রাজনীতিতে পাল্লা ভারী হয় তাদের। আমেরিকা এবং ভারতের মতো দেশে নিজ নিজ কেন্দ্রে জয়ী হয়ে সংসদে যান জনপ্রতিনিধিরা। এক্ষেত্রে ভোটারদের ভৌগলিক অবস্থানের গুরুত্ব অপরিসীম। সীমানা পুনর্বিন্যাসের ফলে সেই সমীকরণ বদলে যাওয়ার আশঙ্কা থাকে। 


What is Gerrymandering: ডিলিমিটেশন বিল: জেরিম্যান্ডারিং কী? সীমানা পুনর্বিন্যাসের নামে কি একটি দলকে সুবিধা করে দেওয়া? কী বলছে ইতিহাস?

সীমানা পুনর্বিন্যাসের পর এসেক্সের মানচিত্র। (https://www.masshist.org/database/1765)

আমেরিকার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট এলব্রিজ জেরির পদবী অনুসারে Gerrymandering শব্দটির প্রবর্তন। সেই সঙ্গে যুক্ত হয়েছে Salamander শব্দটিও। ১৮১২ সালে ম্যাসাচুসেটসের গভর্নর থাকাকালীন নির্বাচনী কেন্দ্রের সীমানা পুনর্বিন্যাস বিলে স্বাক্ষর করেন জেরি, যাতে অঙ্গরাজ্যের জেলাগুলির নির্বাচনী মানচিত্র বদলে যায় এবং তাঁর দল লাভবান হয়। এর ফলে এসেক্স কাউন্টির মানচিত্র অদ্ভুত আকার ধারণ করে। দেখতে হয় টিকটিকি গোত্রের উভচর প্রাণী Salamander-এর মতো। সেই নিয়ে যে রাজনৈতিক ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়, তাতে পৌরাণিক প্রাণীর মতো দেখায় এসেক্স কাউন্টিকে, যার নাম রাখা হয় Gerry-mander. 

কী ভাবে বদলে যায় নির্বাচনী মানচিত্র?

Gerrymandering-এর বেশ কিছু পদ্ধতি রয়েছে—

  • প্রথমটি হল, Cracking অর্থাৎ বিশেষ গোষ্ঠীর ভোটারদের একাধিক কেন্দ্রে ছড়িয়ে দেওয়া। ফলে যে দলের ভোটব্য়াঙ্ক তাঁরা, সেই দলের পক্ষে সম্মিলিত ভাবে ভোট দিতে পারেন না ওই সব মানুষ।
  • দ্বিতীয় পদ্ধতিটি হল, Packing অর্থাৎ বিশেষ গোষ্ঠীর ভোটারদের একটি কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ রাখা। ফলে অন্য কেন্দ্রে তাঁদের প্রভাব কম যায়।
  • তৃতীয় পদ্ধতিটি হল, Hijacking অর্থাৎ দু’টি নির্বাচনী কেন্দ্রকে মিলিয়ে দিয়ে দুই কেন্দ্রের  ক্ষমতাসীন জনপ্রতিনিধিকে একটি কেন্দ্রে লড়তে বাধ্য করা।
  • চতুর্থ পদ্ধতিটি হল, Kidnapping অর্থাৎ পরিকল্পিত ভাবে বিজয়ী প্রার্থীর ঠিকানা অন্য কেন্দ্রের সরিয়ে দেওয়া। ফলে পুনরায় তাঁর জেতা কঠিন হয়ে পড়ে।

ডিলিমিটেশন বিলের মাধ্যমে মোদি সরকার Gerrymandering-ই করছে বলে অভিযোগ বিরোধীদের।

ইতিহাস কী বলছে?

সম্প্রতি আমেরিকার মধ্যবর্তী নির্বাচনেও Gerrymandering-এর অভিযোগ ওঠে। রিপাবলিকান এবং ডেমোক্র্যাট প্রার্থীরা জেলার মানচিত্র বদলে দেন। ২০২৫ সালের অগাস্ট মাসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জোরাজুরিতে টেক্সাসের নতুন নির্বাচনী মানচিত্র আঁকা হয়, যাতে পাঁচটি অতিরিক্ত আসনে রিপাবলিকানরাই জয়ী হন, হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসে জায়গা পান। এর পর ডেমোক্র্যাটদের দখলে থাকা ক্যালিফোর্নিয়াতেও একই কাজ করা হয়। জনগণনা চলাকালীনই গোটা কার্য সম্পন্ন হয়। ফলে বিষয়টি অস্বাভাবিক ঠেকে সাধারণ মানুষের। শেষ পর্যন্ত টেক্সাসে যদিও লক্ষ্যপূরণে সফল হয়নি রিপাবলিকান শিবির। পাঁচটির মধ্যে একটিতেই জয়ী হয় তাদের প্রার্থী। নিজেদের জেতা আসনও হাতছাড়া হয় তাদের। তবে ক্যালিফোর্নিয়ায় রিপাবলিকান শিবিরের দখলে থাকা পাঁচটি আসনও ডেমোক্র্যাটদের দখলে চলে যায়। 

২০১৯ সালে এই  Gerrymandering নিয়ে মামলাও হয় আমেরিকার সুপ্রিম কোর্টে। নর্থ ক্যারোলাইনা এবং মেরিল্যান্ডের নির্বাচনী মানচিত্র বদল নিয়ে মামলা হয়। সেবার ৫-৪ রায়ে আদালত জানায়, বিষয়টি তাদের এক্তিয়ারের বাইরে। তবে বর্ণ বৈষম্যের অভিযোগ থাকলে যুক্তরাষ্ট্রীয় আদালতে যাওয়া যেতে পারে। Gerrymandering-এর কবল থেকে ভোটারদের রক্ষার ক্ষেত্রে সীমানা পুনর্বিন্যাস কমিশনের মাথায় নিরপেক্ষ ব্যক্তিদের রাখার সুপারিশ করা হয়। ভারতের ক্ষেত্রে এটিও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। SIR এবং ভোটচুরির অভিযোগে বিদ্ধ জ্ঞানেশ কুমারকে কমিটির মাথায় রাখা, তাঁকে একজন সদস্য নিযুক্ত করার ক্ষমতা দেওয়া এবং কেন্দ্রের পছন্দ মতো পদে আসীন বা অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী।

আরও পড়ুন: ডিলিমিটেশন বিল: I.N.D.I.A শিবিরকে খালিহাতে ফেরালেন এমকে স্ট্যালিন, বললেন, ‘উপায় নেই’

আরও পড়ুন: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *