কলকাতা: কলকাতায় টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজের (Leander Paes) কন্যা আয়ানা পেজ। ভারতে এই প্রথমবার কোনও টুর্নামেন্ট খেলতে এলেন আয়ানা। বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশনের ITF W15 টুর্নামেন্ট খেলতে কলকাতায় লিয়েন্ডার কন্যা। তাঁর ডাবলস পার্টনার ভারতের আরজান খোরাকিওয়ালা। মেয়েকে নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত লিয়েন্ডার পেজ।
দেশের গণ্ডি ছাপিয়ে আন্তর্জাতিক টেনিস কোর্টে সিংহবিক্রম! গেম, সেট, ম্যাচ, মুঠোয় চ্যাম্পিয়নশিপ। এক-একটা চেস্ট বাম্পের আড়ালে লেখা ইতিহাস! ভারতীয় টেনিসের পোস্টার বয় থেকে টেনিস কিংবদন্তি – লিয়েন্ডার পেজ। সিঙ্গলস থেকে ডাবলস স্পেশালিস্ট! মহেশ ভূপতিকে সঙ্গে নিয়ে লি-হেশের রূপকথার ইনিংস৷ রাদেক স্তেপানেকের সঙ্গে টেনিস সার্কিটে আগুন ঝরানো৷ মার্টিনা নাভ্রাতিলোভা কি কারা ব্ল্যাককে সঙ্গে নিয়ে অসম্ভব স্বপ্ন ছোঁওয়া৷ তিন দশকের বর্ণময় কেরিয়ার। টেনিস সার্কিটে আবেগ আর স্পর্ধার উত্তোরণ – লি-এক্সপ্রেস!
তিনি মাইকেল মধুসূদন দত্তর বংশধর। বাবা, মা দু’জনেই ছিলেন অ্যাথলিট৷ বাবা ভেস পেজ অলিম্পিক হকির ব্রোঞ্জজয়ী৷ মা জেনিফার ছিলেন ভারতীয় বাস্কেট বলের জাতীয় দলের সদস্য৷ অ্যাথলিট সত্ত্বা আর রিফ্লেক্সটাও তাই ছিল জিনগত৷ ১৯৯১-এ জুনিয়র ইউএস ওপেন চ্যাম্পিয়ন৷ তারপর? কেরিয়ারে মোট ১৮ টি গ্র্যান্ড স্ল্যাম জয়। যার মধ্যে পুরুষদের ডাবলসে ৮টি গ্র্যান্ড স্ল্যামের মুকুট উঠেছে তাঁর মাথায়। মিক্সড ডাবলসে মুঠোয় ১০ টি গ্র্যান্ড স্ল্যাম। ১৯৯৬-এর অলিম্পিক্সে পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ জিতে হয়ে ওঠেন ভারতীয় টেনিসের রূপকথার নায়ক। অলিম্পিক্স টেনিসে ভারতের প্রথম পদক, লিয়েন্ডারের হাত ধরে।
নিখুঁত ফোরহ্যান্ড আর ভলির পাশাপাশি দুরন্ত রিফ্লেক্স৷ লিয়েন্ডারকে হারানোর পরও প্রতিপক্ষকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন আন্দ্রে আগাসি। বলেছিলেন, এইরকম ক্ষিপ্রতা, প্রাণশক্তি খুব কম টেনিস খেলোয়াড়ের মধ্যে তিনি দেখেছেন! লিয়েন্ডার পেজ, এক অক্লান্ত যোদ্ধা, হার না মানা দেশপ্রেমিক! কোনও পরিস্থিতিতেই ডেভিস কাপের ম্যাচ খেলা থেকে কখনও যিনি সরে আসেননি। ডেভিস কাপে সবচেয়ে বেশি ডাবলস জয়ের রেকর্ডও তাঁর পকেটে। ডেভিস কাপে তাঁর কাছে হার মেনেছেন গোরান ইভানিসেভিচের মত মহাতারকাও। অবিশ্বাস্য ক্ষিপ্রতা, গতি, ফিটনেস৷ নক্ষত্রগতিতে কোর্ট কভার করে খেলা৷ দীর্ঘদিন ধরে ফর্ম ধরে রাখার রেসিপি সেটাই। টানা ৭ টি অলিম্পিক্সে দেশের হয়ে অংশ নেওয়ার বিরল নজিরও তাঁরই। ২০২০-তে অবসর, টেনিস কেরিয়ারে ইতি টানলেন লিয়েন্ডার। কিন্তু, তাঁর ছোঁয়া মাইলস্টোন আর জয়ের খিদে, নতুন প্রজন্মকে অসম্ভবকে সম্ভব করার স্বপ্ন দেখায়। অ্যাড্রিনালিনের উড়ন-ছুট!
সেই লিয়েন্ডার মেয়েকে নিয়ে উচ্ছ্বসিত। বলেছেন, ‘আমরা গত পাঁচ বছর ধরে আয়ানাকে বিভিন্ন জায়গায় খেলতে পাঠাচ্ছি। যাতে ওর খেলার আরও উন্নতি হয়। ওর মধ্যে খেলা নিয়ে আবেগ রয়েছে। ফিটনেস, জয়ের মানসিকতা নিয়ে কাজ চলছে। ওর পড়াশোনাও চলছে। বাবা হিসাবে আমি গর্বিত।’ মেয়ে গ্রেট ব্রিটেনের বাসিন্দা। আয়ানা কি ভারতের হয়ে খেলবেন? লিয়েন্ডার বলছেন, ‘এখন পাসপোর্টের নিয়মে অনেক বদল এসেছে। আগে একজনের দুটি পাসপোর্ট থাকত। এছাড়া কোনও ভারতীয়র ওসিআই কার্ড থাকলে ভারতের হয়ে খেলতে পারত। দেখা যাক কী হয়। তবে ও খুব দেশপ্রেমী। ওর জন্ম ভারতে।’
