Last Updated:

App Cab Fare: সানির এই পোস্ট প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। অনেকেই এমন একটি কৌশল ভাগ করে নেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। আবার বিমানবন্দর থেকে ন্যায্য ভাড়ায় ক্যাব পেতে কেন যাত্রীদের এতটা ঝক্কি পোহাতে হবে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

১৫০০ টাকার ক্যাব ভাড়া এক ধাক্কায় ৭৯ টাকা (AI Generated image)
১৫০০ টাকার ক্যাব ভাড়া এক ধাক্কায় ৭৯ টাকা (AI Generated image)

মুম্বই: বিমানবন্দর থেকে গন্তব্যে যাওয়ার জন্য ক্যাব বুক করতে গিয়ে অনেক সময়ই গুনতে হয় মোটা টাকা। কিন্তু সামান্য একটি কৌশলেই যদি সেই ভাড়া এক ধাক্কায় অনেকটা কমে যায়? এমনই এক অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন এক ব্যক্তি। তাঁর দাবি, মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২ থেকে চার কিলোমিটার দূরত্বে যাওয়ার জন্য ক্যাব ভাড়া দেখাচ্ছিল ১৫০০ টাকা। অথচ পিকআপ পয়েন্ট সামান্য বদলাতেই সেই ভাড়া কমে দাঁড়ায় মাত্র ৭৯ টাকায়!

এক্স (X) হ্যান্ডলে সানি আর গুপ্তা নামে ওই ব্যক্তি নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তাঁর পোস্ট অনুযায়ী, বিমানবন্দরের টার্মিনাল ২ থেকে সরাসরি ক্যাব বুক করতে গেলে ভাড়া দেখাচ্ছিল ১৫০০ টাকা। পাশাপাশি গাড়ি আসার জন্য অপেক্ষা করতে হত ১৭ মিনিট। এরপর তিনি অন্য একটি উপায় বের করেন। বিমানবন্দরের ঠিক বাইরে, অ্যারাইভাল এলাকার বিপরীতে অবস্থিত ফেয়ারমন্ট হোটেলের দিকে হেঁটে যান তিনি। মাত্র দু’মিনিট হাঁটার পর সেখান থেকে ক্যাব বুক করতেই অবাক কাণ্ড! একই চার কিলোমিটার রাস্তার ভাড়া কমে হয় মাত্র ৭৯ টাকা।

চালককে ৫০ টাকা টিপ, তবুও ভাড়া মাত্র ১২৫!

ওই ব্যক্তি আরও জানান, ক্যাব বুক করার সময় তিনি চালককে ৫০ টাকা টিপ দেওয়ার সিদ্ধান্ত নেন। সব মিলিয়ে তাঁর খরচ হয় ১২৫ টাকা। অথচ গাড়ি আসতে সময় লাগে মাত্র ছ’মিনিট। অর্থাৎ পিকআপ পয়েন্ট বদলানোর ফলে প্রাথমিকভাবে দেখানো ১৫০০ টাকার তুলনায় অনেক কম খরচে গন্তব্যে পৌঁছন তিনি।

সোশ্যাল মিডিয়ায় শুরু আলোচনা, কী বলছেন নেটিজেনরা?

সানির এই পোস্ট প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। অনেকেই এমন একটি কৌশল ভাগ করে নেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। আবার বিমানবন্দর থেকে ন্যায্য ভাড়ায় ক্যাব পেতে কেন যাত্রীদের এতটা ঝক্কি পোহাতে হবে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এক নেটিজেন জানতে চেয়েছেন, ঠিক কোন তলা থেকে নীচে নেমে ফেয়ারমন্ট হোটেলের দিকে যেতে হবে? অন্য এক ব্যবহারকারীর পরামর্শ, বিমানবন্দরের অটো রিকশা স্ট্যান্ডের দিকে এগিয়ে বিমানবন্দরের বাইরে বেরিয়ে এলেই তুলনামূলক কম ভাড়ায় গাড়ি পাওয়া যেতে পারে।

আর এক ব্যক্তি নিজের অভিজ্ঞতা ভাগ করে লিখেছেন, একবার বাড়ি থেকে সরাসরি বিমানবন্দরে যাওয়ার বদলে প্রথমে বসন্ত বিহার মেট্রো স্টেশন পর্যন্ত ক্যাব বুক করেছিলেন তিনি। সেখান থেকে মেট্রোয় দু’টি স্টেশন পেরিয়ে বিমানবন্দরের টার্মিনালে পৌঁছন। তাঁর দাবি, এই উপায়ে সরাসরি বাড়ি থেকে বিমানবন্দরে যাওয়ার তুলনায় অর্ধেকেরও কম খরচ হয়েছিল। অন্য এক নেটিজেনের বক্তব্য, ক্যাবের ভাড়া নিয়ে চালকদের প্রশ্ন করলে তাঁরা বিমানবন্দরের পার্কিং চার্জের কথা জানান। সব মিলিয়ে বিমানবন্দরের ক্যাব ভাড়া এবং বুকিংয়ের ক্ষেত্রে পিকআপ পয়েন্টের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *