High Court: 'গভীর রাতে একজন ব্যক্তির বাড়িতে ঢুকে অযথা হয়রানি করা যায় না', পুলিশকে কড়া বার্তা হাইকোর্টের

বড় নির্দেশ হাইকোর্টেরImage Credit: Tv9 Bangla

নয়া দিল্লি: কোনও অভিযোগ জমা পড়লেই পুলিশ ইচ্ছেমতো কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারে না। কিংবা তাঁর বাড়িতে গিয়ে হেনস্তা করতে পারে না। কোনও অভিযোগে জামিন অযোগ্য অপরাধ জানতে পারলে তার বিরুদ্ধে এফআইআর হলে, তবেই তদন্তের অধিকার পায় পুলিশ। এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে উত্তরাখণ্ড হাইকোর্ট।

বিচারপতি পঙ্কজ পুরোহিত একটি ফৌজদারি মামলার শুনানিতে এই মন্তব্য করেন। আদালতে মামলাকারী অভিযোগ করেছিলেন, কয়েকজন ব্যক্তি এক পুলিশকর্মীকে সঙ্গে নিয়ে গভীর রাতে তাঁর বাড়িতে হাজির হন। বাবাকে ছেলেকে থানায় পাঠানোর কথা বলেন। পাশাপাশি, এক ব্যক্তির জন্য ৪০ লক্ষ টাকা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে।

অন্যদিকে, রাজ্যের আইনজীবী আদালতে জানান, আবেদনকারীর বিরুদ্ধে একটি অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য খোঁজ করা হচ্ছিল। এক পুলিশকর্মী আবেদনকারীর বাড়িতে গিয়ে তাঁর বাবার কাছে ছেলে কোথায় আছে জানতে চান। তারপর থানায় পাঠানোর অনুরোধ করেন।

শুনানির সময় আদালত স্পষ্ট জানায়, থানায় কোনও অভিযোগ জমা পড়লে এবং তা যদি জামিন অযোগ্য হয়, সেটিকে এফআইআর হিসেবে নথিভুক্ত করা যেতে পারে। এফআইআর দায়ের হওয়ার পরই পুলিশ তদন্ত করতে পারে।

এরপর আদালতের পর্যবেক্ষণ, একজন নাগরিককে গভীর রাতে বাড়িতে গিয়ে অযথা হয়রানি করা যায় না। আইন মেনে এবং যথাযথ কর্তৃত্ব ছাড়া পুলিশ কোনও নাগরিকের বাড়িতে গিয়ে তাঁকে হেনস্তা করতে পারে না।

আবেদনকারী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়ে আদালত পুলিশকে জানায়, কোনও আইনি অনুমতি ছাড়া মামলাকারীর বাড়িতে গিয়ে তাঁকে হয়রানি করা যাবে না। ২৪ ঘণ্টার মধ্যে তাঁর নিরাপত্তার ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়। আদালতের বক্তব্য, আইন মেনে নির্ধারিত প্রক্রিয়া ছাড়া কোনও নাগরিকের শান্তি ও স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। এই নির্দেশের পর মামলাটি নিষ্পত্তি করে দেয় উত্তরাখণ্ড হাইকোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *