ক্রাইস্টচার্চ: ভারত ও নিউজ়িল্যান্ডের ‘এ’ (IND A vs NZ A) দলের মধ্যে প্রথম বেসরকারি টেস্টে একেবারে টানটান লড়াই চলেছিল। অল্পের জন্য সেই ম্যাচে ভারত ‘এ’ দল জিততে পারেনি। কিন্তু দ্বিতীয় বেসরকারি টেস্টের শেষদিনে ফলাফলের তেমন কোনও সম্ভাবনা ছিলই না। প্রত্যাশামতোই ম্যাচ ড্রয়ে শেষ হল। তবে শেষ দিনে ভারতের প্রাপ্য বলতে দুই ব্যাটারের দুরন্ত শতরান।
ভারত ‘এ’ দলের হয়ে বেসরকারি টেস্টগুলির প্রথম তিন ইনিংসে রান পাননি যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। টেস্ট সিরিজ়ের আগে ভারতের ওপেনারের এহেন ফর্ম উদ্বেগ বাড়াচ্ছিল। তবে দ্বিতীয় বেসরকারি টেস্টের শেষ দিনে দুরন্ত সেঞ্চুরি এল সেই যশস্বীর ব্যাট থেকেই। সকালে প্রায় দেড় ঘণ্টা বৃষ্টির জেরে খেলা বন্ধ থাকর পর ব্যাটে নেমে ভারত খানিকটা চাপে পড়ে গিয়েছিল। সাই সুদর্শন এবং ইনফর্ম দেবদত্ত পাড়িক্কলকে তিন বলের ব্যবধানে হারায় ভারত ‘এ’ দল। তবে এরপরেই ইনিংসের হাল ধরেন যশস্বী ও যশ রাঠৌর (Yash Rathod)।
আরও পড়ুন:- নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
যশস্বী চাপের মধ্যে প্রতিআক্রমণ চালানোর সিদ্ধান্ত নেন। একের পর এক আগ্রাসী কাট, পুল থেকে স্টেপ আউট করে বড় শট, যশস্বীর ব্যাটে সবটাই দেখা যায়। যশ রাঠৌরও ব্যাটে বলে করতে শুরু করেন। অনায়াসেই পুল, স্যুইপ মারেন। শুরু দিকে তাঁদের পার্টনারশিপে দ্রুত এক, দুই রান নিয়ে ইনিংস গড়া দেখা যায়। এই রান নিতে গিয়ে রাঠৌর ভুল বোঝাবুঝির জেরে ৩৭ রানে রান আউট অবধি হতে পারতেন। তবে তিনি জীবনদান পান। দেখতে দেখতেই যশস্বী ও যশ, উভয়েই নিজেদের অর্ধশতরানের গণ্ডি পার করে ফেলেন।
প্রথম ইনিংসে কিউয়ি ‘এ’ দলের হয়ে চার উইকেট নেওয়া ফ্রেজ়ার শিট সাইড স্ট্রেনে এই ইনিংসে বল করতে না পারায় তাতে আখেরে ভারতের লাভই হয়। সেই সুযোগ হাতছাড়া করেননি যশস্বী-যশ। দুইজনে মিলে ছয়ের অধিক রান প্রতি ওভারে ২৪৭ রান যোগ করেন। কেরিয়ারের ১২তম প্রথম শ্রেণির শতরান হাঁকান যশ। অপরদিকে, যশস্বী অনবদ্য শতরান হাঁকিয়েও থামেননি। তিনি ১৫৫ রানে অপরাজিত থাকেন। দুই উইকেটে ২৮২ রান তোলে ভারত ‘এ’। এরপরেই ম্যাচে কোনও ফলাফল নির্ধারিত হবে না বুঝে দুই দল হাত মিলিয়ে ম্য়াচ ড্র করার সিদ্ধান্ত নেয়।
