ক্রাইস্টচার্চ: প্রথম টেস্টে নিউজ়িল্যান্ডকে বাগে পেয়েও হারাতে পারেনি ভারত। কার্যত হারা ম্যাচ শেষ দিন বাঁচিয়ে নিয়েছিল নিউজ়িল্যান্ড। বিদেশের মাটিতে কোনও টেস্টে রেকর্ড রান তুলেও তাই ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতীয় দলকে। টেস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে ভারতকে বাকি সব টেস্ট ম্যাচ জিততেই হবে।

এই পরিস্থিতিতে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় টেস্ট ম্যাচে দলে একটি পরিবর্তন করল ভারত। পেসার প্রসিদ্ধ কৃষ্ণকে বাদ দিয়ে খেলানো হচ্ছে গুরনূর ব্রারকে। টেস্ট অভিষেক হল ব্রারের। তবে দ্বিতীয় টেস্টেও উপেক্ষিতই থেকে গেলেন মহম্মদ সিরাজ়। প্রথম টেস্টের দলে সিরাজ় সুযোগ না পাওয়ায় সমালোচনার ঝড় উঠেছিল। তবে সেই সব আলোচনার তোয়াক্কা করল না ভারতীয়ট টিম ম্যানেজমেন্ট।

টেস্ট অভিষেকের দিন বল হাতে অবশ্য নজর কাড়লেন ব্রার। দ্বিতীয় টেস্টের প্রথম দিন ভারতের হয়ে প্রথম উইকেটটি নিলেন তিনিই। তবে নিষ্প্রভ যশপ্রীত বুমরা। যাঁকে বিশ্বের সেরা ফাস্টবোলার মনে করা হয়। টস জিতে নিউজ়িল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিলেন শুভমন গিল। প্রথম দিনের তাজা উইকেটকে কাজে লাগাতে চেয়েছিলেন। কিন্তু ব্যাট হাতে লড়াই করছে নিউজ়িল্যান্ড। প্রথম দিন চা পানের বিরতিতে নিউজ়িল্যান্ডের স্কোর ৫০ ওভারে ১৩১/৪। বাকি তিন উইকেটের একটি অংশুল কম্বোজের। দুই শিকার আকাশ দীপের। বুমরা উইকেট-হীন।

টস জিতে শুভমন গিল বলেছিলেন, ‘প্রথমে বোলিং করব। উইকেটটা বেশ ভালই মনে হচ্ছে, সামান্য স্যাঁতস্যাঁতে ভাব রয়েছে। আশা করছি প্রথম ও দ্বিতীয় সেশনে আমরা এই আর্দ্রতা থেকে কিছুটা সুবিধা আদায় করতে পারব। আমাদের প্রস্তুতি বেশ ভাল হয়েছে। সকলে বেশ তরতাজা অনুভব করছে।’

শুভমন আরও বলেন, ‘ওয়েলিংটন টেস্টে বোলিং এবং ব্যাটিং – দুই বিভাগেই আমরা সব দিক থেকে ভাল করেছিলাম। আমাদের বেশিরভাগ পরিকল্পনাই সঠিকভাবে কার্যকর করতে পেরেছিলাম। তবে মাঝেমধ্যে কয়েকটি সুযোগ এসেছিল, যেগুলো আমরা কাজে লাগাতে পারিনি। ওই ধরনের উইকেটে ফিল্ডিংয়ে অসাধারণ কিছু করে দেখানো প্রয়োজন ছিল, আর আমার মনে হয়, সেই জায়গাতেই আমাদের কিছুটা ঘাটতি ছিল। তাই আশা করছি, এই ম্যাচে ফিল্ডিংয়ে যদি আমরা দুর্দান্ত কিছু করতে পারি, তাহলে ম্যাচের ফলাফল নিজেদের পক্ষে ঘুরিয়ে দিতে পারব।’

বোলিং শুরু করে প্রথম ওভারেই নিউজ়িল্যান্ডের অধিনায়ক টম ল্যাথামকে এলবিডব্লিউ করে দিয়েছিলেন বুমরা। তবে ডিআরএস নিয়ে বেঁচে যান ল্যাথাম। ব্যক্তিগত ২৯ রানে দাঁড়িয়ে ফের একবার জীবন পান ল্যাথাম। আকাশ দীপের বলে দ্বিতীয় স্লিপে তাঁর লোপ্পা ক্যাচ ফেলেন কে এল রাহুল। 

২৬তম ওভারের শেষ বলে ডেভন কনওয়েকে ফেরান ব্রার। দলের স্কোর তখন ৭৭। শেষ পর্যন্ত ৫৯ রান করে আকাশ দীপের বলে ফেরেন ল্যাথাম। মোট টেস্ট রানে ব্রেন্ডন ম্যাকালামকে পিছনে ফেললেন ল্যাথাম। কম্বোজ তুলে নেন হেনরি নিকোলসকে। রাচিন রবীন্দ্রকে ফিরিয়েছেন আকাশ।

আরও পড়ুন: বাংলা ক্রিকেটের অন্ধকার দিন, সৈয়দ মুস্তাক আলির গ্রুপ থেকেই বিদায়, কৌশল নিয়ে উঠছে প্রশ্ন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *