নয়াদিল্লি: সদ্যই শুরু হয়েছে ভারত বনাম নিউজ়িল্যান্ডের ওয়ান ডে সিরিজ়। এই পাঁচ ম্যাচের সিরিজ়ের পর দুই দলের টেস্ট সিরিজ় আয়োজিত হবে এবং তারপরে, পরের মাসে ভারতের ঘরের মাঠে বসবে শ্রীলঙ্কার বিরুদ্ধে (IND vs SL) সিরিজ়। সেই সিরিজ় শুরু হতে এখনও অনেকটাই সময় বাকি থাকলেও, ইতিমধ্যেই তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। আর সেই চর্চার কেন্দ্রে অরুণ জেটলি স্টেডিয়াম।
পরের মাসের ১৩ তারিখ নয়াদিল্লিতে ভারত-শ্রীলঙ্কার প্রথম ওয়ান ডে ম্যাচ আয়োজিত হওয়ার কথা। সেই ম্যাচ আয়োজন ঘিরেই যত সমস্যা। অতীতে জল্পনা শোনা গিয়েছিল, এই ম্যাচ দিল্লি থেকে সরানোর অনুরোধ করা হতে পারে। পরে সেই রিপোর্টের বিপরীত রিপোর্টও বের হয়। তবে এবার দাবি করা হচ্ছে নাকি সরকারিভাবে দিল্লি ও ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে ভারতীয় ক্রিকেট বোর্ডকে সরকারিভাবে প্রথম ওয়ান ডে ম্য়াচের ভেন্যু বদলের জন্য অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন:- বিরাট চমক, আসন্ন আইপিএলে PBKS-এ যোগ দিচ্ছেন হার্দিক! পরিবর্তে ট্রেডে MI-তে আসবেন অর্শদীপ?
অরুণ জেটলি স্টেডিয়ামে মাঠ সংস্করণের কাজ চলায় এবং সাম্প্রতিক সময়ে ডিসেম্বরে দিল্লির আবহাওয়ার কথা মাথায় রেখে ওই সময়টা ভারত-শ্রীলঙ্কার ওয়ান ডে ম্যাচ আয়োজন করার জন্য একেবারেই অনুকূল নয় বলে দাবি করেছেন এক ডিডিসিএ আধিকারিক। তিনি ANI-কে দেওয়া সাক্ষাৎকারে জানান, ‘আমরা সরকারিভাবে বিসিসিআইকে জানিয়েছি যে আমাদের পক্ষে ১৩ জিসেম্বর ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান ডে ম্যাচ আয়োজন করা সম্ভব হবে না, কারণ আমাদের মাঠেরও সংস্করণ হচ্ছে এবং ওই মাসে আবহাওয়ারও কিছু সমস্যা রয়েছে। ডিসেম্বরে ম্যাচ আয়োজন করার পরিস্থিতিতে নেই আমরা। বোর্ডের কাছে এই মর্মেই আমরা অনুরোধ জানিয়েছি। রাজধানীতে ওই সময়ে আবহাওয়াও তো অনুকূল নয়। দেখা যাক কী ফলাফল হয়। তবে আপাতত এটুকুই বলব যে আমাদের পক্ষে ওই ওয়ান ডে ম্যাচ আয়োজন করা সম্ভব নয়।’
এই ভেন্যু ঘিরে নাটকের জেরেই এখনই চর্চায় দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ভারতের সিরিজ়। বিসিসিআই শেষমেশ প্রথম ওয়ান ডে ঘিরে কী সিদ্ধান্ত নেয়, সেইদিকে নজর থাকবে। এই সিরিজ়ে তিন ম্য়াচের ওয়ান ডে সিরিজ় খেলার পর সমসংখ্যক ম্য়াচের টি-২০ সিরিজ়ও খেলবে ভারত। তবে আপাতত টিম ইন্ডিয়ার সব ফোকাস নিউজ়িল্যান্ড সফরে।
