ক্রাইস্টচার্চ: পাঁচদিন হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ওয়েলিংটনে ভারত বনাম নিউজ়িল্যান্ড প্রথম টেস্ট ম্যাচ ড্র হয়েছিল। রেকর্ড রান তুলেও ম্যাচ ছিনিয়ে আনতে পারেনি টিম ইন্ডিয়া। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টের প্রথম দিনও সেয়ানে সেয়ানে টক্কর চলল ভারত ও নিউজ়িল্যান্ডের। দুই দলের কাছেই দিনটি মোটামুটি কেটেছে। সবুজ উইকেটে ভারত টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। যদিও উইকেটের চেহারার সঙ্গে তার আচরণের মিল পাওয়া গেল না। পেসারদের জন্য স্যুইং ছিল। তবে ব্যাটিং করা অসম্ভব ছিল না। বরং সামান্য ধৈর্য ও মনোযোগ ধরে রাখলেই সেই পরিস্থিতি সামলে রান করা যে সম্ভব, দেখিয়ে দিলেন টম ল্যাথাম, টম ব্লান্ডেলরা।
দ্বিতীয় টেস্টের প্রথম দিন হাফসেঞ্চুরি করলেন ল্যাথাম ও ব্লান্ডেল। ৫৩ রান করে ক্রিজে রয়েছেন ব্লান্ডেল। সঙ্গে গ্লেন ফিলিপ্স অপরাজিত ৩৬ রানে। প্রথম দিনের শেষে ৮৫ ওভারে নিউজ়িল্যান্ডের স্কোর ২৪৬/৫। ভারতের হয়ে দুটি উইকেট আকাশ দীপের। একটি করে উইকেট এই অংশুল কম্বোজ, গুরনূর ব্রার ও ওয়াশিংটন সুন্দরের। ব্রারের টেস্ট অভিষেক হল এই ম্যাচে খেলেই।
দিনের প্রথম ওভারেই এলবিডব্লিউ হয়েও বেঁচে যান ল্যাথাম। যশপ্রীত বুমরার বলে তাঁকে আউট দেন আম্পায়ার। তবে আম্পায়ারের সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ডিআরএস নেন তিনি। বেঁচে যান ল্যাথাম। এরপর দ্বিতীয় স্লিপে কে এল রাহুল তাঁর ক্যাচ ফেলে দেন। আরও একবার জীবন ফিরে পান তিনি। সেই সুযোগের সদ্বব্যবহার করে ১২৮ বলে ৫৯ রান করেন কিউয়ি অধিনায়ক। ডেভন কনওয়ের সঙ্গে ওপেনিং জুটিতে ৭৭ রান যোগ করেন তিনি। কনওয়ে ৩১ রান করে ব্রারের শিকার।
Stumps on Day 1! #TeamIndia with the wicket of Daryl Mitchell in the final session Action resumes tomorrow ⏳ Scorecard ▶️ https://t.co/6iCwvH4Zap #NZvIND https://t.co/6ONWCreg3R
— BCCI (@BCCI) November 27, 2026
এরপর ম্যাচে জাঁকিয়ে বসেছিল ভারত। একটা সময় ১৫ বলের মধ্যে কোনও রান না দিয়ে ৩ উইকেট তুলে নেয় ভারত। ১১০/১ থেকে ১১০/৪ হয়ে যায় নিউজ়িল্যান্ডের স্কোর। তবে প্রতিরোধ গডে তোলেন ব্লান্ডেল ও ডারিল মিচেল। পঞ্চম উইকেটে ৭৪ রান যোগ করেন দুজনে। এরপর ওয়াশিংটন ফেরান মিচেলকে। তবে অবিচ্ছেদ্য ষষ্ঠ উইকেটে ৬২ রান যোগ করেছেন ব্লান্ডেল ও গ্লেন ফিলিপ্স।
আরও পড়ুন: বাংলা ক্রিকেটের অন্ধকার দিন, সৈয়দ মুস্তাক আলির গ্রুপ থেকেই বিদায়, কৌশল নিয়ে উঠছে প্রশ্ন
