মুম্বই: মাঝে আর মাত্র কয়েকটা ঘণ্টা। রাত পোহালেই আইপিএলে রিটেনশন তালিকা প্রকাশ করবে ১০ ফ্র্যাঞ্চাইজি দল। প্রথমে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে বলা হয়েছিল যে, ১৫ নভেম্বরের মধ্যে দশ দলকে তাদের রিটেনশন তালিকা প্রকাশ করতে হবে। অর্থাৎ, কোন ক্রিকেটারদের ধরে রাখা হচ্ছে আর কাদের ছেড়ে দেওয়া হচ্ছে, সেই তালিকা প্রকাশ করতে হবে। 

তবে পরে দশ দলকে আরও ২ দিন সময় দেওয়া হয়। ১৭ নভেম্বর, মঙ্গলবার রিটেনশন তালিকা প্রকাশ করতে হবে দলগুলিকে। তার আগে শেষ মুহূর্তে বড় খবর পাওয়া যাচ্ছে। সব কিছু ঠিকঠাক চললে পরের আইপিএলে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা তারকা ফাস্টবোলারকে দেখা যেতে পারে অন্য দলে। পরিবর্তে ইংরেজ তারকাকে দলে নেওয়া হতে পারে।

মহম্মদ শামিকে ছেড়ে দিতে পারে লখনউ সুপার জায়ান্টস। রাজস্থান রয়্যালসের সঙ্গে ট্রেডিং হতে পারে। বিনিময়ে রাজস্থান রয়্যালস থেকে ইংরেজ অলরাউন্ডার স্যাম কারানকে নিতে পারে লখনউ সুপার জায়ান্টস।

তবে একা শামি নন, আর এক ক্রিকেটারকেও রাজস্থান রয়্যালসের জন্য ছেড়ে দিতে পারে লখনউ সুপার জায়ান্টস। তামিলনাড়ুর বাঁহাতি স্পিনার এম সিদ্ধার্থকে রাজস্থানের হাতে তুলে দেওয়া হতে পারে।

আরও পড়ুন: হায়দরাবাদের পর গুজরাত, পরপর দুই ম্যাচে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দৌড়চ্ছে সূর্যর মুম্বই

টেস্ট ক্রিকেট থেকে সদ্য অবসর গ্রহণ করেছেন শামি। গত আইপিএল তাঁর সাদামাটা কেটেছে। ২০২৬ সালের আইপিএলে ১৩ ম্যাচে ১২ উইকেট নিয়েছিলেন শামি। ওভার প্রতি খরচ করেছিলেন ৯ রান। পয়েন্ট টেবিলে সকলের নীচে থেকে শেষ করেছিল লখনউ। 

 

গত সেপ্টেম্বরে ৩৬ বছর পূর্ণ করেছেন ডানহাতি ফাস্টবোলার শামি। গত মরশুমে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৪ ওভারে মাত্র ৯ রান খরচ করে ২ উইকেট নিয়েছিলেন। প্রথম ২ ওভারে অভিষেক শর্মা ও ট্র্যাভিস হেডকে তুলে নিয়েছিলেন।

আরও পড়ুন: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *