মুম্বই: আগামী মরশুমের আইপিএলে এক অদ্ভুত ঘটনা ঘটতে পারে। বাবা-ছেলে দু’জনকেই খেলতে দেখা যেতে পারে আইপিএলের ইতিহাসে প্রথমবার। এক দলেই তাঁরা খেলবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। কিন্তু সম্ভাবনা কিন্তু তেমনও থেকেই যাচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর হতে চলা মিনি নিলামের জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মহম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। নিলামের জন্য যে ১২২০ জন ক্রিকেটারের নাম নথিভুক্ত হয়েছে, সেই তালিকায় রয়েছেন আফগানিস্তান ক্রিকেটের এই বাবা-ছেলে জুটিও।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে মহম্মদ নবি একজন অভিজ্ঞ নাম। আফগানিস্তানের জার্সিতে দীর্ঘ সময়ের সঙ্গী তিনি। বহু যুদ্ধের যোদ্ধা। ৪১ পেরিয়েছেন তিনি। তবে খেলে হাসান এখন সবেমাত্র সর্বোচ্চ পর্যায়ের খেলা শুরু করেছেন। তাঁর বয়স মাত্র ২০ বছর ও আগামী বছরের ২৮ জুলাই তিনি ২১ বছরে পা দেবেন। নবি যেখানে তাঁর বেস প্রাইস রেখেছেন ১ কোটি টাকা, সেখানে হাসান ৭৫ লক্ষ টাকা বেস প্রাইস রেখেছেন নিজের। আইপিএলের নিলামে এটিই হবে হাসানের প্রথম উপস্থিতি, যা তাঁকে তাঁর অভিজ্ঞ বাবার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কাড়ার একটি সুযোগ করে দিচ্ছে। অন্যদিকে, এই টুর্নামেন্টে নবী নিঃসন্দেহে একটি পরিচিত নাম। বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগ খেলার বিশাল অভিজ্ঞতার পাশাপাশি তিনি ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদ ও পরবর্তীতে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে প্রতিনিধিত্ব করেছেন।
মহম্মদ নবি আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের জার্সিতে ২০০৯ সালে অভিষেক করেন। এখনও পর্যন্ত তিনটি টেস্ট, ১৮১টি ওয়ান ডে ও ১৫৫টি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এই তারকা অলরাউন্ডার। টেস্টে ৩৩ রান করার পাশাপাশি ৮ উইকেট নিয়েছেন। নিজের ওযান ডে কেরিয়ারে ৩৮০১ রান ও ১৮১ উইকেট ঝুলিতে পুরেছেন নবি। টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নবির সংগ্রহ ২৫০৯ রান ও ১১১ উইকেট। সেখানে ছেলে হাসান এখনও পর্যন্ত মাত্র দুটো টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০২৬ সালের সেপ্টেম্বরে এশিয়ান গেমসে আন্তর্জাতিক অভিষেক হওয়ার পর থেকে হাসান দুই ইনিংসে মোট তিন রান করেছেন।
এবারের নিলামে নাম নথিভুক্ত করেছেন বীরেন্দ্র সহবাগের পুত্র আর্যবীর সহবাগও। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন সে। এমনকী সেই ফাইনালে পাকিস্তান ম্য়াচের নায়ক মোহিত উলভাকেও দেখা যাবে নিলামে। তাঁরা দু’জন দল পান কি না তা দেখার এখন।
