কলকাতা: খোলাখুলি মনের কথা বলেই দিলেন, জিতু কমল (Jeetu Kamal)। আজ বিগ বস বাংলা (Big Boss Bangla) এপিসোডে দেখা গেল, অভিনেত্রী সৃজলা গুহকে (Srijla Guha) তিনি খোলাখুলিই জানিয়ে দিলেন, ভালবাসার কথা। এই কথোপকথনের ঝলক আগেই প্রকাশ্যে আনা হয়েছিল, চ্যানেলের তরফ থেকে। আজকের এপিসোডে দেখানো হল জিতু আর সৃজলার সেই কথোপকথন। জিতুর মনের কথা শুনে, কী উত্তর দিলেন সৃজলা, সেটাও প্রকাশ্যে এল আজকের এপিসোডেই।
সৃজলাকে মনের কথা জানালেন জিতু
বিগ বসের বাড়িতে গার্ডেন এরিয়াতে এসে জিতু সৃজলাকে একেবারে খোলাখুলি বলেন, ‘আমি তোমাকে ভালবাসি।’ এই কথা শুনে সৃজলার মুখে লাজুক হাসি। জিতু জানতে চান, ‘তোমার কি কোনও ফিলিংস রয়েছে?’ এরপরে জিতু আর সৃজলা মুখোমুখি বসে পড়েন গার্ডেন এরিয়াতেই। সেখানে বসে জিতু বারে বারে সৃজলাকে বলতে থাকেন, হ্যাঁ বা না, যে কোনও একটা উত্তর দিতে। সৃজলা অবশ্য বারে বারে সেই কথা এড়িয়ে যেতে থাকেন। এমনকি তিনি জিতুকে বলেন আস্তে কথা বলতে। সৃজলা সম্ভবত একেবারেই বাড়ির কাউকে জানাতে চাননি যে, জিতু তাঁকে প্রেমের প্রস্তাব দিয়েছেন। তবে জিতু বারে বারে সৃজলার থেকে উত্তর দেন। সৃজলা অবশ্য অন্য কথা বলে কথা ঘোরানোর চেষ্টা করেন, জিতুকে বোঝানোর চেষ্টা করেন, এই বিষয় নিয়ে এখনই কথা না বলতে। শেষমেষ কথা ছেড়ে উঠে যান জিতু। সৃজলা অবশ্য কোনও উত্তর দেননি। তবে জিতুর প্রেম প্রস্তাবে কি রাজি হবেন সৃজলা? সেই উত্তর দেবে সময়।
বিবাহ-বিচ্ছেদ পেরিয়ে ফের জিতুর জীবনে বসন্ত?
জিতুর সঙ্গে বিয়ে হয়েছিল অভিনেত্রী নবনীতা দাসের। তবে কয়েক বছর আগেই, বৈবাহিক সম্পর্কে ইতি টেনেছেন তাঁরা। যদিও নায়ক নায়িকার মধ্যে এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, তবে তাঁরা যে আর স্বামী-স্ত্রী হিসেবে থাকতে চান না, সেই খবর সোশ্যাল মিডিয়াতে নিজেই প্রথম জানিয়েছিলেন নবনীতা। এরপরে অবশ্য জিতু বা নবনীতা, কেউই আর সম্পর্কে জড়াননি। আপাতত কাজের সূত্রে হামেশাই মুম্বইতে থাকতে হয় নবনীতাকে। অন্যদিকে জিতুও ব্যস্ত থাকেন কাজে, পাশাপাশি তিনি একাধিক সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গেও যুক্ত করেছেন নিজেকে। তবে বিগ বসের ঘরে এসেই কি বদলে যাবে জিতুর জীবন? ফের নতুন করে প্রেমে পড়লেন জিতু? কেবল সৃজলার উত্তরের অপেক্ষা।
