ক্রাইস্টচার্চ: নিউজিল্যান্ডের(India vs New Zealand) বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের প্রথম ইনিংসে ওপেনে নেমেছেন কে এল রাহুল। কিউয়িরা প্রথম ইনিংসে ৩৬৮ রান বোর্ডে তোলার পর ভারত দ্বিতীয় দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ১৫৯ রান বোর্ডে তুলে নিয়েছেন। অপরাজিত অর্ধশতরান হাঁকিয়ে ক্রিজে আছেন রাহুল। আর এই অর্ধশতরান হাঁকানোর সঙ্গে সঙ্গেই এক এলিট লিস্টেও ঢুকে পড়েছেন কর্ণাটকী এই ব্যাটার। সেই তালিকায় রয়েছেন কিংবদন্তি সনৎ জয়সূর্য, মার্ভান আট্টাপাত্তু ও সৈয়দ আনোয়ারের মত ক্রিকেটার।
ক্রাইস্টচার্চে দ্বিতীয় দিনের খেলা শেষে রাহুল যখন মাঠ ছাড়ছেন তখন তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ১১৬ বলে অপরাজিত ৫২ রান। হাঁকিয়েছেন পাঁচটি বাউন্ডারি। আর এই অর্ধশতরান হাঁকানোর সঙ্গে সঙ্গেই এশিয়ার ষষ্ঠ ও ভারতের একমাত্র ওপেনার হিসেবে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে অর্ধশতরান হাঁকালেন।
এশিয়া থেকে যে যে ওপেনাররা এই দেশগুলোতে অর্ধশতরান হাঁকিয়েছেন তালিকায় বাকিরা হলেন দ্বিমূথ করুণারত্নে ও ইমরান ফারহাত।
নিউজিল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপস শতরান হাঁকিয়েছিলেন। প্রথম ইনিংসে হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপ্সের শতরানের সুবাদে কিউয়িরা চ্যালেঞ্জিং ৩৬৮ রান তোলার পরে ব্যাটে নেমে ভারতীয় ওপেনাররা শতরানের পার্টনারশিপ গড়েন। দিনের শেষ সেশনে ঝড়ের গতিতে রান তোলেন যশস্বী জয়সওয়াল। তিনি কিউয়িদের বিরুদ্ধে কেরিয়ারের প্রথম অর্ধশতরান হাঁকান। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেও যশস্বীর ৮৫ রানের ইনিংসে তড়তড়িয়ে এগোয় ভারতীয় ইনিংস। অপরপ্রান্তে কেএল রাহুল নিজের অনবদ্য জাজমেন্ট, ধৈর্য্যের পরিচয় দিয়ে সম্পূর্ণ ভিন্ন গতিতে অর্ধশতরান হাঁকান। তিনি ৫২ রানে দিনের শেষে অপরাজিত রয়েছেন। তাঁর রাজ্যেরই দেবদত্ত পাড়িক্কল ১৬ রানে অপরাজিত রইলেন। দিনশেষে ১৫৯ রান তুলল ভারত। আপাতত ২০৯ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া।
প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের মধ্য়ে সবচেয়ে সফল বোলার জসপ্রীত বুমরা। তিনি একাই ৪ উইকেট তুলে নিয়েছিলেন। অন্যদিকে ৩ উইকেট নিয়েছিলেন আকাশ দীপ। অংশুল কম্বোজ ২ উইকেট নিয়েছিলেন একাই। ১ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ। তবে স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর কোনও উইকেট পাননি।
