ক্রাইস্টচার্চ: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান বৃত্তে তিনিই ভারতের সর্বোচ্চ উইকেটশিকারি। অথচ অজ্ঞাত কারণে দিনের পর দিন ভারতের একাদশে রাখা হচ্ছে না হায়দরাবাদের পেসার মহম্মদ সিরাজ়়কে (Mohammed Siraj)। সোমবার মাথায় চোট পাওয়া আকাশ দীপের কনকাশন পরিবর্ত (Concussion Substitute) হিসেবে মহম্মদ সিরাজ়়ের পরিবর্তে প্রসিদ্ধ কৃষ্ণকে বেছে নেওয়ার সিদ্ধান্ত ঘিরে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। ক্ষোভে ফুঁসছেন সুনীল গাওস্কর, হর্ষ ভোগলে, আর অশ্বিনরা।
গাওস্করের মতে, কৃষ্ণের পরিবর্তে সিরাজ়কে কনকাশন সাব হিসাবে দলে নেওয়া উচিত ছিল। তাঁর যুক্তি, কর্নাটকের পেসার প্রসিদ্ধের বোলিংয়ের সঙ্গে নিউজ়িল্যান্ডের ব্যাটাররা ইতিমধ্যেই পরিচিত। অন্যদিকে, সিরাজ়কে খেলালে ভারত বোলিংয়ে একটি নতুন বিকল্প পেত এবং প্রতিপক্ষকে অপ্রস্তুত করে দেওয়ার সুযোগ থাকত।
দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের চা পানের বিরতির সময় সম্প্রচারকারী চ্যানেল সোনি স্পোর্টসকে গাওস্কর বলেন, ‘দুই দিকেই যুক্তি রয়েছে। এমন একজন বোলারকে দলে নেওয়া যেতে পারে, যে ইতিমধ্যেই ম্যাচে খেলেছে এবং কোন লাইন ও লেংথে বল করতে হবে, তা জানে। পাশাপাশি তার বোলিংয়েও কিছুটা ছন্দ রয়েছে। তবে আমি বিষয়টিকে অন্য একটি দৃষ্টিকোণ থেকেও দেখতে চাই। একটি ব্যাটিং ইউনিট হিসেবে আপনারা যে বোলারদের মুখোমুখি হবেন, তাঁদের কথা মাথায় রেখেই প্রস্তুতি নেন। কিন্তু নিউজ়িল্যান্ডের ব্যাটাররা মহম্মদ সিরাজ়কে খেলেনি। তাই ওকে নিয়ে সেভাবে ভাবেনি। তাই সিরাজ় ওদের কাছে সম্পূর্ণ নতুন এক চমক হয়ে উঠতে পারত।’
তাঁর মতে, নিউজ়িল্যান্ডের ব্যাটারদের যথেষ্ট সমস্যায় ফেলতে পারেননি কৃষ্ণ। গাওস্কর বলেন, ‘নিউজ়িল্যান্ডের ব্যাটাররা ইতিমধ্যেই প্রসিদ্ধ কৃষ্ণের মুখোমুখি হয়েছে। তারা জানে কৃষ্ণ কী করতে পারে। এখনও পর্যন্ত সে তাদের সেভাবে সমস্যায় ফেলতে পারেনি। হ্যাঁ, দ্বিতীয় ইনিংসে ও উইকেট পেয়েছে। কিন্তু এটা বলা যাবে না যে, তার বোলিংয়ে নিউজ়িল্যান্ডের ব্যাটাররা চাপে পড়েছে। ওর রেকর্ডের দিকে তাকালেও আমি নিশ্চিত নই, যে ছয় বা এক ডজন টেস্ট ম্যাচ খেলেছে, তার মধ্যে কোনও ইনিংসে পাঁচ উইকেট নিতে পেরেছে কি না। অংশুল কম্বোজও পারেনি। যদিও অংশুল অবশ্য নিজের তৃতীয় টেস্ট খেলছে সবে। আমার মনে হয়, এখানে মহম্মদ সিরাজ়কে নেওয়া উচিত ছিল। কারণ, তাতে নিউজ়িল্যান্ডের ব্যাটারদের সামনে সম্পূর্ণ নতুন ধরনের এক চ্যালেঞ্জ তৈরি হতো। আর যদি তরতাজা থাকার কথা বলা হয়, তাহলে সিরাজ়ের পা আরও বেশি সতেজ। কারণ, ও প্রথম ম্যাচেও খেলেনি।’
এই বিতর্কে মুখ খুলেছেন অশ্বিনও। এক্স হ্যান্ডলে ব্যঙ্গাত্মক সুরে তিনি লিখেছেন, ‘কনকাশন পরিবর্ত ব্যবহারের সুযোগ থাকলে এমন একজন খেলোয়াড়কে দলে নেওয়াই সব সময় ভাল, যে ইতিমধ্যেই সিরিজে খেলেছে। সিরাজ় হয়তো এতটাই সতেজ যে, সঙ্গে সঙ্গেই প্রভাব তৈরি করতে পারবে না।’
সিরাজ়কে উপেক্ষা করে প্রসিদ্ধ কৃষ্ণকে খেলানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন ধারাভাষ্যকার হর্ষ ভোগলেও। এক্স-এ তিনি লেখেন, ‘ভারতের কনকাশন পরিবর্ত! আকাশ দীপ মাঠের বাইরে গেল এবং প্রসিদ্ধ কৃষ্ণ দলে এল। সিরাজ়ের ক্ষেত্রে নিশ্চয়ই গুরুতর কিছু সমস্যা রয়েছে, যে কারণে তাঁকে খেলার অযোগ্য বলে মনে করা হচ্ছে। প্রথম ইনিংসে ভারতের সেরা বোলার ছিল আকাশ দীপ। ফলে এটা ভারতের জন্য বড় ক্ষতি।’
আরও পড়ুন: ৫ উইকেট পাওয়ার ম্যাচেই বিপর্যয় আকাশ দীপের, ছিটকে গেলেন টেস্ট থেকে, উদ্বিগ্ন ড্রেসিংরুম




