বস্তার: দেশের সুরক্ষায় নিয়োজিত জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ছত্তিশগড়ের বস্তারে নিরাপত্তারক্ষীদের সঙ্গে আলোর উৎসবে সামিল হলেন তিনি। সেখানে উপস্থিত জওয়ানদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই দীপাবলির শুভেচ্ছা জানান মোদী। নিরাপত্তারক্ষীদের নিজের পরিবারের সদস্য বলেও উল্লেখ করেন তিনি। বলেন, “আজ দেশজুড়ে এবং বিশ্বের প্রতিটি প্রান্তে কোটি কোটি ভারতীয় আলোর এই পবিত্র উৎসব উদযাপন করছেন। বহু মানুষ দূরদূরান্ত থেকে নিজেদের বাড়িতে ফিরছেন। পরিবার ও প্রিয়জনদের সঙ্গে মিলিত হয়ে উৎসব পালনের এ এক বিশেষ উপলক্ষ। আমিও আপনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে এখানে এসেছি।”
জওয়ানদের ধন্যবাদ মোদীর
এরপরই জওয়ানদের উদ্দেশে মোদী বলেন, “যাঁরা সীমান্তে এবং দেশের অভ্যন্তরে দেশকে রক্ষা করছেন, যাঁরা দেশের প্রহরী, মাতৃভূমির সাহসী সন্তান, আপনারা প্রত্যেকেই আমার পরিবারের সদস্য।” দেশের নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নিতেই বস্তারে এসেছেন বলে জানান প্রধানমন্ত্রী।
এরপরই প্রধানমন্ত্রী জানান, ২০২৬ সালের দীপাবলি স্পেশ্যাল। কারণ প্রথমবার মাওবাদী মুক্ত দীপাবলি পালন করছে দেশ। তিনি বলেন, “সন্ত্রাসের বিরুদ্ধে দেশের কয়েক দশকের লড়াইয়ে সাফল্য আসার পর এটাই প্রথম দীপাবলি। মাওবাদের আতঙ্ক কাটিয়ে কোটি কোটি দেশবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, এমন পরিস্থিতিতে এটাই প্রথম দীপাবলি।” তবে বিপদ এখনও পুরোপুরি কাটেনি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মাওবাদী প্রসঙ্গে কংগ্রেসকে নিশানা মোদীর
মাওবাদী সমস্যা নিয়ে কংগ্রেসকেও নিশানা করেন মোদী। বলেন, “আগে দেশের ২০০-র বেশি জেলায় মাওবাদীদের ডেরা ছিল। বস্তারে মাওবাদীর আতঙ্ক ছিল। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল মাওবাদীরা। বছরের পর বছর দেশে মাওবাদীদের দৌরাত্ম্য ছিল। ঠান্ডাঘরে বসে থাকা নামদারদের এই নিয়ে ভ্রূক্ষেপ ছিল না। আগের সরকার মাওবাদীকে রোগ হিসেবে দেখত। মোকাবিলায় হাত-পা গুটিয়ে বসে থাকত। এখন মাওবাদীর আতঙ্কের কোমর ভেঙে দিয়েছি আমরা।”
প্রধানমন্ত্রীর দাবি, গত এক বছরে এই প্রথম ৪৭ বছরের মধ্যে একজন জওয়ানও কর্তব্যরত অবস্থায় প্রাণ হারাননি। বলেন, “এটি এক অসাধারণ সাফল্য। আর এই সাফল্যের বড় কৃতিত্ব আপনাদের প্রাপ্য। এর নেপথ্যে আপনাদের মতো লক্ষ লক্ষ সাহসী মানুষ, জওয়ান, দেশের ছেলে-মেয়ে এবং নিরাপত্তাকর্মীদের অবদান রয়েছে। সেই কারণেই আজ আপনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে এসেছি। ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আপনাদের আত্মত্যাগ, নিষ্ঠা এবং দেশসেবার মনোভাবকে কুর্নিশ জানাতেই আমার এখানে আসা।”
একইসঙ্গে দিমাগি নকশালের প্রসঙ্গ তুলে বিরোধীদের নিশানা করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “নকশালবাদ হয়তো শেষ হয়েছে, কিন্তু মাথায় এখনও নকশালবাদ রয়ে গিয়েছে। কিছু মানুষ এখনও অন্যদের উস্কানি দিচ্ছেন। তাঁদেরও পরাস্ত করতে হবে।”
