সন্দীপ সরকার, কলকাতা: একটা সময় তাঁকে বলা হতো ভারতীয় ক্রিকেটের পরবর্তী সচিন তেন্ডুলকর। দেশের হয়ে খেলেছেন ৫টি টেস্ট, ৬টি ওয়ান ডে ও একটি টি-২০ ম্যাচ।
তবে বেহিসেবি জীবন আর খারাপ ফর্ম তাঁকে ভারতীয় ক্রিকেটের মূল স্রোত থেকে ছিটকে দিয়েছিল। ভারতীয় দলের হয়ে পৃথ্বী শ-কে (Prithvi Shaw) শেষ দেখা গিয়েছিল ২০২১ সালের জুলাই মাসে। তারপর থেকে টিম ইন্ডিয়ার বাইরে।
ক্রিকেটের বাইশ গজে নতুন জীবনের সন্ধানে রয়েছেন পৃথ্বী। মুম্বই ছেড়ে পাড়ি জমিয়েছেন মহারাষ্ট্রে। ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। দলের অধিনায়কও তিনি। ইডেনে বাংলাকে ১০ উইকেটে হারিয়ে বোনাস সহ সাত পয়েন্ট ছিনিয়ে নিল মহারাষ্ট্র। উঠে এল গ্রুপ সি-র শীর্ষে। ৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে।
ম্যাচের শেষে তৃপ্ত শোনাল পৃথ্বীকে। ইডেনে ড্রেসিংরুমের সামনের সোফায় বসে বলছিলেন, ‘এই সাফল্যের জন্য কৃতিত্ব প্রাপ্য দলের সকলের। বিশেষ করে বোলারদের। এই পিচে ব্যাটিং সহজ ছিল না। আমাদের বোলাররাও প্রথম ইনিংসে ব্যাট হাতে দারুণ খেলেছে। ভাল লড়াই হয়েছে দুই দলের। প্রথম ইনিংসে তুল্যমূল্য ফারাক ছিল। দ্বিতীয় ইনিংসে ৩০ রানের মধ্যে ওদের ৩ উইকেট ফেলে দেওয়ার পর আত্মবিশ্বাস পেয়েছিলাম যে, আমরা জিততে পারি।’
চলতি রঞ্জি ট্রফিতে ধারাবাহিকভাবে রান পাচ্ছিলেন না পৃথ্বী। বৃহস্পতিবারের আগে পর্যন্ত একটিই হাফসেঞ্চুরি ছিল। ইডেনে দ্বিতীয় ইনিংসে ৫০ বলে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলে ছন্দে ফেরার ইঙ্গিত দিলেন। নিজের ব্যাটিং নিয়ে খুশি? এবিপি লাইভ বাংলাকে পৃথ্বী বললেন, ‘ম্যাচে কোনও ইনিংস ভাল যায়, কোনওটা খারাপ। এটা হতে থাকে। আউট হলে বেশি ভাবি না কারণ কয়েকটা ভাল বলে আউট হতে হয়েছে। এমন শট খেলতে গিয়ে আউট হয়েছি যে শট আমাকে রানও দেয়। ব্যাটিং ভাল হচ্ছে।’
মুম্বই ছেড়ে মহারাষ্ট্রের হয়ে ক্রিকেট জীবনের নতুন অধ্যায় কেমন উপভোগ করছেন? পৃথ্বী বললেন, ‘মুম্বই আর পুনে তো বেশি দূর নয়। মাত্র দেড়-দু’ঘণ্টার দূরত্ব। এখানকার অনেক ক্রিকেটারকে চিনতাম। রুতুরাজ, অঙ্কিত বাওনে, অনেকের সঙ্গে প্রচুর ক্রিকেট খেলেছি। আমাদের বোঝাপড়া ভাল। কখনও মনে হয়নি অন্য দলে যোগ দিয়েছি। আমি খুব স্বস্তিতে আছি। উপভোগ করছি।’
রঞ্জি ট্রফিতে একটা ভাল মরশুম জাতীয় দলে ফের জায়গা করে দিতে পারে, এটা নিয়ে ভাবছেন? পৃথ্বী বললেন, ‘মাথায় থাকে ব্যাপারটা। তবে কঠোর পরিশ্রম করতে হবে। তবে আমার অভিজ্ঞতা বলে, এসব নিয়ে বেশি ভাবা উচিত নয়। এই এখন আপনাদের সঙ্গে কথা বলার সময় হয়তো ভাবছি। হোটেলের রুমে ফিরে আর ভাবব না। আমাদের এখন ম্যাচ জিততে হবে। ভাল প্র্যাক্টিস করতে হবে। ভাল খাওয়াদাওয়া করতে হবে। ব্যস।’
প্রথম ইনিংসে ব্যর্থ হওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলেন। সৌরভ এখন দিল্লি ক্যাপিটালসের কোচ। যে দলের হয়ে আইপিএলে খেলেন পৃথ্বী। কী পরামর্শ পেলেন? পৃথ্বী বললেন, ‘খুব বেশি কথা হয়নি। পিচ কেমন জিজ্ঞেস করছিলেন। দিল্লির শিবির চলছে। সেখানে খুব শীঘ্রই দেখা হবে। তখন ক্রিকেট নিয়ে আরও কথা হবে।‘
আরও পড়ুন: আড়াই বছর পর ইডেনে লজ্জায় ডুবল বাংলার ক্রিকেট, বোনাস পয়েন্ট সহ জিতে গ্রুপ শীর্ষে পৃথ্বীরা
