কলকাতা: ধরা পড়েছিল ডেঙ্গি, হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল অভিনেতা রণজয় বিষ্ণুকে (Ranojoy Bishnu)। বেশ কয়েকদিন থেকেই জ্বরে ভুগছিলেন তিনি, ওষুধ খেয়েই শ্যুটিং চালাচ্ছিলেন তিনি। তবে দীপাবলির আগে কয়েকটা দিন শ্যুটিংয়েও যেতে পারেননি তিনি। শরীর দুর্বল লাগছিল, বাধ্য হয়েই চিকিৎসকের ফের পরামর্শ নেন তিনি। তাঁর পরামর্শেই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। আর ভাইফোঁটার দিন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রণজয়। বোনেদের হাতে ফোঁটাও নিলেন বিশেষ দিনে। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিয়ে রণজয় জানালেন, কেমন আছেন তিনি।
হাসপাতাল থেকে ফিরে বিশেষ বারতা রণজয় বিষ্ণুর
সোশ্যাল মিডিয়ায় ভাইফোঁটার একগুচ্ছ ছবি শেয়ার করে রণজয় লিখেছেন, ‘সকলের আশীর্বাদ, ভালোবাসা এবং প্রার্থনায় অবশেষে ভাইফোঁটার দিন আমি হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। সৌভাগ্যবশত মধ্যমগ্রামের বাড়িতেই ফিরতে পেরেছি। পরিবারের সবার সঙ্গে দেখা হয়েছে। যদিও শরীর এখন প্রচণ্ড দুর্বল, চিকিৎসক আরও কিছুদিন বেডরেস্টে থাকার পরামর্শ দিয়েছেন। তাই আপাতত নিজের যত্ন নিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছি।’ অভিনেতা আরও লিখেছেন, ‘গত বেশ কিছুদিন হাসপাতালের নিয়মকানুন এবং শারীরিক অসুস্থতার কারণে সোশ্যাল মিডিয়ায় একেবারেই সক্রিয় থাকতে পারিনি। আপনাদের ফোন, মেসেজ ও ভালোবাসার উত্তর দিতে না পারার জন্য ক্ষমাপ্রার্থী। বিশেষ ধন্যবাদ আমার পরিবার, আমার বোন এবং আমার বন্ধুদের, যাদের পাশে থাকা ছাড়া এই কঠিন সময়টা পার করা অসম্ভব ছিল। আপনাদের প্রত্যেকের ভালোবাসা ও প্রার্থনা আমাকে নতুন করে শক্তি দিয়েছে। আশীর্বাদ করবেন, যেন খুব তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ হয়ে আবার কাজে ফিরতে পারি, পর্দায় আপনাদের সামনে আসতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এত ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ।’
কী কী শারীরিক সমস্যা হয়েছিল রণজয়ের?
সোশ্যাল মিডিয়ায় হাসপাতালে ভর্তি হওয়ার কথা নিজেই জানিয়েছিলেন রণজয়। তারপর থেকেই উদ্বিগ্ন হয়েছেন তাঁর অনুরাগীরা। রণজয় যে ছবিটি শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে তাঁর নাকে অক্সিজেনের নল। গায়ে হাসপাতালের জামা। তাঁর কী সমস্যা হয়েছে সেই কথা বিস্তারিত লেখেননি রণজয়। এরপরে অভিনেতার টিমের তরফ থেকে এবিপি লাইভ বাংলাকে (ABP Live Bangla) জানানো হয়েছিল, রণজয়ের ডেঙ্গি হয়েছে। হাসপাতালে ভর্তি হওয়ার পরে তাঁর একাধিক পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষার রিপোর্টেই ধরা পরে, ডেঙ্গি হয়েছে অভিনেতার। জ্বরের পাশাপাশি অভিনেতার অন্যতম সমস্যা ছিল শ্বাসকষ্ট এবং দুর্বলতা। রণজয় জানিয়েছেন, এখনও তিনি দুর্বল। বাড়িতেই বিশ্রামে থাকতে হবে তাঁকে। এখনই ফিরতে পারবেন না শ্যুটিং ফ্লোরে।
