কলকাতা: তিনি যে একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই খবর জানা গিয়েছিল সোশ্যাল মিডিয়া থেকেই। চোখে সমস্যা হয়েছিল তাঁর, যার ফলে একটা চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হচ্ছিল তাঁকে। তবে ঠিক কী কী সমস্যা হয়েছিল তাঁর, সেই কথা বিস্তারিতভাবে লিখতে পারেননি তিনি। সুস্থ হয়ে, বিস্তারিত পোস্ট করলেন অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায় (Rwitobroto Mukherjee)। ৭০ দিনেরও বেশি সময় ধরে চোখের সমস্যায় ভুগে, আপাতত অনেকটাই সুস্থ তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করে ঋতব্রত লিখলেন, কী কী সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন তিনি।
সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন ঋতব্রত?
সোশ্যাল মিডিয়ায় ঋতব্রত একটি ছবি শেয়ার করে নিয়েছেন। ছবিটি একটি সেলফি। সঙ্গে লিখেছেন, ‘এই ছবিটা আজকের। এই চেহারা আর এই হাসি ফিরে পেতে ৭০ দিন সময় লাগল। ডান চোখে মোট তিনটি ছোট/বড় অস্ত্রোপচারের পর, আমার চোখের কর্ণিয়া সম্পর্কিত যে সমস্যা তৈরি হয়েছিল, তা এখন আগের থেকে অনেক ভালো রয়েছে। চিকিৎসকদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আমার মা-বাবা, মেজো মাসি-মেসো, বাবাই দিদি, বাপি কাকাই, তিথি, পরিবার ও কাছের মানুষরা একটা লম্বা ও কঠিন লড়াইয়ের মধ্যে দিয়ে গেলেন। তাঁদের ধন্যবাদ জানানোর মতো ভাষা নেই। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা ও ভালোবাসা জানানোর জন্য। এই লম্বা সময়টায় শুধুই বাড়িতে থেকে বিশ্রাম নিয়েছি আর এখনও কিছুদিন সাবধানে থাকতে হবে। সম্পূর্ণভাবে সুস্থ হয়ে তারপর আবার কাজে ফিরতে চাই কিছুদিন পরে। বহুদিন আমার পরিচিত আলো, সাজঘর, স্ক্রিপ্ট, ক্যামেরা, মঞ্চ, মাইক্রোফোন, অডিওর সাথে দেখা হয়নি। তাদের কাছে আর প্রিয় সহকর্মী ও দর্শকদের কাছে ফিরতে চাই। সঙ্গে থাকবেন। বড়দের প্রণাম জানাই। আর সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। ভালো থাকবেন সকলে।’
এর আগে সোশ্যাল মিডিয়ায় নিজের শরীরের খবর দিতে গিয়ে ঋতব্রত লিখেছিলেন, ‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। স্বাভাবিক অবস্থায় ফিরতে অন্তত আরও ১ মাস সময় লাগবে। আপনাদের সবার ভালবাসা আর শুভকামনার জন্য অসংখ্য ধন্যবাদ। সময়টা বেশ কঠিন ছিল, কিন্তু দিন দিন পরিস্থিতি সামলে এগিয়ে যাচ্ছি। চোখের অবস্থা এখন স্থিতিশীল, সবার জন্য কৃতজ্ঞতা। ভালবাসা, ঋতব্রত মুখোপাধ্যায়।’
আরও পড়ুন: Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
