কলকাতা: দীপাবলির সাজের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই, একদিকে যেমন নজর কাড়লেন করিনা কপূর খান (Kareena Kapoor Khan), তেমনই জড়ালেন আইনি জটিলতাতেও! অভিযোগ, ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন সেফ আলি খানের স্ত্রী। মধ্য প্রদেশের কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ (Madhya Pradesh Congress spokesperson Abbas Hafeez) করিনা ও তাঁর স্টাইলিস্ট রিয়া কপূরকে (Rhea Kapoor) আইনি চিঠি পাঠিয়েছেন। হাফিজের অভিযোগের কেন্দ্রে করিনার নেকলেস। ভোপালের রাজপরিবারের অলঙ্কার এই নেকলেস। যা মনসুর আলি খান পটৌডি পরিবারের তরফে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন সেফ-ঘরনি করিনা। পান্নাখচিত সেই নেকলেসের পেনডেন্টে কোরানের একটি বাণী খোদাই করা রয়েছে। তা নিয়েই আপত্তি তুলেছেন কংগ্রেস নেতা। আর এই ঘটনায় এবার করিনা কপূরের পাশে দাঁড়ালেন, তসলিমা নাসরিন (Taslima Nasrin)।
‘পান্নার পাথরে খোদাই করা অক্ষরের মর্যাদা আছে, রক্তমাংসের একজন নারীর মর্যাদা নেই?’ প্রশ্ন তসলিমা নাসরিনের
সোশ্যাল মিডিয়ায় তসলিমা লিখেছেন, ‘ধর্মের স্বঘোষিত পাহারাদারেরা যে মাঝে মাঝে কী হাস্যকর কাণ্ড করে! করিনা কাপূর গলায় একটি পান্নার লকেট পরেছেন। লকেটে কোরানের আয়াতুল কুরসি খোদাই করা। ভোপালের নবাব পরিবারের এই গয়না সেফ আলি খানের পরিবার থেকে তাঁর কাছে এসেছে। সেই লকেট পরার ছবি নিয়ে কোনও এক মুসলমান নেতা আইনি নোটিস পাঠিয়েছেন। ছবি মুছতে হবে, করিনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। নইলে আরও আইনি পদক্ষেপের হুমকি।
কেন? আয়াত খোদাই করা লকেট গলায় পরলে কী এমন সর্বনাশ হয়? লকেট তো গলায় পরারই জিনিস। গলায় পরলে বুকের কাছেই ঝুলবে। নাকি আপত্তি করিনার ক্লিভেজ দেখা যাচ্ছে বলে? ক্লিভেজ কি এঁরা মনে করেন আল্লাহ বানাননি? শয়তান বানিয়েছে? গোটা শরীর আল্লাহর সৃষ্টি, শুধু নারীর বুকের কাছে এসে শয়তান কিছু কারিগরি করে দিয়ে গিয়েছে? মজার তো ব্যাপারটা! কী আশ্চর্য পবিত্রতার ধারণা! পান্নার পাথরে খোদাই করা অক্ষরের মর্যাদা আছে, রক্তমাংসের একজন নারীর মর্যাদা নেই। অক্ষরের সম্মান রক্ষার জন্য একজন নারীকে হেনস্থা করা যায়, তাঁকে ক্ষমা চাইতে বাধ্য করার চেষ্টা করা যায়। নারীর শরীরের কাছে গেলেই যদি পবিত্রতা নষ্ট হয়ে যায়, তবে সেই পবিত্রতার ধারণার মধ্যেই নারীর প্রতি ঘৃণা ঢুকিয়ে রাখা হয়েছে।’
‘করিনার ক্ষমা চাওয়ার কোনও কারণ দেখি না’, সাফ বার্তা তসলিমা নাসরিনের
তসলিমা আরও লিখেছেন, ‘আপনি কোনও আয়াতকে পবিত্র মনে করেন, করুন। সেই বিশ্বাসের দায় অন্যের ঘাড়ে চাপাবেন কেন? আপনার বিশ্বাস অনুযায়ী অন্য একজন নারীকে পোশাক পরতে হবে, গয়না পরতে হবে, ছবি তুলতে হবে— এ কেমন অদ্ভুত আবদার? আপনার অনুভূতি আহত হয়েছে বলে অন্যের স্বাধীনতা কেড়ে নেওয়ার ছাড়পত্র নিশ্চয়ই পেয়ে যাননি। এই অনুভূতির ব্যবসায়ীদের নিয়ে মানুষ অতিষ্ঠ। শতাব্দীর পর শতাব্দী কাটছে, তারপরও এঁরা দুনিয়াকে দেখানো বন্ধ করছে না যে এঁরা সহিষ্ণুতার স-ও জানেন না! নারীর গলার লকেট থেকে বুকের খাঁজ পর্যন্ত সর্বত্র এঁদের নজরদারি। ধর্মের নামে এই শরীর-পাহারা, এই ভয় দেখানো, এই ক্ষমা আদায়ের দাদাগিরি বন্ধ হোক। করিনার ক্ষমা চাওয়ার কোনও কারণ দেখি না। ক্ষমা চাওয়া উচিত তাঁদের, যাঁরা একজন নারীর নিরীহ সাজপোশাককে অপরাধ বানানোর জন্য উঠে পড়ে লেগেছেন।’
