মুম্বই: দীপাবলি উপলক্ষ্যে গোটা দেশে খুশির আবহ। আলোর উৎসবে মেতে উঠেছিল আট থেকে আশি। বাদ যাননি বিভিন্ন ক্ষেত্রের তারকারাও। বিরাট কোহলি থেকে শুরু করে রণবীর সিংহ, দীপিকা পাডুকোন, সমাজমাধ্যমে সেলিব্রেশনের ছবি বা ভিডিও শেয়ার করেছেন অনেকেই। তবে দীপাবলি উদযাপন করার ছবি পোস্ট ঘিরে বেনজির অভিজ্ঞতা হল করিনা কপূর খানের (Kareena Kapoor Khan)। অভিনেত্রীকে পাঠানো হল আইনি নোটিস! তুমুল বিতর্ক শুরু হয়েছে যা নিয়ে।

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করায় আইনি নোটিস পেলেন করিনা কপূর!

ঘটনা হচ্ছে, দীপাবলিতে করিনার একাধিক ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট হয়েছে। পোস্ট করেছেন তিনি নিজে। পোস্ট করেছেন রিয়া কপূরও। যিনি করিনার ব্যক্তিগত ফ্যাশন ডিজাইনার। অভিযোগ, ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন সেফ আলি খানের স্ত্রী। মধ্য প্রদেশের কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ (Madhya Pradesh Congress spokesperson Abbas Hafeez) করিনা ও তাঁর স্টাইলিস্ট রিয়া কপূরকে (Rhea Kapoor) আইনি চিঠি পাঠিয়েছেন।

ঠিক কী অভিযোগ? হাফিজের অভিযোগের কেন্দ্রে করিনার নেকলেস। ভোপালের রাজপরিবারের অলঙ্কার এই নেকলেস। যা মনসুর আলি খান পটৌডি পরিবারের তরফে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন সেফ-ঘরনি করিনা। পান্নাখচিত সেই নেকলেসের পেনডেন্টে কোরানের একটি বাণী খোদাই করা রয়েছে। তা নিয়েই আপত্তি তুলেছেন কংগ্রেস নেতা। হাফিজের দাবি, অবিলম্বে সোশ্যাল মিডিয়া থেকে সেই পোস্ট মুছে দিতে হবে অভিনেত্রীকে। সেখানেই শেষ নয়, করিনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেছেন তিনি। না হলে আইনি পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

কী ছবি পোস্ট করেছিলেন করিনা?

দীপাবলি উপলক্ষ্যে ঝলমলে পোশাক পরে ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন করিনা। সেখানে করিনার গলায় ছিল ভোপাল রাজ পরিবারের সম্পদ একটি নেকলেস। সেই নেকলেসে একটি উর্দু বাণী খোদাই করা রয়েছে। ‘আয়াত উল কুর্সি।’ যা কোরাণের পবিত্র বাণী। ছবিতে লকেটটি স্বাভাবিকভাবেই করিনার বক্ষ বিভাজিকার কাছে দেখা গিয়েছে। আর তাতেই আপত্তি হাফিজের। হাফিজের অভিযোগ, কোরানের পবিত্র বাণীকে এভাবে ফ্যাশন স্টেটমেন্ট হিসাবে ব্যবহার করা যায় না এবং খোলামেলা পোশাকের সঙ্গে পরা যায় না। এটা ধর্মীয় ভাবাবেগে আঘাত ছাড়া আর কিছু নয়। হাফিজ এ-ও জানিয়েছেন যে, মুসলিম ভাবাবেগ থেকেই তাঁর এই পদক্ষেপ, এর সঙ্গে কংগ্রেস দলের কোনও সম্পর্ক নেই। হাফিজের হুঁশিয়ারি, করিনা ছবি ডিলিট না করলে তিনি আদালত বা পুলিশের মাধ্যমনে আইনি পদক্ষেপ করবেন।

করিনা ভোপালের নবাবের ব্যবহৃত দুশো বছরের পুরনো একটি কল্গি পরেছিলেন। সেই সঙ্গে ৩০ ক্যারাট পান্নার নেকলেস। যা ভোপালের বেগমের ছিল। সেফের ঠাকুমা সাজিদা সুলতান ছিলেন ভোপালের নবাবের কন্যা। সেই সূত্রেই এই নেকলেস পেয়েছেন করিনা। তবে এই বিতর্ক নিয়ে করিনা বা রিয়া, এখনও পর্যন্ত কেউই কোনও প্রতিক্রিয়া দেননি। কী পদক্ষেপ করা হবে সেটাও জানাননি। করিনাকে পর্দায় ফের দেখা যাবে শাহরুখ খানের ‘কিংগ’ সিনেমার একটি গানে।

 

আরও পড়ুন: Kiara Advani: লাল পোশাকে বেবিবাম্পের কাছে একটা তারা, সন্তানের অপেক্ষায় ঝলমলে ফটোশ্যুট কিয়ারা আডবাণীর



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *