বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।Image Credit: Getty Image

নয়া দিল্লি ও ঢাকা: ২০২৪ সালের ৫ অগস্ট গণ অভ্যুত্থানের মুখে পড়ে বাংলাদেশ ছেড়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। সেই থেকে ভারতেই রয়েছেন। এখন দেশে ফিরতে চান হাসিনা। ইতিমধ্যেই বাংলাদেশে (Bangladesh) ফেরার জন্য পাসপোর্টের (Passport) আবেদন করেছেন তিনি। তবে বাংলাদেশ সরকার তাঁকে পাসপোর্ট দিতে নারাজ। তাহলে কীভাবে ভারত থেকে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা?

কী বলছে বাংলাদেশ?

হাসিনা বাংলাদেশে ফেরার জন্য পাসপোর্টের আবেদন করতেই, সে দেশের ভারপ্রাপ্ত বিদেশমন্ত্রী হুমায়ূন কবীর জানিয়েছেন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না। বরং তাঁকে বন্দি প্রত্যর্পণ বা বন্দি বিনিময় চুক্তির অধীনে ভারত থেকে বাংলাদেশে ফেরানোর উপরে জোর দেন। ২০১৩ সালে হাসিনা সরকারের আমলে ভারত-বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত বন্দি প্রত্যর্পণ চুক্তির উল্লেখ করে হুমায়ূন কবীর বলেন, “বাংলাদেশ কোনও সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না। এমন পদক্ষেপের কোনও সুযোগ বা বিধান নেই। গ্রহণযোগ্য বন্দি বিনিময় প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইবে।”

এই মন্তব্য করে বাংলাদেশ সরকার কার্যত হাসিনাকে ফেরানোর ক্ষেত্রে হাত তুলে নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও বলেছেন যে হাসিনাকে দেশে ফেরানো হবে না। এই আবহে ভারত সরকার কী বলছে? গত মঙ্গলবারই ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, হাসিনার ট্রাভেল ডকুমেন্ট লাগবে।

ভারতের অবস্থান-

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়। আইন অনুযায়ীই কাজ হবে”। হাসিনার দেশে ফেরার বিষয়ে বাংলাদেশ হাইকমিশনই সঠিক জবাব দিতে পারবে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে হাসিনার বাংলাদেশে ফিরতে পাসপোর্ট লাগবে, এ কথাও উল্লেখ করে তিনি বলেন, “ভ্রমণের জন্য নথির প্রয়োজন।”

জানা গিয়েছে, শেখ হাসিনা সরাসরি বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করেননি। তিনি লন্ডনের একটি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছেন। ওই প্রতিষ্ঠানই বাংলাদেশ সরকারকে সেই আবেদনের কথা জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *