নয়াদিল্লি: বাংলাদেশ ফিরতে চান শেখ হাসিনা। এ বছর ফিরতে চান বলে আগেই জানিয়েছিলেন। এবার দিনক্ষণ জানিয়ে দিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ ফিরতে চান হাসিনা। ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে’র বিমানে চেপেই দেশে পা রাখতে চান তিনি। দীর্ঘ দু’বছরেরও বেশি সময় ধরে ভারতের আশ্রয়ে রয়েছেন হাসিনা। (Sheikh Hasina)

২০২৬ সালের শেষ দিকে দেশে ফিরতে চান বলে আগেই ইচ্ছাপ্রকাশ করেছিলেন হাসিনা। কবে তিনি ফিরতে পারেন, তা নিয়ে জল্পনা চলছিল। সেই আবহেই এই প্রথম ফেরার দিন ক্ষণ ঠিক করে নিলেন হাসিনা। ১৬ ডিসেম্বর দিনটি ‘বিজয় দিবস’ হিসেবে পালিত হয় বাংলাদেশে। ১৯৭১ সালে পাকিস্তানের হাত থেকে স্বাধীনতাপ্রাপ্তির উদযাপন হয়। ওই দিনই দেশে ফিরতে চান হাসিনা। (Sheikh Hasina Bangladesh Return)

আরও পড়ুন: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’

হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি মঙ্গলবার এই খবর জানালেন। সংবাদ সংস্থা রয়টার্সকে তিনি জানিয়েছেন, বিজয় দিবসেই ঢাকায় নামতে চান হাসিনা। বিমান বাংলাদেশে চেপেই দেশে ফিরতে চান। তাঁর কথায়, “২০২৪ সালের ৫ অগাস্ট ভারত চলে গিয়েছিলেন শেখ হাসিনা। সরকারকে এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করতে বলছেন উনি। সংবিধান বহির্ভূত ভাবে নির্বাসিত করা হয় তাঁকে। ১৬ ডিসেম্বর, বিজয় দিবসে তিনি যাতে দেশে ফিরতে পারেন, সেই দায়িত্ব এখন সরকারের।”

রয়টার্সের খবর অনুযায়ী, হাসিনাকে আইনি পরামর্শ দেয় যে সংস্থা, লন্ডনের সেই Matrix Chambers-এর তরফে গত ৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়। হাসিনা যাতে দেশে ফিরতে পারেন, সেই মতো নথিপত্র দিতে বলা হয় তাদের। এর পরও কথা হয়েছে দুই পক্ষের মধ্যে। হাসিনার স্বাক্ষর সম্বলিত একটি নথিও জমা দেওয়া হয়, যাতে তাঁর আবেদন কতদূর এগিয়েছে জানতে চাওয়া হয়। যদিও বাংলাদেশের তরফে ওই আবেদনের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কোনও কাগজপত্র দেওয়া হবে না, এমন বার্তাও গিয়েছে বলে খবর। ঢাকার দাবি, প্রত্যর্পণ চুক্তি মেনেই হাসিনাকে ফিরতে হবে বাংলাদেশে। 

সংরক্ষণ বিরোধী আন্দোলন হিংসাত্মক আকার ধারণ করলে বাংলাদেশ ছাড়েন হাসিনা। সেই থেকে দিল্লির আশ্রয়ে রয়েছেন তিনি। তার মধ্যেই গত দু’বছরে অনেক কিছু বদলে গিয়েছে বাংলাদেশে। হাসিনার দল আওয়ামি লিগ নিষিদ্ধ হয়েছে সেখানে। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে তাঁকে। মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার সরে গিয়ে, বর্তমানে ক্ষমতায় তারেক রহমানের BNP. হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে ইতিমধ্যেই আবেদন জানিয়েছে তারা। তবে বাংলাদেশে ফিরে হাসিনা ন্যায়বিচার পাবেন কি না, সুষ্ঠু বিচার আদৌ হবে কি না, তা নিয়ে সন্দেহ কাটছে না তাঁর অনুগামীদের। 

আরও পড়ুন: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল

বিশেষ করে বর্তমানে যা পরিস্থিতি, তাতে উদ্বেগের যথেষ্ট কারণও রয়েছে। হাসিনার দেশে ফেরার সম্ভাবনা বাড়ার সঙ্গে সঙ্গেই অশান্তি শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। আওয়ামি লিগের নেতা-কর্মীদের বাড়িতে হামলা হয়েছে। সংঘর্ষ, বিস্ফোরণ ঘটেছে জায়গায় জায়গায়। পর পর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সেই আবহেই বাংলাদেশ ফেরার দিন ক্ষণ জানালেন হাসিনা। 

এখনও পর্যন্ত ঢাকার তরফে এ নিয়ে প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে রবিবারই হাসিনাকে নিয়ে রয়টার্সে মুখ খোলেন বাংলাদেশের এক মন্ত্রী। তিনি জানান, দেশে পা রাখার সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হবে হাসিনাকে। তবে ভারতে বিমান পাঠানো নিয়ে কিছু জানাননি তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *