কলকাতা: আর্থিক সমস্যায় জর্জরিত বিমান সংস্থা SpiceJet। আর তার পরিষেবা নিয়ে ক্রমশই বাড়ছে উদ্বেগ। একের পর এক বিমান বাতিল, দীর্ঘ বিলম্ব এবং সীমিত সংখ্যক বিমান নিয়ে পরিষেবা চালানোর অভিযোগের মধ্যেই নতুন বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, যে রুটগুলিতে নিয়মিত বিমান চালাতে পারছে না সংস্থাটি, সেখানেও টিকিট বিক্রি অব্যাহত রেখেছে তারা। সম্ভাব্য বাতিল বা পরিষেবা বিঘ্নের বিষয়ে যাত্রীদের আগাম সতর্কও করা হচ্ছে না। ফলে বিমানবন্দরে পৌঁছে সমস্যায় পড়ছেন বহু যাত্রী।
আরও পড়ুন: কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণায় খড়গপুর IIT -কে ৫০ লক্ষ ডলার দিচ্ছে গুগল, ঘোষণা সুন্দর পিচাইয়ের
সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্পাইস জেটের দিল্লি-দুবাই এবং দিল্লি-মুম্বই রুটে বুকিং করা যাচ্ছে। যদিও ওয়েব সাইটে কোনও ধরনের সম্ভাব্য বিমান বাতিল বা পরিষেবা সংক্রান্ত কোনও বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়নি।
দুবাইয়ের ক্ষেত্রে পরিস্থিতি আরও উল্লেখযোগ্য। বকেয়া অর্থ পরিশোধ না করায় ১২ নভেম্বর দুবাই বিমানবন্দর SpiceJet-এর চেক-ইন পরিষেবা বন্ধ করে দিয়েছিল বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। জানা গিয়েছে, গ্রাউন্ড হ্যান্ডলিং সংস্থা dnata প্রায় ১৪ মিলিয়ন দিরহাম যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫.৮ কোটি টাকা স্পাইস জেটের কাছ থেকে পায়। তা সত্ত্বেও দিল্লি-দুবাই ও মুম্বই-দুবাই রুটের টিকিট বিক্রি চলছিল বলে অভিযোগ।
SpiceJet-এর দেশীয় পরিষেবাও বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ। ১৯ নভেম্বর দিল্লি-মুম্বইগামী SG 603 বিমানটি দীর্ঘক্ষণ অপেক্ষার পর বাতিল করা হয়। এতে দিল্লির বিমানবন্দরে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। অন্য একটি ঘটনায় বেঙ্গালুরু থেকে দিল্লিগামী বিমানে ১১ ঘণ্টা দেরির অভিযোগ উঠেছে। এক যাত্রীর দাবি, নির্ধারিত উড়ানের মাত্র এক ঘণ্টা আগে জানানো হয়েছিল যে বিমান উড়তে দেরি হবে।
পরিস্থিতির দিকে নজর রেখে ১৭ নভেম্বর SpiceJet-কে শো কজ নোটিস পাঠায় বিমান নিয়ন্ত্রক সংস্থা DGCA। সময়মতো বিমান চালাতে ব্যর্থতা, বারবার উড়ান বাতিল, যাত্রীদের অসুবিধা এবং অধিকাংশ বিমান বসে থাকার মতো আটটি বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। জবাব দেওয়ার জন্য সাত দিন সময় দেওয়া হয়েছিল।
পাইলটদের সংগঠন ALPA India-ও সংস্থার আর্থিক সংকটের প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছে। তাদের আশঙ্কা, এর ফলে কর্মীদের বেতন, বিমানের রক্ষণাবেক্ষণ এবং উড়ানের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, SpiceJet-এর বহরে কাগজে-কলমে প্রায় ৫০টি বিমান থাকলেও বর্তমানে মাত্র পাঁচটি চালু রয়েছে।
আর্থিক সংকট কাটাতে ১৮ নভেম্বর সর্বোচ্চ ৫ হাজার ৫০০ কোটি টাকা সংগ্রহের প্রস্তাবে অনুমোদন দিয়েছে SpiceJet-এর বোর্ড। বিভিন্ন আর্থিক উপকরণের মাধ্যমে এই অর্থ তোলার পরিকল্পনা রয়েছে। তবে প্রস্তাব অনুমোদিত হলেও এই পরিমাণ অর্থ এখনও এই সংস্থার হাতে এসে পৌঁছেছে বলে মনে করছে না বিশেষজ্ঞরা। আর এই পরিস্থিতিতে যাত্রীদের পরিষেবা স্বাভাবিক রাখা এবং বিমান পরিচালনায় ধারাবাহিকতা বজায় রাখাই SpiceJet-এর সামনে বড় চ্যালেঞ্জ।
BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
