কলকাতা: তার প্রতিভা প্রশ্নাতীত। কিন্তু মঙ্গলবার ভারতীয় ‘এ’ দলের জার্সিতে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi), যে ইনিংসটা খেলল, তা বহুদিন দর্শকদের মনে থাকবে। আমিরশাহির বিরুদ্ধে ৫৩ বলের ইনিংসে অপরাজিত ২০৪ রানের ইনিংস খেলে। এই ৫৩ বলের ইনিংসে সাতটি চার ও ২৮টি ছক্কা অর্থাৎ মোট ৩৫টি বল বাউন্ডারির বাইরে পাঠায়। একগুচ্ছ রেকর্ড ভেঙে চুরমার করে সমস্তিপুরের তরুণ ক্রিকেটার।
অবিশ্বাস্য ব্যাটিং করলেও, বৈভব জানায় সে কিন্তু এই ম্যাচে ব্যাটিংয়ে নামার আগে মাথায় কোনওরকম নির্দিষ্ট টার্গেট নিয়ে মাঠে নামেনি। বাঁ-হাতি ব্যাটার জানায় সে পরিবেশ, পরিস্থিতিবুঝে নিজের স্বাভাবিক আগ্রাসী ব্যাটিংটাই করে এবং বাকিটা নিজে নিজেই হয়। রাইজ়িং স্টার্স এশিয়া কাপের (Rising Stars Asia Cup) ব্রডকাস্টার সোনি স্পোর্টস নেটওয়ার্কে এগুলি জানায় বৈভব।
বৈভবকে বলতে শোনা যায়, ‘আমি তো প্রথম দুই ম্যাচে রান পাইনি। তবে পিচ, পরিস্থিতি বোঝার পর মনে হয় যে এখানে বোলারদের জন্য তেমন কিছুই নেই। তাই আমি নিজের খেলা খেলার সিদ্ধান্ত নিই। আমি প্রতিটি ম্যাচে একই মানসিকতার সঙ্গে নামি, সবসময় চাই যাতে দীর্ঘক্ষণ ব্যাট করি। বিশেষকিছু নয়, খালি দীর্ঘ সময় ব্যাট করতে চেয়েছিলাম। পিচ সহজ ছিল এবং নিজের খেলার উপর আমি আস্থা রাখি।’
আরও পড়ুন:- দল গোছানোর জন্য রয়েছে প্রচুর টাকা, আইপিএল নিলামে কাদের জন্য ঝুলি উপুড় করতে পারে কেকেআর?
ব্যাট হাতে নামলেই সে বিশ্বরেকর্ড গড়াটা যেন জলভাতে পরিণত করে ফেলেছে। আইপিএলে নজির গড়ছে, ঘরোয়া ক্রিকেটে বিহারের জার্সিতে নজির গড়ছে। দেশের জার্সিতে সিনিয়র দলের হয়ে সুযোগ পেয়ে ছাপ ফেলেছে সে। এবার লিস্ট এ ক্রিকেটে যে কোনও ফর্ম্য়াটে দ্রুততম দ্বিশতরানের নজিরও গড়ে ফেলল বৈভব সূর্যবংশী। ৫২ বলে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম দ্বিশতরানের কৃতিত্ব এখন বৈভবের দখলেই।
লিস্ট এ ক্রিকেটে সীমিত ওভারের ফর্ম্য়াটে এক ইনিংসে এতগুলো ছক্কা এর আগে কোনও ব্যাটার হাঁকাননি। এমনকী স্ট্রাইক রেট তো খুবই ঈর্ষণীয়। ৩৮৫ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে বৈভব। ৩ ম্য়াচে ২৪১ রান করে সর্বাধিক রান করার তালিকায় টুর্নামেন্টে সবার আগে রয়েছে বৈভবই। এরপর তাকে বৃহস্পতিবার রাইজ়িং স্টার্স এশিয়ান কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে দেখা যাবে। সেই ম্যাচে বৈভব কেমন পারফর্ম করে, সেইদিকে কিন্তু সকলের নজর থাকবে।
