মুম্বই: নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজে ৩-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে শ্রেয়স আইয়ারের দল। প্রথম তিনটি ম্য়াচে গিল নেতৃত্বভার সামলালেও, পরের দুটো ম্য়াচে শ্রেয়স ছিলেন অধিনায়কের দায়িত্বে। আর পঞ্চম ম্য়াচে শ্রেয়স আইয়ার ও বিরাট কোহলির মধ্যে ঘটা একটি সংক্ষিপ্ত কথোপকথন ক্রিকেট ভক্তদের নজর কেড়েছেন। সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যা দেখার পর অনেকেই মনে করছেন যে বিরাটের পরামর্শ উপেক্ষা করছেন শ্রেয়স। অনেকেই শ্রেয়সের সমালোচনায় মুখর হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে আলোচনা হচ্ছে।
ঠিক কী হয়েছিল?
নিউজিল্য়ান্ডের ব্যাটিংয়ের সময়ে দুটো ওভারের মাঝে এই ঘটনাটি ঘটে। শ্রেয়স উইকেট কিপার ব্যাটার ঈশান কিষাণের সঙ্গে কথা বলছিলেন। ঠিক তখনই কোহলি তাদের কাছে এগিয়ে আসেন ও আইয়ারের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। তবে আইয়ার সেখানে বেশিক্ষণ দাঁড়াননি আর দ্রুতই হেঁটে চলে যান। সংক্ষিপ্ত এই ফুটেজটি প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই ক্লিপটি ভাইরাল হওয়ার পর অনেকেই বলছেন যে অভিজ্ঞ বিরাটের কথা শোনার জন্য একটু দাঁড়াতেই পারতেন শ্রেয়স। এভাবে মুখ ঘুরিয়ে না চলে গেলেই পারতেন তিনি। অনেকেই আইয়ারের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও ভিডিও ক্লিপ দেখে এটা বোঝা মুশকিল যে সত্যিই শ্রেয়স বিরাটকে উপেক্ষা করেছিলেন কি না। ওয়ান ডে সিরিজের শেষ ম্য়াচটি জিতে সিরিজ জয়ের হাতছানি ছিল ভারতের সামনে। কিন্তু ব্যাটিং অর্ডার যেভাবে ভেঙে পড়েছিল, তাতে চাপ বেড়েছিল বোলারদের ওপর।
The former captain, current captain and vice-captain deep in discussion as the action unfolds! 👀 Watch HERO VIDA India Tour of New Zealand, 5th ODI, LIVE NOW on Sony Sports Network TV channels, Sony Vizha & Sony LIV. #SonySportsNetwork #SonyVizha #SonyLIV #NZvIND https://t.co/AvPEzpEG88
— Sony Sports Network (@SonySportsNetwk) November 15, 2026
কিন্তু অন্যরকম কিছু ভেবেছিলেন ভারতের বোলাররা। হারার আগে হারব না পণ নিয়ে মাঠে নেমেছিলেন যেন। জয়ের জন্য ২১০ রান তাড়া করতে নেমে নিউজ়িল্যান্ড অল আউট হয়ে গেল ১৮৭ রানে। ১১ বল বাকি থাকতে। ভারতীয় বোলাররা দাপট দেখালেন। অর্শদীপ সিংহ নিলেন ৩ উইকেট। ২টি করে উইকেট মহম্মদ সিরাজ ও অক্ষর পটেলের। একটি করে উইকেট নিলেন আকিব নবি, যশ ঠাকুর ও নমন ধীর। ডানহাতি পেসার যশ ঠাকুরের ওয়ান ডে অভিষেক হল রবিবার। বল হাতে গতি ও নিয়ন্ত্রিত লাইন-লেংথে নজর কেড়ে নিলেন বিদর্ভের পেসার। টি-টোয়েন্টি সিরিজের পর কিউয়িদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজও জিতে নিল ভারত। এবার লক্ষ্য টেস্ট সিরিজ।
