ভয়াবহ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে উত্তরাখণ্ডের তেহরি গাড়ওয়াল ও রুদ্রপ্রয়াগ জেলায় পাঁচটি পথ দুর্ঘটনায় অন্তত ১৭ জনের মৃত্যু এবং ৩৮ জন জখম হয়েছেন, এমনই জানিয়েছে পুলিশ। এর মধ্যে একটি বাস দুর্ঘটনায় নয়জন প্রাণ হারিয়েছেন। বাস দুর্ঘটনাটি মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে তেহরি গাড়ওয়াল জেলার গুলার ঘাটি এলাকায় ঘটে।

৩৪ জন যাত্রী নিয়ে একটি বাস গুলার ঘাটিতে রাস্তার পাশের লোহার রেলিং ভেঙে প্রায় ১০০ মিটার নীচে একটি খাদে পড়ে যায়। হরিদ্বার থেকে জোশিমঠ যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে, যাতে নয়জন নিহত এবং ২৫ জন আহত হন। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় এবং বাকি দু’জন এইমস-ঋষিকেশে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা, আহতদের জন্য ১ লক্ষ টাকা এবং সামান্য আহতদের জন্য সর্বোচ্চ ৪০ হাজার টাকা সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন।

দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে সোমবার রাতে রুদ্রপ্রয়াগ জেলার হনুমান মন্দিরের কাছে। কানদারা মোটর রোডে একটি বোলেরো এসইউভি গাড়ি গভীর খাদে পড়ে গেলে চারজন যাত্রী নিহত হন এবং ছয়জন আহত হন বলে পুলিশ জানিয়েছে। তৃতীয় ঘটনাটি ঘটে একই দিন রাত ১০টা ১৫ মিনিটে। তেহরি গাড়ওয়াল জেলার শিবপুরী এলাকায় দু’জন আরোহী-সহ একটি স্কুটার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যার ফলে উভয় আরোহীরই মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন আশিস (২৫) এবং প্রেম সিং জাখোদি (৩২); দু’জনেই তেহরি গাড়ওয়ালের মিনকার গ্রামের বাসিন্দা ছিলেন। 

চতুর্থ দুর্ঘটনাটি ঘটে তেহরি গাড়ওয়াল জেলার ভাটেদি বাঁকের কাছে চামিয়ালা-বুধাকেদার রাস্তায়, যেখানে একটি স্কুটার ও ট্রাকের সংঘর্ষে ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। পঞ্চম দুর্ঘটনাটির খবর পাওয়া গেছে তেহরি গাড়ওয়াল জেলার পাভকি দেবী এলাকা থেকে। পুলিশ জানায়, একটি ইউটিলিটি ক্যাম্পার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ৬০ মিটার গভীর খাদে পড়ে যায়; এতে একজন মারা যান এবং সাতজন আহত হন। নিহত ব্যক্তির নাম বীর সিং (৫০), তিনি তেহরি গাড়ওয়ালের বানসকাতালের বাসিন্দা ছিলেন।

দিনকয়েক আগে মহারাষ্ট্রে ঘটে ভয়ঙ্কর একটি দুর্ঘটনা। মুম্বইয়ের কোলাবায় একটি ট্রাফিক সিগন্যালে দু’টি বাসের মাঝে পিষ্ট হয়ে দু’টি গাড়ির পাঁচজন যাত্রী গুরুতর জখম হন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *