জীবনের সবথেকে কঠিন সময়। মা-কে হারালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক্স হ্যান্ডেলে এই মর্মে পোস্ট করলেন তিনি। তাতে দেখা যাচ্ছে, মায়ের মরদেহের সামনে শোকার্ত মুখে দাঁড়িয়ে যোগী। ক্যাপশনে লেখা, ‘মা…ওঁ শান্তি।’ এদিকে খবর পেয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে ফোন করে গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে শান্তনা দেন।
সাবিত্রী দেবী। যোগী আদিত্যনাথের মা। বয়স হয়েছিল ৯১ বছর। বেশ কিছু সময় ধরে বয়সজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। এদিন উত্তরাখণ্ডের পৌরি গারওয়াল জেলায় পাঞ্চুর গ্রামের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাবিত্রী দেবীর মৃত্যুর খবর সামনে আসতেই রাজনৈতিক জগতের বহু নেতা যোগী আদিত্যনাথকে সমবেদনা জানিয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে শোকবার্তা। শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির উত্তরপ্রদেশের সভাপতি পঙ্কজ চৌধুরী, উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক এবং বহুজন সমাজ পার্টির সভাপতি মায়াবতী-এই নেতৃবৃন্দ-সহ আরও অনেকে যোগী আদিত্যনাথের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, “উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জির মা, শ্রীমতি সাবিত্রী দেবী জির প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক। মায়ের মৃত্যু এমন এক ক্ষতি যা কোনওভাবেই পূরণ করা সম্ভব নয়। দুঃখের এই মুহূর্তে, যোগী জি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন প্রয়াত আত্মাকে তাঁর শ্রীচরণে স্থান দেন এবং শোকাহত পরিবারকে এই অপরিসীম শোক সহ্য করার শক্তি প্রদান করেন। ওঁ শান্তি, শান্তি, শান্তি।”
তবে ব্যক্তিগত শোক সত্ত্বেও, মায়ের প্রয়াণের পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর পূর্বনির্ধারিত সরকারি কর্মসূচিগুলি চালিয়ে গেছেন। রাজনৈতিক নেতৃবৃন্দ, দলীয় সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের কাছ থেকে শোকবার্তার ধারা অব্যাহত ছিল। কাল শনিবার হরিদ্বারে সাবিত্রী দেবীর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। পৌরি গারওয়ালের এসএসপি সর্বেশ পাওয়ার জানিয়েছেন যে, পুলিশ ও জেলা প্রশাসন পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছে।
माँ… ॐ शांति 🙏 https://t.co/boldZQLUPX
— Yogi Adityanath (@myogiadityanath) November 20, 2026
প্রসঙ্গত, যোগী আদিত্যনাথ ১৯৭২ সালে পৌরি গারওয়াল জেলার পাঞ্চুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জীবনের শুরুর দিকেই ঘর ছাড়েন এবং পরবর্তীতে মহন্ত অবৈদ্যনাথের শিষ্য হন, যিনি তখন গোরক্ষনাথ মঠের প্রধান ছিলেন।
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
