ফের তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। জাপান মেটিওরলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানিয়েছে, রবিবার ভোরে (স্থানীয় সময়) জাপানের শিজুওকা প্রিফেকচারে ৫.৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১ টা ৪ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়। প্রায় ৪০ কিলোমিটার গভীরে উৎপন্ন এই ভূমিকম্পটির তীব্রতা আইচি প্রিফেকচারের চিতা সিটিতে জাপানের ০-৭ মাত্রার ভূমিকম্প তীব্রতা স্কেলে ‘উচ্চ ৫’ পর্যায়ে ছিল। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল শিজুওকা প্রিফেকচারের পশ্চিমাঞ্চলে, উত্তর অক্ষাংশ ৩৪.৯ ডিগ্রি এবং পূর্ব দ্রাঘিমাংশ ১৩৭.৭ ডিগ্রিতে। তবে, কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি।
আগের দিনও জোরাল ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। জাপানি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুক্রবার টোকিওর উপকূলে ৬.১ মাত্রার কম্পন আঘাত হানে। তবে এই কম্পনের পর কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) তাদের ওয়েবসাইটে জানায়, জাপানের কান্টো অঞ্চলের অদূরে সমুদ্রে সন্ধে ৭টা ৩৯ মিনিটে (জিএমটি ১০:৩৯) ভূমিকম্প আঘাত হানে।
আমেরিকার জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল টোকিওর পূর্বে অবস্থিত আসাহি শহর থেকে প্রায় ১৬৯ কিলোমিটার (১০৫ মাইল) দক্ষিণ-পূর্বে।
জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জাপানের ০-৭ মাত্রার স্কেলে এই ভূমিকম্পটিকে ‘সিসমিক ইনটেনসিটি ৩’ (ভূকম্পন তীব্রতা ৩) হিসেবে রেকর্ড করে। এই মাত্রায়, “ঘরের ভেতরে থাকা প্রায় সবাই কম্পন অনুভব করেন” এবং “আলমারিতে রাখা থালা-বাসন কেঁপে উঠতে পারে।”
তবে, ঘটনার পরপর কোনও ক্ষয়ক্ষতি বা আহতের খবর পাওয়া যায়নি। জুলাই মাসে জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৭.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, কিউশু দ্বীপের কুমামোতো প্রিফেকচারের কাছাকাছি এলাকায় এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল, যা সেন্ট্রাল টোকিও থেকে প্রায় ৯০০ কিলোমিটার (৫৬০ মাইল) দূরে অবস্থিত। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে।
ভূমিকম্পের পর ছোটখাট সুনামি হতে পারে বলে জেএমএ (JMA) সতর্ক থাকার আহ্বান জানায়। ভূমিকম্পটির পরপরই দু’টি আঘাত অনুভূত হয়, যার ফলে ওই অঞ্চলে পরিবহন ব্যবস্থা, মোবাইল যোগাযোগ এবং বিমান চলাচল ব্যাহত হয়।
স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, কুমামোটো বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেওয়া হয়। কুমামোটোর কিছু ‘সেভেন-ইলেভেন’ (7-Eleven) দোকানে বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া যায়, অন্যদিকে এনটিটি ডোকোমো (NTT Docomo) জানিয়েছে যে তাদের মোবাইল পরিষেবা ব্যাহত হয়।
Kalipuja 2026 | ১৯ তম বর্ষে দমদম পাল্লালোক শ্য়ামাপুজোর এবারের ভাবনা-পদ্মে ভক্তি মায়ের মাঝেই শক্তি
