আগরতলা।। সোমবার একদিনের সফরে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা অধ্যাপক ডক্টর মানিক সাহা। সোমবার দুপুরে রেলপথে ধর্মনগরে পৌঁছান তিনি। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
ধর্মনগরে পৌঁছেই মুখ্যমন্ত্রী প্রথমে উপস্থিত হন ধর্মনগরের বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনে। সেখানে ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত দীপাবলির শুভেচ্ছা বিনিময় এবং আসন্ন ধর্মনগর পৌর পরিষদ ও পানিসাগর নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আয়োজিত সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করেন তিনি।
এই বৈঠকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার ছয়টি মণ্ডলের সভাপতি, ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জহর চক্রবর্তী, বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ, উত্তর জেলা বিজেপি সভাপতি কাজল দাস, যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা মালিনা দেবনাথ সহ অন্যান্য দলীয় নেতৃত্ব।
এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর পৌর পরিষদের ২৫টি ওয়ার্ডের বিজেপির মনোনীত প্রার্থীরা।আসন্ন পৌর ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দলীয় সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনী রণকৌশল এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয় বলে জানা গেছে। পাশাপাশি দলীয় নেতৃত্ব ও কর্মীদের সঙ্গে দীপাবলির শুভেচ্ছাও বিনিময় করেন মুখ্যমন্ত্রী।সাংগঠনিক বৈঠক শেষ করে মুখ্যমন্ত্রী ধর্মনগরের বেশ কয়েকটি কালীপুজোর মণ্ডপ পরিদর্শন করেন।
উল্লেখ্য, কালীপুজোকে কেন্দ্র করে ধর্মনগরের বিশেষ পরিচিতি রয়েছে। ত্রিপুরার অন্যান্য অঞ্চলের তুলনায় ধর্মনগরে কালীপুজোর জাঁকজমক ও উৎসবের আবহ এক অন্য মাত্রা পায়। এক কথায়, কালীপুজো মানেই ধর্মনগর—এই পরিচিতি দীর্ঘদিনের। মুখ্যমন্ত্রীর মণ্ডপ পরিদর্শনকে ঘিরেও পুজো উদ্যোক্তা ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ দেখা যায়।
রাজনৈতিক কর্মসূচি এবং উৎসবের আবহ দুইয়ের মেলবন্ধনে মুখ্যমন্ত্রীর সোমবারের ধর্মনগর সফর বিশেষ তাৎপর্য বহন করে।
