আগরতলা।। সামাজিক মাধ্যমে বিতর্কিত প্র্যাঙ্ক ভিডিও! ত্রিপুরার আদিবাসী যুবককে ‘চাইনিজ, চিনি চিনি’ বলে ব্যঙ্গ, সঙ্গে আপত্তিকর অঙ্গভঙ্গি ও শারীরিকভাবে হেনস্তার অভিযোগ!

সেই ঘটনায় দেশজুড়ে সমালোচনার মুখে পড়া কনটেন্ট ক্রিয়েটর আমির সৌকিনকে অবশেষে দিল্লি থেকে ত্রিপুরায় নিয়ে এল পুলিশ। মঙ্গলবার সকালে মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পৌঁছায় অভিযুক্ত। এরপর নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় নিয়ে গিয়ে আদালতে পেশ করে পুলিশি রিমান্ডের আবেদন জানায় তদন্তকারী দল।ঘটনার সূত্রপাত গত ১৯ অক্টোবর।

অভিযোগ, দিল্লির আনন্দবাজার এলাকার বাসিন্দা ত্রিপুরার আদিবাসী যুবক লেসেনজিত রিয়াংকে একটি প্র্যাঙ্ক ভিডিওর নামে তাঁর শারীরিক গঠন ও পরিচয় নিয়ে কটাক্ষ করেন কনটেন্ট ক্রিয়েটর আমির সৌকিন। ‘চাইনিজ, চিনি চিনি’ বলে ব্যঙ্গ করার পাশাপাশি আপত্তিকর অঙ্গভঙ্গি ও শারীরিক স্পর্শের মাধ্যমে তাঁকে হেনস্তা করার অভিযোগ ওঠে।

পরবর্তীতে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই ত্রিপুরা-সহ গোটা উত্তর-পূর্ব ভারতে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও সামাজিক সংগঠন অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি তোলে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা রাজ্য পুলিশের মহাপরিচালককে দিল্লি পুলিশের সঙ্গে সমন্বয় রেখে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আগরতলার নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানাতেও দায়ের হয় মামলা।

অন্যদিকে, অভিযোগের ভিত্তিতে গত ২২ অক্টোবর দিল্লির সদর বাজার এলাকা থেকে আমির সৌকিনকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ডিএসপি সমুদ্র দেববর্মার নেতৃত্বে ত্রিপুরা পুলিশের বিশেষ দল তাঁকে মঙ্গলবার সকালের বিমানে আগরতলায় নিয়ে আসে।

বিমানবন্দরে পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব নাথ জানান, নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় দায়ের হওয়া মামলার ভিত্তিতেই ট্রানজিট রিমান্ডে অভিযুক্তকে রাজ্যে আনা হয়েছে। এবার তাঁকে আদালতে পেশ করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।

সামাজিক মাধ্যমে জনপ্রিয়তার নামে জাতিগত পরিচয় ও আত্মসম্মানে আঘাত—এই অভিযোগে এবার ত্রিপুরা পুলিশের জেরার মুখে অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *