নয়াদিল্লি: দীপাবলিতে দেদার বাজি ফাটানোর দরুণ দমবন্ধ হওয়ার জোগাড় হয়েছিল। এবার দিল্লিতে যমুনা নদীতে মরা মাছ ভেসে উঠতে দেখা গেল। সোনিয়া বিহারের কাছে যমুনার জলে অগণিত মরা মাছ ভাসতে দেখা গিয়েছে। জলদূষণের জেরেই মাছ মরছে বলে অভিযোগ উঠছে। কিন্তু সেই অভিযোগ মানতে নারাজ দিল্লির বিজেপি সরকার। তাদের দাবি, সরকারকে বদনাম করতে বিরোধীরা মরা মাছ এনে ভাসিয়ে দিয়েছে যমুনার জলে। (Dead Fish in Yamuna)

দিল্লির সনিয়া বিহারের কাছে যমুনার জলে প্রচুর মরা মাছ ভাসতে দেখা গিয়েছে। জলে মরা মাছ ভাসতে দেখে ভিড় করেছে কাকপক্ষীও। সেই ছবি এবং ভিডিও সামনে আসতেই সরগরম হয়ে উঠেছে রাজধানীর রাজনীতি। অত মাছ একসঙ্গে কী করে মারা গেল, তার সঠিক কারণ যদিও জানা যায়নি এখনও পর্যন্ত। তবে স্থানীয়দের দাবি, প্রতি বছরই এমনটা ঘটে। যমুনার পাড়ে অবস্থিত চামড়ার কারখানার বর্জ্যকেও জলদূষণের জন্য় দায়ী করেছেন তাঁরা। তাঁদের দাবি, হথনীকুণ্ড ব্যারেজের কাছ থেকে জল ছাড়া হলেই এমনটা ঘটে। (Delhi Pollution)

আরও পড়ুন: ‘কোন কোন বিচারক বিজেপির, কোন কোন বিচারক তৃণমূলের?’ অভিষেকের কাছে তালিকা চাইল কলকাতা হাইকোর্ট

স্থানীয় এক বাসিন্দা সংবাদমাধ্যমে বলেন, “চামড়ার কারখানা রয়েছে একটি। সেখানকার নোংরা, রাসায়নিক মিশ্রিত জল মিশে দূষণ আরও বাড়ছে। বুধবারও মাছ মরে ভাসছিল। বৃহস্পতিবারও একই দৃশ্য। দূষিত জলের জন্য়ই মাছ মরছে। শুধু তাই নয়, সম্প্রতি যমুনার বুকে ‘নমো যমুনা ক্রুজে’র উদ্বেধন করেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, যাতে প্রমোদতরীতে চেপে যমুনাবিহারের স্বাদ নেওয়া যায়। তার জন্য যমুনার জলে রাসায়নিক স্প্রে করা হয়েছিল বলেও অভিযোগ। 

বিষয়টি সামনে আসতেই সরব হয়েছে আম আদমি পার্টি। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও পোস্ট করে তারা লেখে, ‘যমুনার সবচেয়ে সাফ-সুতরো অংশে লক্ষ লক্ষ মাছ মরছে। দিল্লি সরকার যমুনার জলে ক্ষতিকর রাসয়নিক স্প্রে করেছিল বলে অভিযোগ। শীলা দীক্ষিতের সময় থেকে ওই অংশে যমুনা একেবারে পরিষ্কার ছিল। কিন্তু ভুয়ো ভাষ্য তৈরি করতে বিজেপি সরকার যমুনার ওই অংশকে ধ্বংস করে দিয়েছে। মাছ মারা যাওয়ার অর্থ জলজ প্রাণীর বেঁচে থাকার উপযুক্ত নয় ওই জল। ভুয়ো ভাষ্য তৈরি করতেই কি যমুনার জলে রাসায়নিক স্প্রে করা হয়েছিল? ’

আরও পড়ুন: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?

কিন্তু অভিযোগ মানতে নারাজ দিল্লির জলমন্ত্রী প্রবেশ বর্মা। গোটাটাই সাজানো বলে অভিযোগ করেছেন তিনি। প্রবেশ বলেন, “আজ নোংরা রাজনীতি করতে দেখছি A-কে। হাজার থেকে মরা মাছ কিনে এনে নদীতে ছেড়ে দিচ্ছে। বদনাম করতে সেই ভিডিও তুলে ছাড়ছে ওরা।” তবে এই প্রথম নয়, একমাসেরও কম সময় আগে বুরারীতে যমুনার তীরে মরা মাছ ভেসে উঠতে দেখা যায়। 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের প্রধান রাধেশ্যাম শর্মা জানিয়েছেন, জলে বিষাক্ত হয়ে উঠেছে বলেই এত মাছ মারা যাচ্ছে। সাউথ এশিয়া নেটওয়র্ক অন ড্যামস, রিভার্স অ্যান্ড পিপলের অ্যাসোসিয়েট কো-অর্ডিনেটর ভীম সিংহ রাওয়তের মতে, যমুনার জলে দূষিত উপাদান মিশছে। তবে রাজনৈতিক তরজা চরমে উঠলেও এখনও পর্যন্ত এত মাছ মরার সঠিক কারণ জানা যায়নি। নিরপেক্ষ তদন্তের দাবি উঠছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *