সন্দীপ সরকার, কলকাতা: মাঝ নভেম্বরে সাতসকালে কলকাতায় শীতের আমেজ। মিঠে রোদ গায়ে মেখে সূর্যকুমার যাদব যখন সকাল সাড়ে সাতটায় টস করতে নামলেন, সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে তখন মুম্বই ও হায়দরাবাদ – দুই দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ বাদ দিলে দর্শক কার্যত শূন্য। 

সেই ছবিই বদলে যেতে শুরু করল ম্যাচ যত গড়াল। মাঠের ধারে ইতিউতি উৎসুক মুখ। বাউন্ডারি লাইনের ধারে প্রিয় ক্রিকেটারকে দেখলেই চিৎকার। হবে না-ই বা কেন! কলকাতায় হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বইয়ের যে দল খেলছে, সেখানে তারকার ছড়াছড়ি। সূর্যকুমার, শিবম দুবে, শার্দুল ঠাকুর, সরফরাজ খান, তুষার দেশপাণ্ডে, অঙ্গকৃষ রঘুবংশী, মুশির খান, এক ঝাঁক নক্ষত্র। যাঁদের বেশিরভাগই আইপিএলের বিভিন্ন দলে দাপিয়ে বেড়ান। 

টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন স্কাই। হায়দরাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন। শিশিরভেজা পিচে প্রতিপক্ষকে ঘায়েল করার কৌশল নেন সূর্য। সেই কৌশলে সফলও হলেন। হায়দরাবাদকে ২০ ওভারে ১৭২ রানে অল আউট করে দিল মুম্বই। হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ রান অভিরথ রেড্ডির। ২৪ বলে ৩৫। এছাড়া বলার মতো রান শুধু কোদিমেলা হিমতেজা (১৬ বলে ২৫ রান) ও অধিনায়ক চামা মিলিন্দের (১২ বলে ২২ রান)।

 

দাপট দেখালেন মুম্বইয়ের বোলাররা। ৪ ওভারে মাত্র ২৩ রান খরচ করে ৩ উইকেট ম্যাক্সওয়েল স্বামীনাথনের। তিনিই মুম্বইয়ের সর্বোচ্চ উইকেটশিকারি। বল হাতে আগুন ঝড়ালেন শার্দুল ঠাকুর, শিবম দুবেরাও। শিবম ৩১ রান খরচ করে নিলেন ২ উইকেট। ২৭ রানে ২ উইকেট সাইরাজ পাটিলের। একটি করে উইকেট শার্দুল, অথর্ব আঙ্কোলেকরের। উইকেটশূন্য রইলেন তুষার দেশপাণ্ডে।

টি-২০ ক্রিকেটে ১৭৩ রানের লক্ষ্য হয়তো ফেলনা নয়। তবে সল্ট লেকে অপেক্ষাকৃত ছোট মাঠে খুব বড় সমস্যার মুখে পড়ার কথা নয় সূর্যকুমার, অঙ্গকৃষ, শিবমদের। বিশেষ করে যেখানে সূর্য ও শিবমের ব্যাট চলতে শুরু করলে প্রতিপক্ষের হাত থেকে মুহূর্তের মধ্যে বেরিয়ে যায় ম্যাচের রাশ।

কলকাতার ক্রিকেটপ্রেমীরাও সূর্য-ঝড় দেখার অপেক্ষায়। বিশ্ব ক্রিকেটের মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি কি ম্য়াজিক দেখাবেন সল্ট লেকে?

আরও পড়ুন: পিচ তৈরিতে দেরি, দোসর বৃষ্টি! পিছিয়ে গেল স্থানীয় ক্রিকেটের ম্যাচ, মরশুমের শুরুতেই বিপত্তি



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *