সন্দীপ সরকার, কলকাতা: নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত অরেঞ্জ লাইন মেট্রো লাইন এখনও পুরো দস্তুর চালু হয়নি। হলে, শনিবার সকালে গৌরকিশোর ঘোষ স্টেশনের যাত্রীরাও টের পেয়ে যেতেন, পাশের সল্ট লেক যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে ঝড় উঠেছে। এমনই সেই প্রলয় যে, একটি বল উড়ে গিয়ে পড়ল প্রায় গৌরকিশোর ঘোষ স্টেডিয়ামের শেডে।

সূর্যকুমার যাদব। অধিনায়ক হিসাবে দেশকে টি-২০ ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন করেছেন। অথচ সেই গৌরবের কয়েকমাস বাদে নেতৃত্ব গিয়েছে। টিম ইন্ডিয়ার জার্সি গায়ে মাঠে নামার রাস্তাও বন্ধ করে দেওয়া হয়েছে। টি-২০ দল থেকেই ছেঁটে ফেলা হয়েছে।

সেই অপমানের জবাব দেওয়ার জন্য টি-২০ ক্রিকেটের মঞ্চকেই বেছে নিলেন স্কাই। তাঁকে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফির জন্য অধিনায়ক নির্বাচিত করেছে মুম্বই ক্রিকেট সংস্থা। মুম্বইয়ের গ্রুপ পর্বের ম্যাচ পড়েছে কলকাতায়। সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করল মুম্বই। সেই ম্যাচে শনিবার সকালে তাণ্ডব চালালেন সূর্যকুমার।

টস জিতে তিনি হায়দরাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন। প্রথমে ব্যাট করে হায়দরাবাদ ১৭২ রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ১৫ বলে হাফসেঞ্চুরি করলেন সূর্যকুমার! শেষ পর্যন্ত ২১ বলে ৬০ রানে অপরাজিত রইলেন স্কাই। ৬ চার ও ৫ ছক্কায় সাজানো ইনিংস। ৫৪ রান বাউন্ডারিতে! স্ট্রাইক রেট ২৮৬!

সূর্য ঝড় যে কী ভয়ঙ্কর হতে পারে, দেখিয়ে দিলেন মুম্বইয়ের তারকা। শুরুটা করেছিলেন লেগস্পিনার বেদ রেড্ডিকে আক্রমণ করে। তাঁর এক ওভারে নিলেন ২২ রান। জোড়া চার ও দুই ছক্কা এক ওভারে। চারবার বল হারালেন। একটা বল গিয়ে পড়ল মেট্রো স্টেশনের গায়ে। আর একটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে! চতুর্থ আম্পায়ারকে বারবার পরিবর্ত বল নিয়ে মাঠে ঢুকতে হল। কলকাতার মাঠে শেষ কবে কোনও ঘরোয়া ক্রিকেটের ম্যাচে এরকম তাণ্ডব দেখা গিয়েছে, মনে করা গেল না।

সূর্যের পাশাপাশি ব্যাট হাতে ঝড় তুললেন মুশির খানও। ২৪ বলে ৫১ রান করলেন। শুরুতে আগ্রাসী ব্যাটিং করে যান কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার অঙ্গকৃষ রঘুবংশীও। ১৩ বলে ২৭ রান করে আউট হন। ৪১ বল বাকি থাকতে মাত্র ৩ উইকেট হারিয়ে রান তুলে নিল মুম্বই। বিরাট জয়ে বার্তা দিয়ে রাখল প্রতিপক্ষদেরও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *