নয়াদিল্লি: ১৭ মরশুম, পাঁচ খেতাব, সর্বাধিক জয়। মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) অধিনায়ক হিসাবে চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) নিজের ছাপ ফেলতে সক্ষম হয়েছেন, সেটা বলার জন্য কোনও বিশেষজ্ঞের প্রয়োজন হয় না। সিএসকের সাত নম্বর হলুদ জার্সি এবং ধোনি সময়ের সঙ্গে সঙ্গে সমার্থক হয়ে গিয়েছেন। আইপিএলে হলুদ ব্রিগেডের প্রথম পিক যে তাঁদের এমন সাফল্য এনে দেবেন, তা হয়তো সেইসময় কেউই কল্পনা করতে পারেননি। তবে সব ভাল কিছুরই সমাপ্তি ঘটে। ধোনির ঐতিহাসিক সফরেরও সমাপ্তি ঘটল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি বহু আগেই অবসর নিয়েছিলেন। প্রতিযোগিতামূলক ক্রিকেট বলতে কেবল আইপিএলেই খেলতেন মাহি। তবে গত মরশুমে প্রথমবার চোটের কবলে পড়ায় তিনি আইপিএলে এক ম্যাচও খেলতে পারেননি। আসন্ন মরশুমের আগে তাঁর ফিটনেস এবং সিদ্ধান্ত ঘিরে সকল ক্রিকেটপ্রেমীর মধ্যেই আগ্রহ ছিল। শেষমেশ রিটেনশন তালিকা প্রকাশের ডেডলাইন ডেতে আসল সেই খবর। ধোনি আর ক্রিকেটার নয়, আগামী মরশুম থেকে সিএসেকের মেন্টরের ভূমিকা উপস্থিত থাকবেন। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই মাহির ক্রিকেট কেরিয়ারও সমাপ্তি হয়ে গেল। ক্রিকেটার হিসাবে অবসরের পর সমর্থকদের কৃতজ্ঞতা জানিয়ে এক আবেগঘন পোস্ট করলেন ধোনি।
আরও পড়ুন:- সিএসকে জার্সিতে ধোনি-যুগের অবসান, আবেগঘন বার্তা অধিনায়ক রুতুরাজের, কী জানালেন দলের কর্ণধার?
তিনি সচরাচর সোশ্যাল মিডিয়া থেকে দূরেই থাকেন। তবে এক্ষেত্রে তিনি সকলকে ধন্যবাদ জানাতে সোশ্যাল মিডিয়াকেই বেছে নিলেন এবং বেছে নিলেন সেই বিখ্যাত গান, ‘ম্যায় পল দো পল কা শায়ার হু’। এই গান দিয়েই নিজের আন্তর্জাতিক অবসরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়েছিলেন মাহি। সেই গানের আরেক ভার্সন দিয়ে তিনি ক্রিকেট কেরিয়ার সমাপ্তির ঘোষণা করলেন, আর কৃতজ্ঞতা জানালেন তাঁর আপামর সমর্থকদের।
সোশ্যাল মিডিয়ায় ধোনি লিখলেন, ‘দর্শকরা আমায় ভুল প্রমাণ করেছেন এবং সেটা মেনে নেওয়ার জন্য এর থেকে ভাল গান আর কিছুই হতে পারে না। হয়তো দুইটো ভার্সন এই কারণেই তৈরি করা হয়েছিল যাতে আমি ভুল করি এবং সেটা স্বীকার করার সুযোগ পাই।’ স্বাভাবিকভাবেই ধোনির এই পোস্ট এবং তাঁর বিদায়ীবার্তাটা সকল ক্রিকেটপ্রেমীরই চোখ ভেজাবে। তবে এবার নতুন ভূমিকায় মাহিকে দেখারও অপেক্ষায় থাকবেন সকল ধোনি-অনুরাগী।
