স্বাভাবিকভাবেই গত বারের দুই ফাইনালিস্ট দল গুজরাত টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিজেদের দল ধরে রাখতে তৎপরতা দেখিয়িছে। রিটেনশন তালিকা প্রকাশের পর তাদেরই পার্সে সবথেকে কম টাকা অবশিষ্ট রয়েছে এবং তাদের দলেই সবথেকে কম ক্রিকেটার নেওয়ার জায়গা রয়েছে।

গুজরাত টাইটান্স ট্রেডে হর্ষল পটেলকে নেওয়ার পর দলে আর সর্বোচ্চ তিনজন খেলোয়াড়কেই নিতে পারবে। তবে এর মধ্যে দুই বিদেশি ক্রিকেটারকে নেওয়ার সুযোগ রয়েছে। তাদের পার্স রয়েছে ৮.৭৫ কোটি। আরসিবি জেকব বেথেলকে ছেড়ে দেওয়ায় এক বিদেশি ক্রিকেটার এবং সর্বোচ্চ পাঁচজনকে নিলাম থেকে কিনতে পারবে। তাদের কাছে ১৪.১৫ কোটি টাকা রয়েছে।
পঞ্জাব কিংস ট্রেড উইন্ডোতে সম্ভবত সবথেকে চর্চিত চুক্তিটি করে। তারা অর্শদীপ সিংহকে ছেড়ে দিলেও, দলে নিয়েছে হার্দিক পাণ্ড্যকে। পঞ্জাবের পার্সে রয়েছে ১৮.৬ কোটি টাকা। শ্রেয়স আইয়ারের দলে সর্বাধিক ছয় ক্রিকেটার এবং দুই বিদেশি ক্রিকেটার নেওয়ার জায়গা রয়েছে।
রাজস্থান রয়্যালস ইতিমধ্যেই মহম্মদ শামি এবং এম সিদ্ধার্থকে দলে নিয়েছে। ছেড়ে দিয়েছে স্যাম কারানকে। রিটেনশন তালিকায় ১১ কোটির শিমরন হেটমায়ারের নামও নেই। তাঁকে ছেড়ে দেওয়ার পর সব মিলিয়ে রয়্যালসদের কাছে ২৭.০৫ কোটি টাকা রয়েছে। তারা সর্বোচ্চ ছয়জন ক্রিকেটারকে দলে নিতে পারবে।
আইপিএলের রিটেনশন ডেডলাইন ডের সবথেকে বড় খবর মহেন্দ্র সিংহ ধোনির ভূমিকা বদল। সিএসকেতে আর খেলোয়াড় হিসাবে মাহিকে দেখা যাবে না, তিনি এবার থেকে ফ্র্যাঞ্চাইজ়ির মেন্টরের দায়িত্ব পালন করবেন। অবশ্য মাহিকে আনক্যাপড ক্রিকেটার হিসাবে মাত্র চার কোটিতেই গত মরশুমে সিএসকে রিটেন করেছিল। পরপর হতাশাজনক মরশুমের পর পুনরায় শক্তিশালী দল গড়ার জন্য সিএসকের কাছে ২৮.০৫ কোটি টাকা রয়েছে।

আইপিএলে নতুন মরশুমে যে দলগুলি নতুন অধিনায়কের অধীনে খেলবে, তাদের অন্যতম মুম্বই ইন্ডিয়ান্স। দীর্ঘ জল্পনার পর তাদের অধিনায়ক হার্দিক পাণ্ড্য পল্টন ছেড়েছেন। আইপিএলের সকল ফ্র্যাঞ্চাইজ়িগুলির মধ্যে মুম্বইয়ের দলেই সবথেকে বেশি খেলোয়াড়ের প্রয়োজন। পল্টনরা সর্বোচ্চ আরও নয়জন ক্রিকেটারকে দলে নিতে পারবে, যার মধ্যে দুইজন বিদেশি হতে পারে।

মুম্বই ইন্ডিয়ান্সের মতোই দিল্লি ক্যাপিটালসেরও মাত্র ১৬ ক্রিকেটার দলে রয়েছেন। তারা ইতিমধ্যেই মেগা ট্রেডে দলের প্রাক্তন অধিনায়ক ঋষভ পন্থকে দলে ফিরিয়েছেন। তবে তা সত্ত্বেও বাকি নয় খেলোয়াড় নেওয়ার জন্য তাদের কাছে ৩৯.৫ কোটি টাকা অবশিষ্ট রয়েছে। পাথুম নিসাঙ্কা, মিচেল স্টার্ক, বেন ডাকেটদের ছেড়ে দেওয়ায় রাজধানীর ফ্র্যাঞ্চাইজ়িই নিলাম থেকে সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড়কে দলে নিতে পারবে।
আসন্ন বছরের কথা মাথায় রেখে সানরাইজার্স হায়দরাবাদকে বেশ কঠিন একটি সিদ্ধান্ত নিতে হয়েছে। ঠাসা সূচির জেরে পরের আইপিএলে তিনি খেলতে পারবেন না বলে ট্র্যাভিস হেড ফ্র্যাঞ্চাইজ়িকে জানিয়েছিলেন বলে রিপোর্টে দাবি করা হচ্ছে। সেই রিপোর্টে কার্যত সিলমোহর দিয়ে অজ়ি মহাতারকাকে রিলিজ় করে দেওয়া হয়েছে। ফলে পরের মরশুমে আর আইপিএলের সবথেকে বিধ্বংসী ওপেনিং জুটি (কম করে ১০০০ রান করা ওপেনিং পার্টনারশিপদের মধ্যে সর্বাধিক স্ট্রাইক রেট) ট্র্যাভিষেককে আর দেখা যাবে না। সানরাইজার্স অবশ্য হেডের বদলিসহ সর্বাধিক সাত খেলোয়াড়কে কেনার জন্য ৪০.১৫ কোটি টাকা নিয়ে নালমে নামবে।

ঘরের টিম কলকাতা নাইট রাইডার্সও ঢেলে দল সাজানোর লক্ষ্যে নিলামে নামবে। দলের অধিনায়ক নেই, পাশাপাশি গত মরশুমে বেশ অনেক জায়গাতেই দুর্বলতা দেখা গিয়েছিল। সেই দুর্বলতা ঢেকে শক্তিশালী একাদশ গড়ার লক্ষ্যে নাইটদের কাছে দ্বিতীয় সর্বাধিক ৪১.৬৫ কোটি টাকা রয়েছে। তিন বিদেশি ক্রিকেটারসহ মোট আটজনকে কেকেআর দলে নিতে পারবে।
লখনউ সুপার জায়ান্টস মেগা নিলামে বছর দু’য়েক আগে রেকর্ড দামে ঋষভ পন্থকে নিয়েছিল। তবে সেই লক্ষ্য সফল হয়নি। পন্থকে ট্রেডের মাধ্যমে ছেড়ে দিয়েছে লখনউ। ছেড়ে দেওয়া হয়েছে মহম্মদ শামিকেও। নতুন গড়ে শক্তিশালী দল গড়ার লক্ষ্যে লখনউ সুপার জায়ান্টস আসন্ন নিলামে সর্বাধিক ৪৭.৪৫ কোটি টাকার পার্স নিয়ে নামবে। তারা সর্বাধিক তিন বিদেশি তথা সাত ক্রিকেটারকে দলে নিতে পারবে।
Published at : 17 Nov 2026 10:08 PM (IST)
