জঙ্গি লতিফরে ভিডিয়ো কলImage Credit: Tv9 Bangla

শ্রীনগর: জম্মু-কাশ্মীরের কুলগামে ফের নিরাপত্তারক্ষী বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ। বুধবার ভোরে নতুন করে গুলির লড়াই শুরু হয়েছে। আর সেই সংঘর্ষের মধ্যেই ঘিরে ফেলা হয়েছে লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার লতিফ ভাটকে। তাকে আত্মসমর্পণ করানোর জন্য অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। সরাসরি ভিডিয়ো কল করে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে ওই জঙ্গিকে। পুলিশের এক আধিকারিককে ভিডিয়ো কলে বলতে শোনা যায়, “আমরা তোমার পাশে আছি।” কিন্তু যদি আত্মসমর্পণ না করে, তাহলে নিকেশ করতে বেশি সময় লাগবে না।

পুলিশ সূত্রে খবর, গত ১১ নভেম্বর কুলগামে সিআরপিএফের একটি চেকপোস্টে হামলার ঘটনায় অন্যতম অভিযুক্ত লতিফ ভাট। ওই হামলায় তিনজন সিআরপিএফ জওয়ান আহত হয়েছিলেন। তারপর থেকেই তাকে খুঁজতে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তারক্ষী বাহিনী। বুধবার ভোরে কুলগামের একাধিক গ্রামে নতুন করে তল্লাশি ও ঘিরে ফেলার অভিযান চালানো হয়। সেই সময়ই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়।

এর আগে সোমবার কুলগামের একটি সংঘর্ষে নিহত হন লতিফ ভাটের সহযোগী উমর নিসার দার। মঙ্গলবার ওই দু’জনের গতিবিধির সিসিটিভি ফুটেজ প্রকাশ করে পুলিশ। সেই ফুটেজে দেখা গিয়েছে, সিআরপিএফের চেকপোস্টে হামলার আগে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে রেইকি করেছিল তারা।

পুলিশের দাবি, ১০ নভেম্বর উমর নিসার দার ও লতিফ ভাট একসঙ্গে মির বাজার, আখরান, হাবলিশ এবং কিলাম এলাকায় গিয়েছিল। নিরাপত্তারক্ষী বাহিনীর সম্ভাব্য অবস্থান ও হামলার লক্ষ্যবস্তু চিহ্নিত করাই ছিল তাদের উদ্দেশ্য। পরের দিন অর্থাৎ ১১ নভেম্বর আখরানে সিআরপিএফের চেকপোস্টে হামলা চালিয়ে সেখান থেকে পালিয়ে যায় তারা।

এক পুলিশ আধিকারিকের কথায়, “১০ নভেম্বর উমর নিসার দার লস্কর কমান্ডার লতিফ ভাটের সঙ্গে একাধিক জায়গায় রেইকি চালিয়েছিল। নিরাপত্তারক্ষী বাহিনীর উপর হামলার পরিকল্পনা করতেই এই তৎপরতা ছিল।”

পুলিশ আরও জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই হামলার সঙ্গে জড়িত দু’জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে। হামলার আগে তাঁদের গতিবিধি এবং হামলার পর পালিয়ে যাওয়ার দৃশ্যও ক্যামেরায় ধরা পড়েছে। তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে দাবি পুলিশের। উমর নিসার দার নিখোঁজ হওয়ার পর তাঁর পরিবারের তরফে কুলগাম থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। কিন্তু তদন্তকারীদের দাবি, গত পাঁচ থেকে ছ’মাস ধরে লতিফ ভাটকে আশ্রয় দেওয়া এবং তাঁর প্রয়োজনীয় রসদ ও অন্যান্য সাহায্যের ব্যবস্থা করছিলেন উমর। এক পুলিশ আধিকারিকের বক্তব্য, তদন্তে এই বিষয়টি সামনে এসেছে।

এদিকে, কুলগামে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে লতিফ ভাটের যোগ থাকার অভিযোগও রয়েছে। পুলিশের দাবি, গত ২২ জুলাই অনন্তনাগে পুলিশের উপর হামলার ঘটনায় তাঁর যোগ ছিল। ওই হামলায় এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছিল। পাশাপাশি ১ অগস্ট কুলগামে দুই পরিযায়ী শ্রমিকের হত্যাকাণ্ডের পিছনেও তাঁর হাত থাকতে পারে বলে সন্দেহ তদন্তকারীদের।

১১ নভেম্বর সিআরপিএফের চেকপোস্টে হামলার পর থেকেই কুলগামের বিস্তীর্ণ এলাকায় তল্লাশি অভিযান চলছে। সন্দেহভাজনদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোর পাশাপাশি ৫০০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে সর্বভারতীয় একটি সংবাদ-মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *