ক্রাইস্টচার্চ: কিছুদিন আগে পর্যন্তও ভারতীয় দলের ওয়ান ডে ও টেস্ট ফর্ম্য়াটের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন মহম্মদ সিরাজ। কিন্তু সময় ও পরিস্থিতি কতটাই না বদলে যায় কয়েক মুহূর্তের মধ্য়েই। নিউজিল্য়ান্ড সফরে একাদশ জায়গা করে নিতেই হিমশিম খেতে হচ্ছে ডানহাতি এই পেসারকে। প্রথম টেস্টেও জায়গা হয়নি। বেসিন রিজার্ভে হওয়া ম্য়াচে বুমরার সঙ্গে বাকি তিন পেসার হিসেবে নেওয়া হয়েছে আকাশদীপ, প্রসিদ্ধ ও কম্বোজকে। কিন্তু অভিজ্ঞ সিরাজের সুযোগ হয়নি। এরপরই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক বছরগুলোতে সিরাজের দুর্দান্ত পারফরম্যান্সের পরিসংখ্যানের দিকে তাকালে দল নির্বাচনের এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবেই।
চলতি ২০২৫-২০২৭ বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ চক্রে মহম্মদ সিরাজই বর্তমানে ভারতের হয়ে সর্বাধিক উইকেটের মালিক। তিনি মোট ১১ ম্যাচে ২৬.৮১ গড়ে ৪৩ উইকেট নিয়েছেন। এর তুলনায় জসপ্রীত বুমরাহ ৮ ম্যাচে ৩২ ও রবীন্দ্র জাডেজা ১১ ম্যাচে ৩৩ উইকেটের মালিক হয়েছেন। অন্যদিকে, প্রসিদ্ধ কৃষ্ণ ৬ টেস্টে প্রায় ৩৬ গড়ে ২১ উইকেট পেয়েছেন। গত দুই বছরে ভারতের অন্য়তম সফল বোলার হিসেবে নিজেকে মেলে ধরেছেন সিরাজ। এই সময়ের মধ্য়ে সিরাজ ১৭ টেস্ট ম্যাচে ৬৪ উইকেট নিয়েছেন। একমাত্র বুমরাহই এই সংখ্যার সমান উইকেট নিতে পেরেছেন, তবে তিনি মাত্র ১৩টি ম্যাচেই ৬৪টি উইকেট নিয়েছেন।
দল নির্বাচনে সিরাজের না থাকার পরই সোশ্য়াল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছিল। প্রথম দিনের শেষে ব্যাটিং কোচ সিতাংশু কোটাক বলেছিলেন, ‘সিরাজের ক্ষেত্রে কোনও সমস্যা নেই। দল নির্বাচনের সময় আমাদের মনে হয়েছিল এটাই সেরা একাদশ। আমার মনে হয় না সিরাজকে বাদ দেওয়াটা ভুল সিদ্ধান্ত ছিল। এটি তো কেবল প্রথম দিন। আমরা কেবল প্রথম দিনের কথা ভেবে দল নির্বাচন করি না, বরং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দিনের কথাও বিবেচনায় রাখি।’
এদিকে, প্রথম টেস্টে প্রথম ইনিংসে ব্য়াট করতে নেমে হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপসের শতরানের সৌজন্যে ৩৬৮ রান বোর্ডে তুলল নিউজিল্যান্ড। ভারতীয় বোলারদের মধ্য়ে জসপ্রীত বুমরা ৪ উইকেট নেন। আকাশ দীপ ৩, কম্বোজ ২ ও প্রসিদ্ধ কৃষ্ণ ১ উইকেট নেন।
