ওয়েলিংটন: ম্যাচ শুরু হতে ভারতের পেস ব্যাটারিকে দেখে মনে হয়েছিল এই ম্যাচ হয়তো ৫ দিন গড়াবে না। প্রথম সেশনেই ৪ উইকেট তুলে নিয়ে নিউজিল্যান্ডের কোমর রীতিমতো ভেঙে দিয়েছিলেন বুমরা, আকাশ দীপরা। দ্বিতীয় সেশনের শুরুতেও যখন বান্ডেলকে আউট করলে বুমরা, মনে হয়েছিল যে কোনও মুহূর্তে শেষ হয়ে যাবে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। কিন্তু তারপরই দেওয়ালের মতো দাঁড়ালেন হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপস। একজন সেঞ্চুরি হাঁকালেন আর অন্যজন দাঁড়িয়ে রয়েছেন সেঞ্চুরির দোরগোড়ায়।

কিউয়িদের ৫ নম্বর উইকেট পড়েছিল ৭০ রানে। দিনের শেষে আর উইকেট তুলতে পারল না ভারতের বোলাররা। ফলে, প্রথম দিনের শেষে নিউজিল্যান্ডের ইনিংস দাঁড়াল ২৪৩ রানে। আর এরপরই আরও বড় হয়ে উঠছে মহম্মদ সিরাজকে খেলানোর সিদ্ধান্ত।

এদিন ওয়েলিংটনে টসে জেতে ভারত। টসে জিতে পারিপার্শ্বিক পরিস্থিতির উপর নির্ভর করে রিজার্ভ বেসিনে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক শুভমন গিল। যদিও প্রথম সেশন দেখে মনে হয়েছিল সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক। যদিও দ্বিতীয় সেশনে দ্রুত বদলাতে থাকে পরিস্থিতি।

প্রথমে টম ল্যাথামকে ক্লিন বোল্ড করে দেন জসপ্রীত বুমরা। তারপর নামেন হেনরি নিকোলস। এরপর অংশুল কম্বোজের বলে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে ডাগআউটে ফেরেন ডেভন কনওয়ে। এরপর আবার ঋষভ পন্থের হাতে ধরা দেন রচিন রবীন্দ্র। আকাশ দীপের বলে মাত্র ১৫ রান করে ফেরেন তিনি। এরপর ডারেল মিচেল ও টম বান্ডেলকে আউট করেন সেই বুমরাই।

তিন নম্বরে নামা নিকোলস একদিকে ক্রিজ আঁকড়ে পড়েছিলেন। একা কুম্ভের মতো নিউজিল্যান্ডের দুর্গ রক্ষা করছিলেন তিনি। তারপর ৭ নম্বরে নামা গ্লেন ফিলিপস হাল ধরেন নিকোলসের সঙ্গে। প্রথমে একটু আক্রমণাত্মক খেললেও পরের দিকে একটু রক্ষণাত্মক ভাবে খেলতে শুরু করেন ফিলিপস।

Source link