কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla) ঘরে প্রথম ফাইনালিস্ট হলেন, জিতু কমল (Jeetu kamal)। ‘টিকিট টু ফিনালে’-তে জিতে, সরাসরি ফাইনালে চলে গেলেন তিনি। তবে দিন শেষে টাস্ক শেষ করে জিতু ক্যামেরার সামনে গিয়ে বলেন যে, তিনি এই টিকিট চান না। শেষ পর্যন্ত লড়াই করতে চান তিনি। এই সুযোগ ফিরিয়ে দিতে চান। তবে জিতুর এই ইচ্ছা আদৌ কি রাখবে বিগ বস? জিতু পাশাপাশি এটাও জানিয়েছেন যে, তিনি কাউকে অসম্মান করতে চান না। তিনি নিয়মও জানেন না। যদি কাউকে অসম্মান না করা হয় এবং নির্মাতাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এমনটা না মনে হয়.. তিনি এই টিকিট ফিরিয়ে দিতে চান। কিন্তু এদিন বিতর্কের কেন্দ্রে রইল, টাস্ক চলাকালীন জিতুর ধাক্কা মেরে সৌরভ দাসকে (Saurav Das) ফেলে দেওয়া।
ব়্যাম্পে দাঁড়িয়ে থেকে শুরু করে বস্তা বয়ে আনা.. এই সমস্ত টাস্কে ধীরে ধীরে লড়াই থেকে বেরিয়ে গিয়েছিলেন তনুশ্রী, রণিতা, নিরঞ্জন এবং মনামীরা। শেষমেষ লড়াইতে টিঁকে ছিলেন জিতু এবং সৌরভ। তাঁদের টাস্ক ছিল, একটি রিক্সায় বসে থাকতে হবে। এই টাস্ক ছিল ধৈর্য্যের। টাস্ক চলাকালীন বাড়ির অন্যান্য সদস্যরা চেষ্টা করবেন এই দুই সদস্যকে রিক্সা থেকে নামানোর। টাস্কের মধ্যে তাঁদের ২ জনকে নামানোর জন্য গায়ে দেওয়া হয় বরফ জল এবং শেভিং ফোম। তবে একটা সময়ে সৌরভকে ধাক্কা মারেন জিতু। সামান্য অসাবধান হওয়ার কারণে, রিক্সা থেকে পড়ে যান সৌরভ। টাস্ক জিতে, ‘টিকিট টু ফিনালে’ পেয়ে যান জিতু। এই ঘটনার পরে ঘরের কিছু সদস্য রাগে ফেটে পড়েন। রিক্সা থেকে পড়ে গিয়ে আহত হন সৌরভ, তাঁর চিকিৎসারও প্রয়োজন হয়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই জিতুর ওপর ক্ষোভ উগরে দিয়েছেন। আর এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন, সৌরভের স্ত্রী দর্শনা বণিক (Darshana Banik) এবিপি লাইভ বাংলাকে কী জানালেন তিনি?
দর্শনার কথায়, ‘আমি গতকালের এপিসোডটা পুরোটা দেখেছি, সৌরভের খেলাও দেখেছি। তাই শুধু ওকে নিয়েই কথা বলতে পারি। ও যেভাবে খেলেছে, আমার ওকে নিয়ে ভীষণ গর্ব হচ্ছে। গোটা টাস্কটা ও যেভাবে পারফর্ম করেছে.. যতটা সততা দিয়ে, যতটা খেটে.. সেটা প্রমাণ করে যে সৌরভ ব্যক্তিজীবনে ঠিক কেমন মানুষ। দর্শকেরা সবাই দেখতে পাচ্ছেন, সৌরভ কেমন.. আলাদা করে আমায় আর কিছু বলতে হবে না। তবে একটাই কথা বলতে চাই, এই খেলার নিয়মটা সবার জন্য সমান হওয়া উচিত। যাঁরা সৌরভের অনুরাগী, সৌরভকে নিয়ে যাঁরা চিন্তিত রয়েছেন, ওকে ভালবাসছেন, সমর্থন করছেন.. তাঁদের সবাইকে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাতে চাই। আর বলতে চাই, আপনারা চিন্তা করবেন না। সৌরভ সুস্থ আছে, ভাল আছে। ওকে চিকিৎসকেরা পরীক্ষা করেছে, ইঞ্জেকশন দেওয়া হয়েছে। আপনারা চিন্তা করবেন না।’
আরও পড়ুন: Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
