নয়াদিল্লি: অধিনায়কত্ব গিয়েছে, জাতীয় দল থেকেও বাদ পড়েছেন। দীর্ঘদিন রান পাচ্ছিলেন না বছরের শুরুতেই ভারতকে বিশ্বকাপ জেতানো প্রাক্তন টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তবে চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুরন্ত ছন্দে দেখাচ্ছে তাঁকে। এই টুর্নামেন্টে মাঠে নামার আগেই এক বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা করেছিলেন সূর্যকুমার, যাঁর সঙ্গে সাক্ষাৎ তাঁর জন্য লাকি বলেই মন করছেন সূর্য।
মুম্বইয়ের হয়ে ভারতের ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে শুরুটাই অনবদ্যভাবে করেছেন সূর্যকুমার। ১৪ নভেম্বর হায়দরাবাদের বিরুদ্ধে তিনি ২১ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেন। মাত্র ১৫ বলে পূরণ করেন হাফসেঞ্চুরি। এরপরে গুজরাতের বিরুদ্ধেও সেই ফর্ম অব্যাহত রেখে ২৯ বলে ৮২ রানের ইনিংস আসে সূর্যকুমারের ব্যাট থেকে। তৃতীয় ম্যাচে বড় রান না করলেও, ১২ বলে ২৫ রানের ছোট্ট ইনিংসেও দ্রুত গতিতে রান তোলেন তিনি। তিনটি ম্যাচেই তাঁর দল মুম্বই ম্য়াচও জেতে।
আরও পড়ুন:- কিউয়িদের ৩৬৮-র জবাবে যশস্বী, রাহুলের দুরন্ত পার্টনারশিপ, ১৫৯ রানে দ্বিতীয় দিন শেষ করল ভারত
এরপরেই সূর্যকুমারের উপলব্ধি সেই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎকারটা তাঁর জন্য লাকি ছিল। কে সেই ব্যক্তি? তিনি আর কেউ নন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৬ নভেম্বর সপরিবারে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করেন সূর্যকুমার যাদব। তারপর থেকেই তাঁর ব্যাট থেকে রানের বন্যা বইছে। জাতীয় দলে যেখানে তিনি নিজের হারানো জায়গা পুনরুদ্ধারের চেষ্টা করছেন, সেই অবস্থায় এই রানগুলি মহামূল্যবান। এমন পরিস্থিতিতেই সম্প্রতি এক সাক্ষাৎকারে মোদির সঙ্গে দেখা করাটা তাঁর জন্য লাকি বলে দাবি করেন সূর্যকুমার।
তাঁকে বলতে শোনা যায়, ‘আমার জন্য ওই সাক্ষাৎকারটা লাকি ছিল বলেই মনে হচ্ছে। আমি আবার রান করতে শুরু করেছি।’ এরপরেই সেই সাক্ষাৎকারের না না বিবরণ দেন সূর্য। তিনি জানান, ‘সত্যি বলতে সাক্ষাত দারুণ ছিল। আমরা তো ভেবেছিলাম ওটা পাঁচ, দশ মিনিটের বেশি হবে না। তবে তিনি আমার ও আমার পরিবারকে ৪০ থেকে ৪৫ মিনিট সময় দেন। মুহূর্তটা বেশ ভাল ছিল। ওঁকে তো কতকিছু সামলাতে হয়। আমরা এই খেলা খেলেই চাপ অনুভব করি। তবে ওঁ এত কিছু সামলান, তাই আমি ওঁকে জিজ্ঞেস করেছিলাম কী করে এত চাপ সামলান ওঁ। আমার সব প্রশ্নেরই খুব ভালভাবে উত্তর দেন ওঁ। ওই মুহূর্তটা খুবই ভাল ছিল।’
