কলকাতা: সুরই তাঁর পরিচিতি। দীর্ঘদিন ধরেই গানের দুনিয়ার অন্যতম নক্ষত্র তিনি। নব্বইয়ের দশক থেকে শুরু করে এখনও পর্যন্ত মানুষের মনে সমান জায়গা রয়েছে তাঁদের। তবে হঠাৎই ছন্দপতন। ২০২৪ সালে অলকা ইয়াগনিক (Alka Yagnik) জানিয়েছিলেন, তিনি নিজের শ্রবণশক্তি হারিয়েছেন। সেই কারণে বন্ধ হয়ে যায় তাঁর সুরের সফরও। এরপরে অলকা ইয়াগনিককে একবার হুইলচেয়ারেও দেখা গিয়েছিল। তাঁর সেই ভিডিও ক্লিপিংস ছড়িয়ে পড়েই যথেষ্ট উদ্বিগ্ন হয়েছিলেন অনুরাগীরা। তবে অনুরাগীরা অপেক্ষা করছিলেন, কবে আবার মঞ্চে দেখা যাবে অলকা ইয়াগনিককে? কবে আবার সুরের যাদুতে তিনি মাতাতে পারবেন দর্শকদের? তবে এবার কি সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে? দীর্ঘদিন পরে মঞ্চে দেখা যাবে, অলকাকে আর গোটা বিষয়টার সৌজন্যে সুভাষ ঘাই। বিষয়টা ঠিক কী?
ফের মঞ্চে ফিরতে চলেছেন অলকা ইয়াগনিক
বিরল এক স্নায়ুরোগে আক্রান্ত অলকা ইয়াগনিক, যার জন্য কানে শুনতে পাচ্ছিলেন না তিনি। ইনস্টাগ্রামে সকলের উদ্দেশে এই সমস্যার কথা জানিয়েছিলেন গায়িকা (Alka Yagnik Hearing Loss)। সুভাষ ঘাইয়ের চলচ্চিত্রজীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে, একটি অনুষ্ঠানের। অনুষ্ঠানের নাম থাকবে, ‘কেয়া জ়মানা থা’। আগামী ১১ ডিসেম্বর মুম্বইয়ের বসবে এই সুরের আসর। আর সেই অনুষ্ঠানে অলকাকে আমন্ত্রণ জানাতে নিজেই তাঁর বাড়িতে হাজির হয়েছিলেন সুভাষ। আর সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন সঙ্গীতশিল্পী, এমনটাই জানা যাচ্ছে। সুভাষ ঘাই নিজেই এই ক্লিপিংস পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, সুভাষ ঘাইয়ের আমন্ত্রণে রাজি হয়েছেন অলকা ইয়াগনিক এবং তিনি হাসিমুখে আমন্ত্রণ গ্রহণ করেছেন। সুতরাং প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কবে আবার মঞ্চ মাতাতে দেখা যাবে অলকা ইয়াগনিককে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-র হাত থেকে সদ্যই পদ্মভূষণ সম্মান গ্রহণ করেন অলকা ইয়াগনিক। সোশ্যাল মিডিয়ায় এই সম্মান গ্রহণ করার পরে অলকা ইয়াগনিক লিখেছিলেন, গত দুই বছর ধরে তিনি ইচ্ছাকৃতভাবেই জনজীবন ও প্রচারের আলো থেকে দূরে রয়েছেন। তিনি লেখেন, ‘গত দু’বছর আমি জনসমক্ষে খুব কম এসেছি। আমার স্বাস্থ্য নিয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়ে আপনাদের ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থন আমাকে শক্তি দিয়েছে।’ ২০২৫ সালে অলকা ইয়াগনিক প্রথম জানান যে তিনি ভাইরাল সংক্রমণের কারণে হওয়া বিরল ‘সেন্সোরিনিউরাল নার্ভ হিয়ারিং লস’ (Sensorineural Hearing Loss)-এ আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
