সন্দীপ সরকার, কলকাতা: আইপিএল অভিষেকে শোরগোল ফেলে দিয়েছিলেন প্রফুল্ল হিঙ্গে (Praful Hinge)।
সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে প্রথম ওভারে মাত্র ১ রান খরচ করে তিন উইকেট তুলে নিয়েছিলেন বিদর্ভের ডানহাতি পেসার প্রফুল্ল। আইপিএলে যা সর্বকালীন রেকর্ড। সেই প্রথম কোনও বোলার আইপিএলের ম্যাচে প্রথম ওভারে বল করতে এসে তিন উইকেট নেন। নতুন নজির গড়েছিলেন বিদর্ভের পেসার। তিন উইকেটের মধ্যে ছিল বিধ্বংসী বৈভব সূর্যবংশীর উইকেটও।
সেই প্রফুল্ল হিঙ্গে এখন সৈয়দ মুস্তাক আলি টি-২০ খেলতে কলকাতায়। বিদর্ভের ক্রিকেটারকে রিটেন করেছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলে স্বপ্নের অভিষেক থেকে শুরু করে বোলিংয়ে নতুন বৈচিত্রের আমদানি, ক্রিকেট দর্শন, সব নিয়েই খোলামেলা আড্ডার মেজাজে পাওয়া গেল ডানহাতি ফাস্টবোলারকে।
এবিপি লাইভ বাংলাকে প্রফুল্ল বললেন, ‘বোলিং আরও নিখুঁত করতে পরিশ্রম করছি। অনুশীলনে নিজের ১০০% দিচ্ছি। গতবার আইপিএলে পরের দিকে আমার পরিকল্পনাগুলি প্রয়োগের সময় একটু ঘাটতি হচ্ছিল। সেগুলি কাটিয়ে ওঠার চেষ্টা করব। আর দু-একটি ডেলিভারি যেগুলো আমি নতুন শিখেছি, সেগুলোই আইপিএলেও প্রয়োগ করব।’ প্রফুল্ল যোগ করলেন, ‘যখন ম্যাচ খেলিনি আর সময় পেয়েছি, তখন বৈচিত্র বাড়ানোর চেষ্টা করে গিয়েছি। ইয়র্কার, স্লোয়ার বাউন্সার – যেগুলি উইকেট দেয়, সেগুলি রপ্ত করেছি। প্রতি জায়গার উইকেট আলাদা হয়, তো কোন উইকেটে কোনটা কাজে আসবে সেটা দেখে প্রয়োগ করব।’
আইপিএলের সাফল্য মানসিকভাবে কতটা বদল এনেছে? প্রফুল্ল বলছেন, ‘মানসিকতা সব সময়ই ইতিবাচক থাকে। জেতার জন্যই খেলি সব সময়। সে যে কোনও ম্যাচই হোক, ক্লাব ক্রিকেট হোক, রঞ্জি ট্রফি হোক বা আইপিএল। জেদ থাকে, যাই হয়ে যাক না কেন, ম্যাচ জিততে হবে। মানে না জিতলে তো কারওই ভাল লাগে না। আর একটা ব্য়াপার হল, জেদ নিয়ে যে খেলি, ফাস্টবোলারের যে মনোভাব থাকে, তা সবসময় আমার মধ্যে আছে। প্রতিপক্ষ যদি আক্রমণ করার চেষ্টা করে, তাহলে আমিও ছেড়ে কথা বলি না। আগ্রাসী ক্রিকেট খেলতে চাই।’
টি-টোয়েন্টি ক্রিকেট এমন একটা ফরম্যাট, যা সব সময় ব্যাটসম্যানদের দাপট দেখানোর সুযোগ করে দেয়। সেখানে বোলার হিসাবে কী লক্ষ্য নিয়ে মাঠে নামেন? প্রফুল্ল বললেন, ‘টি-২০ ক্রিকেটে ব্যাটসম্যানদের দাপট তো চলছেই। আমি মনে করি, একটা ছক্কা খেলে বা একটা ওভার খারাপ হলে পরের ওভারে কীভাবে কামব্যাক করব, সেটাই গুরুত্বপূর্ণ। ঘুরে দাঁড়াতে লাগে এক বল। ছোট ছোট জিনিসগুলোর ওপরেই নজর থাকে।’
প্রথম আইপিএলের সাফল্য আপনার ওপর প্রত্যাশা বাড়িয়েছে। এই চাপটা কীভাবে সামলেছেন? প্রফুল্ল বললেন, ‘এত চাপ নিয়ে তো খেলি না। যে একটু নার্ভাসনেস থাকে, সেটাই। যতটা খোলা মনে খেলতে পারি, তত ভাল। শুধু ভাবি মাঠে নেমে নিজেকে প্রমাণ করতে হবে যে, না, আজ আমার দিন, আমি করব। ব্যস ওটাই, বেশি চেষ্টা না, কিছু না। যে প্ল্যান থাকে, সেই অনুযায়ী চলি।
আইপিএলে প্রথম বলেই বৈভবের মতো ব্যাটসম্যানকে আউট করেছিলেন। সেই অনুভূতি আজও কি ফিরে ফিরে আসে যে, ওটা আমার প্রথম বল আর স্বপ্নের ডেলিভারি ছিল? প্রফুল্ল বলছেন, ‘যখন একজন ফাস্টবোলারের অভিষেক হয়, সে চায় যত দ্রুত প্রথম উইকেটটা মেলে। তাহলে তার আত্মবিশ্বাসও বেড়ে যায়। আমি তাড়াহুড়ো করিনি। কিন্তু এতদিন ধরে প্র্যাক্টিস করছি। এমন ছিল না যে, আমি বলটা করলাম, আর বৈভব আউট হল। এর পেছনে আমারও কিছু প্ল্যান ছিল, টিমেরও ছিল। মানে সকলের অবদান ছিল।’
আরও পড়ুন: ভবিষ্যতের শুভমন গিল! ৩ কোটি টাকায় রেখে দিয়েছে কেকেআর, প্রতিদান দিতে তৈরি তরুণ
