ওয়েলিংটন: তাঁর টেস্ট পরিসংখ্যান ঈর্ষণীয়। ৫ টেস্ট ম্যাচের ৭ ইনিংসে ৪৯৮ রান। ৭১.১৪ গড়ে রান করেছেন। ওয়েলিংটনে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৮০ রানের ঝকঝকে ইনিংস খেললেন দেবদত্ত পাড়িক্কল। কে এল রাহুলের সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৬৫ রান যোগ করে ম্য়াচের রাশ ভারতের হাতে তুলে দিয়েছেন।

তৃতীয় দিন খেলার শেষে দেবদত্তের গলায় তৃপ্তি। ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে বলেছেন, ‘রান পাওয়া সবসময়ই আনন্দের। আমার মনে হয়, দিনের শুরুতে আমি এবং কে এল (রাহুল) ভাল শুরু করেছিলাম, সেটি খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা চাইনি প্রতিপক্ষকে ম্যাচে ফিরে আসার কোনও সুযোগ দিতে। আমার মনে হয়, আজ আমরা সেটা বেশ ভালভাবেই করতে পেরেছি।’

রাহুলের সঙ্গে ব্যাটিং করার অভিজ্ঞতা কেমন? ‘প্রথম সেশনটা ভালভাবে কাটিয়ে ওঠা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। যদি ওরা শুরুতেই দু-একটি উইকেট তুলে নিতে পারত, তাহলে আমরা কিছুটা কঠিন পরিস্থিতিতে পড়ে যেতাম। তাই আমরা জোর দিচ্ছিলাম পার্টনারশিপ গড়ে তোলা এবং যতটা সম্ভব দীর্ঘ সময় ক্রিজে টিকে থাকার ওপর। একবার আমরা সেটা করতে সক্ষম হওয়ার পর, প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করার পালা ছিল আমাদের। আমার মনে হয়, আমরা সেটাও বেশ ভালভাবেই করতে পেরেছি,’ বলেছেন পাড়িক্কল।

বেসিন রিজার্ভের পরিবেশ ও পিচ নিয়ে দেবদত্ত বলেছেন, ‘অসাধারণ মাঠ। নিউজ়িল্যান্ডে এটাই আমার প্রথম সফর। এখানে খেলতে পেরে সত্যিই খুব ভাল লেগেছে। ক্রিকেট খেলার জন্য এটি দারুণ একটি ভেন্যু। আশা করি, আমরা এভাবেই ভাল ক্রিকেট খেলে যাব এবং জিতে ফিরতে পারব।’ যোগ করেছেন, ‘আমরা আশা করেছিলাম, পিচে অনেক ঘাস থাকবে এবং বল প্রচুর নড়াচড়া করবে। কিন্তু বাস্তবে পরিস্থিতি তেমন হয়নি। আমাদের প্রত্যাশার তুলনায় পিচ অনেক বেশি ফ্ল্যাট বা ব্যাটিং সহায়ক হয়েছে।’

নিউজ়িল্যান্ডের চেয়ে ১১৮ রানে এগিয়ে ভারত। হাতে এখনও ৬ উইকেট। কত রানের লিড পেলে ম্যাচ জেতার সুযোগ থাকবে? দেবদত্ত বলেছেন, ‘এখনও তেমন কিছু ঠিক করিনি। আমরা এখনই খুব বেশি দূরের কথা ভাবছি না। আমার মনে হয়, একেকটি সেশন ধরে এগনোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমরা অবশ্যই খুব ভাল জায়গায় রয়েছি। তবে আমাদের লিড যতটা সম্ভব বাড়িয়ে নেওয়া জরুরি, যাতে প্রতিপক্ষের ওপর আরও বেশি চাপ সৃষ্টি করতে পারি।’

আরও পড়ুন: ভবিষ্যতের শুভমন গিল! ৩ কোটি টাকায় রেখে দিয়েছে কেকেআর, প্রতিদান দিতে তৈরি তরুণ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *