সন্দীপ সরকার, কলকাতা: ঘরোয়া ক্রিকেটে তাঁর কেরিয়ার শুরু হয়েছিল রাজস্থানের হয়ে খেলে। তবে এখন তিনি খেলেন গুজরাতের হয়ে। পরের আইপিএলের জন্য তাঁকে রিটেন করেছে রাজস্থান রয়্যালস। লেগস্পিনার রবি বিষ্ণোই এখন কলকাতায়। সৈয়দ মুস্তাক আলি টি-২০ খেলছেন। তারই ফাঁকে সময় দিলেন এবিপি লাইভ বাংলাকে। ভারতীয় দলের হয়ে এশিয়ান গেমসে সোনা জয় থেকে শুরু করে বোলিংয়ে নতুন বৈচিত্র যোগ করা, সব বিষয়েই অকপট ২৬ বছরের ক্রিকেটার।
এশিয়ান গেমসে সোনা জয়
রবি বিষ্ণোই বলছেন, ‘দল হিসাবে খেলেছি আমরা। শ্রেয়স ভাইয়ের নেতৃত্বে সকলে এককাট্টা ছিলাম। ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে জানতাম স্নায়ুর লড়াই হবে। শেষ পর্যন্ত সেটা সামলে আমরা সোনা জিতেছি। এটাই প্রমাণ করে ভারতীয় ক্রিকেটের শক্তি। দলের জন্য যেটুকু অবদান রাখতে পেরেছি আমি খুশি।’ যোগ করলেন, ‘ব্যক্তিগতভাবে এটা ছিল আমার দ্বিতীয় এশিয়ান গেমস এবং অভিজ্ঞতা খুব ভাল ছিল, কারণ এমন কিছু নতুন অভিজ্ঞতা হয় যা সাধারণত পাওয়া যায় না, আর ওখানে খেলে ভাল লেগেছে। আর উইকেটের কথা বললে, সেটা তো খেলারই অংশ। কখনও ভাল উইকেট পাবেন, কখনও কঠিন, যেটা আমি আগেই বলেছি।’
দল আগে, ব্যক্তি পরে
বিষ্ণোই বলছেন, ‘আমার বোলিং ভাল হচ্ছে। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ছন্দ পাচ্ছি। তবে এর চেয়েও ভাল করার চেষ্টা করব, কারণ দল না জিতলে ব্যক্তিগত পারফরম্যান্সের কোনও মূল্য থাকে না।’
বোলিংয়ে নতুন বৈচিত্র
বিষ্ণোই বলছেন, ‘টি-২০ ম্যাচে বেশিরভাগ উইকেটই খুব ভাল, ব্যাটিং সহায়ক হয়ে গিয়েছে। তাই লেগস্পিন করার চেষ্টা করছি, স্লো লেগস্পিন। ব্যাটসম্যানকে একটু বিভ্রান্ত করার চেষ্টা করছি। বলের গতির তারতম্য ঘটাচ্ছি। এখন ক্রিকেট অনেক দ্রুতগতির হয়ে গেছে। উইকেট এত ভাল হওয়ায় এটা এমনিতেই ব্যাটসম্যানদের খেলা। তাই চেষ্টা করছি নতুন কিছু যোগ করার, যাতে ওদের জন্যও কাজটা একটু কঠিন হয়, কারণ তা না হলে সবকিছু খুব সহজ হয়ে যাচ্ছে। আর যত বেশি বৈচিত্র আনব, ততদিনই টিকে থাকতে পারব। না হলে একবার ধরা পড়ে গেলে এরপর টিকে থাকা কঠিন।’
জাতীয় দলে ঢোকার প্রতিযোগিতা
বিষ্ণোইয়ের মতে, ‘এটা ভারতীয় ক্রিকেটের জন্য ভাল খবর যে, দলে ঢোকার জন্য এত হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা চলছে। মূল বিষয় হল নিজের ওপর বিশ্বাস রাখা, কারণ যে কোনও সময় এবং যে কোনও জায়গায় আপনি সুযোগ পেতে পারেন, তাই সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনি এমন বলতে পারবেন না যে, আমি প্রস্তুত ছিলাম না বা আমাকে বলা হয়নি। আপনাকে প্রস্তুত থাকতে হবে, মানসিকভাবে নিজেকে তৈরি রাখতে হবে। সবসময় ভাবতে হবে যে যখনই সুযোগ আসুক না কেন, আমি সেটার জন্য প্রস্তুত, যাতে পরে আফশোস করতে না হয়। সামনে ঘরোয়া ক্রিকেট আসছে, পুরো ঘরোয়া মরশুম খেলে ভাল ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুত রাখতে চাই।’
টি-২০ ক্রিকেটে দুশো রান এখন জলভাত
বিষ্ণোই বলছেন, ‘প্রচুর রান উঠছে সত্যিই। চাপ তো আজকাল সব বোলারের ওপরই আছে, কারণ ব্যাটসম্যানরা অন্য এক উচ্চতায় চলে গিয়েছে। আপনি দেখলে বুঝবেন ব্যাটিংয়ের মান অনেক ওপরে উঠে গেছে। তাই একজন বোলার এবং স্পিনার হিসেবে আমাকেও নিজেকে উন্নত করতে হবে, কারণ ওরা ব্যাটিংয়ে অনেক নতুনত্ব এনেছে। আমরাও চেষ্টা করছি প্রতিদিন একটু একটু করে উন্নতি করার। তবেই টিকে থাকা সম্ভব, নাহলে ওই পর্যায়ে টিকে থাকা ও নিজেকে ধরে রাখা খুব কঠিন। সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখতে হয় যে, কঠিন পরিস্থিতি এলে কীভাবে নিজেকে আরও শাণিত করে ভাল পারফর্ম করা যায়।’
কী কী নতুন অস্ত্র আয়ত্ত করলেন
বিষ্ণোই বলছেন, ‘আজকাল অনেক টেকনিক্যাল বৈচিত্র চলে এসেছে, যেমন স্লোয়ার, ইয়র্কার। স্পিনার হিসেবে এখন সবসময় সতর্ক থাকতে হয়। ব্যাটসম্যান যে কোনও সময় যে কোনও শট খেলতে পারে, তাই স্পিনারদের জন্যও এখন ইয়র্কার করা জরুরি। সেট ব্যাটসম্যানকে কীভাবে খুচরো রান দিয়ে আটকে রাখতে হয়, সেটা জানা উচিত। এই সব বিষয়ই গুরুত্বপূর্ণ। আগে বলা হতো ফাস্টবোলাররা ভ্যারিয়েশন করবে আর স্পিনাররা এসে এক জায়গায় বল ফেলবে। এখন আপনি এক জায়গায় বল ফেলতে পারবেন না। এক বল ওই জায়গায় ফেললে পরের বলেই ওখান থেকে ছক্কা হবে, যে ব্যাটসম্যানই ব্যাটিং করুক না কেন। তাই এখনকার ক্রিকেটের সঙ্গে তাল মিলিয়ে আপনাকেও প্রোঅ্যাকটিভ হতে হবে।’
