ওয়েলিংটন: ওয়েলিংটনে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে জাঁকিয়ে বসেছে ভারত (IND vs NZ)। সকলের এখন নজর পঞ্চম ও শেষ দিনের দিকে। যে দিন ভারতকে ইনিংসের ব্যবধানে জিততে দ্রুত ৮ উইকেট নিতে হবে। অন্যদিকে, নিউজ়িল্যান্ডকে ইনিংসে হার এড়াতে এখনও অন্তত ২৩৩ রান আরও করতে হবে। তবে এর মাঝেই ঋষভ পন্থের সেঞ্চুরিতে সুনীল গাওস্করের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ম্যাচের চতুর্থ দিনে ঋষভ পন্থ তাঁর টেস্ট কেরিয়ারের ৯ম সেঞ্চুরি করেন। গ্লেন ফিলিপ্সের বলে ছক্কা মেরে নিজের সেঞ্চুরি পূর্ণ করেছিলেন পন্থ। ভারত-নিউজ়িল্যান্ড টেস্ট সিরিজের সম্প্রচারকারী চ্যানেল সোনি নেটওয়ার্কে একটি ভিডিও ক্লিপ শেয়ার করা হয়েছে। সেখানে পন্থের সেঞ্চুরি সম্পূর্ণ হতেই সুনীল গাওস্করের প্রতিক্রিয়া দেখানো হয়েছে।
ঘটনা হচ্ছে, ২০২৪-২৫ বর্ডার-গাওস্কর ট্রফির সময় পন্থ একটি ঝুঁকিপূর্ণ শট খেলেছিলেন, যাতে তিনি আউট হয়ে যান। তখন কমেন্ট্রি বক্স থেকে গাওস্কর ‘স্টুপিড! স্টুপিড! স্টুপিড!’ মন্তব্য করেছিলেন। গাওস্করের সেই প্রতিক্রিয়া ব্যাপক ভাইরাল হয়েছিল। কিন্তু এবার গাওস্কর পন্থের প্রশংসা করতে কার্পণ্য করেননি।
আরও পড়ুন: স্পিনারদেরও এখন ইয়র্কার শিখতে হচ্ছে! এশিয়ান গেমসে সোনা জয় পাল্টে দিয়েছে ভারতীয় ক্রিকেটারকে
ঋষভ পন্থ তখন ৯৯ রানে ক্রিজে। গ্লেন ফিলিপ্সের বলে শূন্যে বড় শট খেলেন। কমেন্ট্রি বক্সে দাঁড়িয়ে সুনীল গাওস্কর হাততালি দিতে শুরু করেন। তাঁর মুখ দেখে বোঝা যাচ্ছিল, এই সেঞ্চুরিতে গাওস্কর কতটা গর্বিত বোধ করছেন। উল্লেখ্য, পন্থের এই সেঞ্চুরি আরও স্পেশ্যাল কারণ ৯৯ রানে ব্যাটিং করার সময় তিনি এগিয়ে গিয়ে ছক্কা মেরেছেন। ভয়ডরহীন হয়ে।
Tough critic, but an even bigger admirer! 🫡👏 Watch the HERO VIDA India Tour of New Zealand, 1st Test Day 4, LIVE NOW on Sony Sports Network TV channels & Sony LIV. #SonySportsNetwork #SonyLIV #NZvIND https://t.co/omYeno8uIO
— Sony Sports Network (@SonySportsNetwk) November 22, 2026
শেষ পর্যন্ত ঋষভ পন্থ ১৫৩ বলে ১২৮ রান করে আউট হন। এই ইনিংসে তিনি ১০টি চার ও ৬টি ছক্কা মারেন। নিউজ়িল্যান্ডের মাটিতে এটাই পন্থের প্রথম টেস্ট সেঞ্চুরি। পন্থ সেই ভারতীয় ব্যাটসম্যানদের তালিকায় ঢুকে পড়েছেন, যাঁরা চারটি SENA দেশেই সেঞ্চুরি করেছেন। এই ম্যাচেই কে এল রাহুলও এই কৃতিত্ব অর্জন করেন।
