ওয়েলিংটন: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ঝকঝকে সেঞ্চুরি করলেন ঋষভ পন্থ। পাঁচ নম্বরে নেমে তাঁর আগ্রাসী ইনিংস ম্যাচের রাশ তুলে দেয় ভারতের হাতে। চতুর্থ দিনের খেলার শেষে ম্যাচের সম্প্রচারকারী চ্যানেলে কথা বললেন পন্থ। কী বললেন ভারতীয় উইকেটকিপার ব্যাটার – তুলে ধরা হল
- এই সেঞ্চুরির মূল্যায়ন করবেন কীভাবে?
ঋষভ বললেন, ‘নিঃসন্দেহে এটি একটি ভাল ইনিংস ছিল। নিউজ়িল্যান্ড এমন একটা জায়গা, যেখানে আমি অবশ্যই সেঞ্চুরি করার স্বপ্ন দেখেছিলাম। আর এই ধরনের উইকেটে, যেখানে রান করতে হলে অনেকটা সময় ধরে লড়াই করতে হয় এবং দলের সবাই ভাল ব্যাটিং করছে, সেখানে আমি যতটা সম্ভব বেশি সময় ক্রিজে থাকতে চেয়েছিলাম এবং দলের জন্য নিজের অবদান রাখতে চেয়েছিলাম।’
পন্থ আরও বলেছেন, ‘ক্রিজে নেমে কীভাবে ব্যাটিং করব আমি এসব নিয়ে খুব বেশি ভাবি না। বেশিরভাগ সময় আমি বোলারের মনোভাব বোঝার চেষ্টা করি। তবে আমি খেলাটা সহজ রাখতেই পছন্দ করি। বল দেখার পর সেটাকে মারার চেষ্টা করি। আমার ব্যাটিংয়ের মূল মন্ত্র এটাই। বল যদি আমার পছন্দের জায়গায় থাকে, তাহলে অবশ্যই সেটাকে মারার চেষ্টা করব।’
- ছক্কা মেরে সেঞ্চুরি পূর্ণ করার কথা আগেই ভেবে রেখেছিলেন?
পন্থ বলছেন, ‘যখনই আমি সেঞ্চুরিের দিকে এগোই, তখন ছক্কা মেরেই সেটা পূর্ণ করার চেষ্টা করি। কিন্তু এই কারণেই আমি অনেকবার সেঞ্চুরি হাতছাড়াও করেছি। তাই এবার আমি অপেক্ষা করছিলাম এবং যথেষ্ট ধৈর্য ধরেছিলাম। কিন্তু যখন মিড অফ ফিল্ডারকে সামনে নিয়ে আসা হল, তখন আমার মনে হল, এটাই সঠিক সুযোগ। এবার চেষ্টা করে দেখতে পারি।’
- উইকেটকিপার ব্যাটার হিসাবে টেস্টে সর্বাধিক ছক্কা মারার বিশ্বরেকর্ড গড়লেন, ভেঙে দিলেন ব্রেন্ডন ম্যাকালামের কীর্তি
পন্থ বলেছেন, ‘ছোটবেলায় অবশ্যই আমার ছক্কা মারার লক্ষ্য থাকত। প্রচুর ছক্কা মারার ইচ্ছা ছিল। কিন্তু এখন কেরিয়ারের এই পর্যায়ে এসে আমি আর এসব নিয়ে ভাবি না। আমি শুধু আরও ধারাবাহিক হতে চাই এবং যেখানেই খেলি না কেন, দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে চাই।’
- ব্যাটিং কতটা উপভোগ করছেন?
পন্থ বললেন, ‘যখনই আমি মাঠে নামি, সেটা ফিল্ডিং হোক বা ব্যাটিং, আমি খুব আনন্দ করতে চাই। বিশেষ করে মাঠে থাকাটাই আমাকে খুশি করে। প্রতিদিন মাঠে থাকার সুযোগটা উপভোগ করতে চাই।’
- উইকেটকিপিং করার সময় স্টাম্প মাইকে আপনার মজার কথাবার্তা শোনা যায়
পন্থ বললেন, ‘উইকেটটি ব্যাটিংয়ের জন্য বেশ ভাল। তবে একই সঙ্গে মাঠে থেকে লড়াই করার এই বিষয়টাও উপভোগ করতে হবে। প্রতিদিন তো আর এমন উইকেট পাওয়া যাবে না, যেখানে বোলাররা অনেক সাহায্য পাবে। বিশেষ করে টেস্ট ক্রিকেটে আপনাকে ধৈর্য ধরে লড়াই করতে হয়। মাঠে থাকলে দল হিসেবে আমরা একটা বিষয় খুব উপভোগ করি। একে অপরের সঙ্গে কথা বলা, ছোট ছোট মুহূর্ত উপভোগ করা, আনন্দ করা এবং প্রতিদিন মাঠে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করা – এটাই লক্ষ্য থাকে।’
- আগামীকাল বাকি ৮ উইকেট তুলে নিতে পারবেন?
আত্মবিশ্বাসী গলায় পন্থ বলেছেন, ‘অবশ্যই, আমাদের সেই পরিকল্পনা রয়েছে। আমরা অবশ্যই চেষ্টা করব।’
